এ রক্তক্ষয় আর কত দিন?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাবার কোলে ইসরায়েলি বিমান হামলায় আহত এক ফিলিস্তিনি শিশু
বাবার কোলে ইসরায়েলি বিমান হামলায় আহত এক ফিলিস্তিনি শিশু

এবারের সংঘাতটা এ রকম ভয়াবহ হয়ে উঠবে প্রথম দিকে তা কেউই মনে করেননি। দৃশ্যত এ যুদ্ধ বাধাতে আগ্রহী ছিল না কেউই। কিন্তু সপ্তাহ খানেকের মধ্যেই এমন অবস্থা দাঁড়ায় যে আগ্রহ না থাকলেও তা থামানোর সাধ্য কারও আছে বলে মনে হচ্ছিল না। পরের কয়েক দিনে অবস্থার আরও অবনতিই কেবল হয়েছে।
শুরুতে রাজনৈতিক বাগাড়ম্বরের উত্তাপ ভালোই ছড়িয়েছিল। কিন্তু তা ‘দীর্ঘমেয়াদি’ সশস্ত্র লড়াইয়ে মোড় নেবে, তা মনে হয়নি। তিন তরুণকে অপহরণ ও হত্যার ঘটনায় শোক করছিল ইসরায়েলি জনগণ, অন্যদিকে প্রতিশোধমূলক হামলায় কিশোরের নিহত হওয়ায় চোখের জল ফেলছিল ফিলিস্তিনিরা। ফিলিস্তিনি অধ্যুষিত এলাকায় কিছু দাঙ্গা-হাঙ্গামা হলেও তা বেশি ছড়ানোর আগেই থেমে যায়। গাজা থেকে যে খুচরো রকেট হামলা হচ্ছিল, তা নেহাতই আতশবাজি ছোড়ার মতো ঘটনা। ইসরায়েলের অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা ‘আয়রন ডোম’-এর কাছে তা নস্যি। এমনকি শুরুর দিকে উভয়পক্ষ আপসরফার আভাসও দিচ্ছিল। কিন্তু কয়েক ঘণ্টার মধ্যেই চড়তে থাকে বৈরিতার পারদ। এক সপ্তাহের মধ্যেই ইসরায়েলি সেনাসূত্র জানায়, গাজায় এক হাজারের বেশি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে তারা। অন্যদিকে হামাসের ছোড়া রকেটের সংখ্যা ওঠে ৫০০-তে। প্রাণহানির সংখ্যা ১০০-র ঘরে পৌঁছায়। এ সংখ্যা এখন ২০০ ছাড়িয়েছে।
বিশ্লেষকেরা বলছেন, শুরুতেই একটা অস্ত্রবিরতি যে হতে হতেও হলো না, তার কারণ গত কয়েক সপ্তাহের ঘটনাপ্রবাহ নয়, এর মূল নিহিত মধ্যপ্রাচ্যের রাজনৈতিক মানচিত্রে সাম্প্রতিক বৃহত্তর পরিবর্তনের মধ্যে। এ পরিবর্তন বিশাল চাপ সৃষ্টি করেছে কট্টরপন্থী প্রভাবশালী সংগঠন হামাসের ওপর। ইসরায়েলি তরুণদের অপহরণের জন্য হামাসকেই দায়ী করা হয়েছিল। শাস্তি হিসেবে শত শত হামাস কর্মীকে গ্রেপ্তার করে ইসরায়েলি সেনারা। ফিলিস্তিনিদের চোখে ওই গ্রেপ্তার অভিযান অপরাধী পাকড়াওয়ের আন্তরিক চেষ্টা নয়, বরং কয়েকজনের অপরাধে পুরো জনগোষ্ঠীকে শাস্তি দেওয়া। জবাব দেওয়ার জন্য হামাসের হাতে অস্ত্র ছিল একটাই: গাজা থেকে নিকটতম ইসরায়েলি জনপদগুলোতে রকেট হামলা চালানো। তার প্রতিক্রিয়ায় বহুগুণ শক্তিশালী ইসরায়েল রাষ্ট্র ঝাঁপিয়ে পড়েছে পূর্ণ সমরশক্তি নিয়ে। তার ক্রোধের আগুনে হামাসের যোদ্ধাদের চেয়ে নিরীহ নারী-পুরুষ-শিশুই পুড়ছে বেশি।
প্রবল আন্তর্জাতিক চাপের মুখে ইসরায়েল গত মঙ্গলবার দৃশ্যত ‘পরীক্ষামূলকভাবে’ একটি যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মত হয়েছিল। কিন্তু হামাস তাদের সঙ্গে আলোচনা করা হয়নি—এ যুক্তিতে তা প্রত্যাখ্যান করে। হামাস আরও দাবি করে, এভাবে যুদ্ধবিরতি মেনে নিলে তা তাদের জন্য আত্মসমর্পণের শামিল হবে।
