এ মাসে কমতে পারে হার্ডডিস্কের দাম
চলতি মাসেই আন্তর্জাতিক বাজারে হার্ডডিস্ক ড্রাইভের দাম ১০ শতাংশ কমতে পারে। এক খবরে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ডিজিটাইমস এ তথ্য দিয়েছে। হার্ডডিস্ক ড্রাইভ নির্মাতা প্রতিষ্ঠানের উদ্ধৃতি দিয়ে ডিজিটাইমস জানিয়েছে, ২০১১ সালের অক্টোবর মাসে থাইল্যান্ডে বন্যার কারণে হার্ডডিস্কের দাম অস্বাভাবিক রকম বেড়ে গিয়েছিল। বন্যার কারণে বিভিন্ন হার্ডডিস্ক নির্মাতা প্রতিষ্ঠানের প্ল্যান্ট বন্ধ হয়ে যাওয়ায় বাজারে হার্ডডিস্কের চাহিদার তুলনায় জোগান ছিল কম। ফলে দাম ছিল চড়া। এপ্রিল মাসের শেষ নাগাদ হার্ডডিস্কের দাম ১০ শতাংশ কমে আসতে পারে।২০১১ সালের নভেম্বরে হার্ডডিস্ক নির্মাতা প্রতিষ্ঠান সিগেটের প্রধান নির্বাহী স্টিভ লুকজোসহ ওয়েস্টার্ন ডিজিটাল প্রতিষ্ঠানের পক্ষ থেকেই হার্ডডিস্কের দাম বাড়ার বিষয়টি জানানো হয়েছিল। বন্যায় ক্ষতি হওয়ার কারণে প্রতিষ্ঠানগুলো প্রয়োজন মাফিক হার্ডডিস্ক তৈরি করতে পারেনি। ফলে আন্তর্জাতিক বাজারে হার্ডডিস্কের দাম ৪৭ শতাংশ পর্যন্ত বেড়ে গিয়েছিল। নির্মাতারা জানিয়েছেন, হার্ডডিস্কের দাম কিছুটা কমলেও সংকট এখনই কাটছে না। তাই ২০১১ সালের বন্যার আগে হার্ডডিস্কের যে দাম ছিল, তা এখনই আশা করা যাচ্ছে না। কারণ, হার্ডডিস্কের উত্পাদন খরচ বেড়েছে। তবে চলতি বছর দাম চড়া থাকলেও বাজারে হার্ডডিস্কের জোগান স্বাভাবিক থাকবে বলেই সিগেট জানিয়েছে।