
‘নীলক্ষেতের বইয়ের দোকানগুলো শিক্ষার্থীদের জন্য বইয়ের পসরা সাজিয়ে বসে থাকে সারা বছর। এখানে সব ধরনের বই সব সময় পাওয়া যায় বলে আমরা বন্ধুরা নীলক্ষেতকে বলি সারা বছরের বইমেলা।’ নীলক্ষেত সম্পর্কে এভাবেই নিজের মতামত জানাচ্ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের শিক্ষার্থী সোনিয়া আক্তার।
নীলক্ষেত প্রত্যেক শিক্ষার্থীর শিক্ষাজীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকা একটা স্থানের নাম, যা দেশের সর্ববৃহৎ বইয়ের বাজার বলে পরিচিত। মেডিকেল, প্রকৌশল, সমাজবিজ্ঞান বা ব্যবসায় শিক্ষা— কী বই পাওয়া যায় না এখানে!
আইইউটির শিক্ষার্থী নাহিন বলেন, ‘নীলক্ষেতে বই কেনার সুবিধা হচ্ছে, প্রয়োজনীয় সব বই এখানে একসঙ্গে পেয়ে যাই আর অনেক আগের প্রকাশিত কিছু বই মাঝেমধ্যে দরকার পড়ে, যা নীলক্ষেত ছাড়া অন্য কোথাও খুঁজে পাওয়া অসম্ভব।’ এআইইউবির স্থাপত্যবিদ্যার শিক্ষার্থী নাইমা নুশরাতও বলেন অনেকটা নাহিনের মতোই, ‘আমি মনে করি, নীলক্ষেত ছাড়া আমার শিক্ষাজীবন অচল। একসঙ্গে অনেক দোকান থাকায় আর এসব দোকানে বইয়ের সংগ্রহ অনেক বেশি থাকায় সেরা বইটা বেছে নেওয়ার সুযোগও এখানে অনেক বেশি।’
শুধু ঢাকা কিংবা ঢাকার আশপাশের শিক্ষার্থীরাই নয়, নীলক্ষেতে বই কিনতে আসেন দেশের প্রায় সব বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই। পাবনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থী ফজলে রাব্বী বলেন, ‘ঢাকায় আসলে নীলক্ষেতে বই কিনতে যাব না, তা কি হয়!’ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইসমত আরা বলেন, ‘নতুন বইয়ের চেয়ে পুরোনো বই কেনা হয় অনেক বেশি।’
পাঠ্যবই ছাড়াও নীলক্ষেতে আপনি পাবেন কবিতা, গল্প, উপন্যাস, ম্যাগাজিন, রান্নার বইসহ আরও অসংখ্য বইয়ের নতুন-পুরোনো সংগ্রহ। হয়তো আপনি বহু বছরের পুরোনো দুর্লভ কোনো বই খুঁজছেন, যা আপনার আশপাশের লাইব্রেরিতে পাচ্ছেন না, এমন বইও আপনি নীলক্ষেতে পেয়ে যাবেন একটু খোঁজাখুঁজি করলেই। পড়া শেষ করে কর্মক্ষেত্রে ঢোকার প্রস্তুতি নিচ্ছেন নাজমুল হাসান। তিনি বলেন, ‘যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি নিতাম, তখনো নীলক্ষেত থেকে বই কিনতাম, বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় তো অবশ্যই, এমনকি চাকরির প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রেও প্রয়োজনীয় সব বই পাই এই নীলক্ষেতেই।’
তবে শিক্ষার্থীদের অবশ্যগন্তব্য এই স্থানটি সম্পর্কে সবার সঙ্গে একমত হলেও একটু ভিন্ন বিষয় টেনে আনলেন মেডিকেল শিক্ষার্থী তানজিনা খন্দকার। তাঁর মতে, নীলক্ষেতের দোকানগুলোর মধ্যে জায়গা এত কম আর ভিতরটি এত অন্ধকারচ্ছন্ন যে বই কিনতে গিয়ে বিভিন্ন সমস্যা তৈরি হয়। তবে শত সমস্যার মধ্যেও আমাদের তো বই কিনতে যেতেই হবে নীলক্ষেতে। তাই বলব কর্তৃপক্ষ বিষয়টির দিকে দৃষ্টি দিলে খুব ভালো হতো।’