হামাসের এ রকম অনমনীয় মনোভাব দেখানোর পেছনে একাধিক কারণ থাকতে পারে। ইসরায়েল বহুগুণে শক্তিধর হলেও তারা মাথা নত করতে রাজি নয়—এটা দেখানো হতে পারে তার একটি। কেউ আবার বলছেন, আরব বসন্তের হাওয়ায় মধ্যপ্রাচ্যের আঞ্চলিক রাজনীতিতে যে পালাবদল ঘটেছে, তাতে অস্তিত্বের স্বার্থেই কঠিন অবস্থানে যেতে হচ্ছে হামাসকে। সংগঠনটি মনে করছে, ইসরায়েলের সঙ্গে সংঘাত বাড়িয়ে তোলাটা তাদের জন্য কৌশলগতভাবে লাভজনক হবে। আরব বসন্ত বেশ ক্ষতি করছে হামাসের। তাদের মিত্র এবং অর্থের প্রবাহ দুটোই কমে গেছে। আগে তারা শিয়া প্রাধান্যপুষ্ট ইরান ও সিরিয়ার সমর্থন পেত। কিন্তু এ সংগঠনটি সুন্নি সংগঠন ব্রাদারহুডের উপশাখার মতো। হামাস সম্প্রতি সিরিয়ায় শিয়াগোষ্ঠীর শাসক বাশার আল-আসাদের বিরুদ্ধে অস্ত্র ধরা সুন্নি নেতৃত্বাধীন বিদ্রোহীদের পক্ষ নিলে ইরান ও সিরিয়া উভয়েই নাখোশ হয়। ইরান আর্থিক সাহায্য বন্ধ করে দেয়। দেশটি গাজার প্রশাসন চালাতে হামাসকে মাসে দুই কোটি ডলার পর্যন্ত দিয়ে এসেছে। তবে মোহাম্মদ মুরসি মিসরের ক্ষমতায় থাকা পর্যন্ত এটাও সমস্যা হয়ে ওঠেনি। তিনি নানা ধরনের আর্থিক সহায়তা দিচ্ছিলেন হামাসকে। কিন্তু মুরসি উৎখাত হয়ে এখন জেলে। সত্যি বলতে, চাপে পড়েই হামাস পশ্চিম তীর শাসনকারী প্রতিদ্বন্দ্বী ফিলিস্তিনি গ্রুপ ফাতাহর সঙ্গে হাত মেলাতে বাধ্য হয়েছে সম্প্রতি। তবে তাতে সংগঠনটির বিশেষ একটা বস্তুগত লাভ হয়নি।
এটা ঠিক যে নতুন দফার রকেট হামলা শিগগিরই হামাসের আর্থিকসহ অন্যান্য সমস্যার সমাধান এনে দেবে না। তবে হামাসের সামরিক নেতারা হয়তো ভাবছেন, সাধারণ মানুষের দুর্গতি ফিলিস্তিনি নেতাদের ঐক্যের প্রতি আগ্রহী করবে। অন্যদিকে পাওয়া যাবে আরব বিশ্বের সমর্থন। তারা এমনও ভাবতে পারেন যে শান্তি বজায় রেখে যেহেতু লাভ হচ্ছে না, অশান্তি বাধলে হয়তো চাপ দিয়ে কিছু ফায়দা পাওয়া যাবে। এই মনোভাবের মূল্য দিচ্ছে সাধারণ ফিলিস্তিনিরা।
হামাসসহ বিভিন্ন কট্টরগোষ্ঠীর কাছে সম্ভবত ১০ হাজার রকেট আছে। দূরপাল্লার অনেক রকেট কোথায় লুকানো তা ইসরায়েলের জানা নেই। সেগুলো খুঁজে বের করে করে বিমান হামলা চালিয়ে ধ্বংস করা রীতিমতো সময়সাপেক্ষ কাজ হবে। এতে নিরীহ মানুষের প্রাণহানি বাড়বে। সেই সঙ্গে জোরদার হতে থাকবে আন্তর্জাতিক নিন্দার ঝড়। ইসরায়েল স্থল সেনা পাঠানোর কথা বিবেচনা করার কথাও বলেছে। কিন্তু সেটাও খুব নিরাপদ বা সহজ কাজ হবে না। অন্যান্য ঝুঁকির পাশাপাশি স্থল অভিযানে বেসামরিক লোকের হতাহতের সংখ্যা বাড়বে। ইসরায়েলি সেনারাও ঝুঁকির মধ্যে পড়বে বলে সে দেশের ভেতরও এর বিরোধিতা হবে।
বর্তমান সংঘাত অবসানের জন্য প্রকাশ্যে-নেপথ্যে কূটনৈতিক তৎপরতা চলছে। মিসর ও কাতার মধ্যস্থতাকারী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। উভয়পক্ষেই মিসরের ঘনিষ্ঠ লোকজন আছে। একটা সমঝোতা করতে পারলে মধ্যপ্রাচ্যে মিসরের মর্যাদা বাড়বে। তবে হামাস ও ইসরায়েল নিজেরা কী ভাবছে সেটাই বড় কথা। ইসরায়েল বড়গলা করে বলেছে, গাজা থেকে রকেট আসা চিরতরে বন্ধ না করে তারা থামবে না। সেখান থেকে তাদের মুখ নিয়ে ফিরতে হবে। ইসরায়েল ও হামাসের লড়াই সব সময়ই এক ধরনের যুদ্ধবিরতির মধ্য দিয়ে শেষ হয়। তবে এবার এ পর্যন্ত যত দূর লক্ষণ তাতে মনে হচ্ছে, কেউই সত্যিকার অর্থে যুদ্ধ বন্ধে আগ্রহী নয়। যুদ্ধবিরতি কখন হবে তার নির্ধারকগুলোর মধ্যে সাধারণত থাকে প্রাণহানির সংখ্যা ও আন্তর্জাতিক চাপের মাত্রা। এ পর্যন্ত মনে হচ্ছে সে অবস্থা আসেনি।
তথ্যসূত্র : বিবিসি