এই অধিকার দাম্পত্যের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিয়ে করেছেন মা-বাবার অমতে। পরিবার না মানলেও স্বামী-স্ত্রীর পরস্পরের প্রতি রয়েছে দাম্পত্য অধিকার। ছবিটি প্রতীকী
বিয়ে করেছেন মা-বাবার অমতে। পরিবার না মানলেও স্বামী-স্ত্রীর পরস্পরের প্রতি রয়েছে দাম্পত্য অধিকার। ছবিটি প্রতীকী

দীর্ঘদিনের সম্পর্ক তাঁদের। এরপর পরিবারকে না জানিয়ে বিয়ে। বিয়ের বিষয়টি পরিবারের কাছে গোপন রাখেন তাঁরা। বেশ কয়েক মাস পর পরিবারকে জানালে বিয়েটি প্রথমে না মানতে চাইলেও পরে দুই পরিবারই মেনে নেয়। তবে ছেলের পরিবার বউ হিসেবে মেয়েটিকে বাড়িতে ঢুকতে দেয় না। যদিও তারা বলেছিল, অনুষ্ঠান করে তারা মেয়েকে তাদের বাড়িতে নিয়ে যাবে।
দিন কাটতে থাকে এভাবেই। নতুন দম্পতি যাঁর যাঁর মা-বাবার কাছে থাকেন। একটা সময় ছেলেটির আচার-আচরণ ও কথাবার্তায় পরিবর্তন খুঁজে পান মেয়েটি। এরই মধ্যে ছেলের বাবা গোপনে ছেলেকে বিদেশে পাঠানোর জন্য সব প্রস্তুতি সম্পন্ন করেন। বিদেশে যাওয়ার আগে ছেলেটি তাঁর শ্বশুরবাড়ি গিয়ে জানান, তিনি চলে যাচ্ছেন। এরপর বউকে নিয়ে যাবেন।
বিদেশে যাওয়ার পর সেই ছেলে আর যোগাযোগ করেননি। এদিকে মেয়ে ও তাঁর মা-বাবা ছেলের মা-বাবার কাছে মেয়েকে তুলে নেওয়ার জন্য অনুরোধ করেন। কোনো সাড়া না পেয়ে মেয়ে নিজেই ঠিক করেন, তিনি শ্বশুরবাড়িতে গিয়ে থাকবেন। কিন্তু শ্বশুরবাড়ির সদস্যরা বাড়িতে ঢুকতে দেয় না তাঁকে। তিনি এখন নিতে চান আইনের আশ্রয়।
মেয়েটিকে জিজ্ঞেস করি, আপনার স্বামী কি আপনাকে তালাক দিতে বলেছেন?
‘না। ওর বাবা-মাও স্পষ্ট করে কিছু বলছেন না। কিন্তু আমি এত সহজে বিবাহবিচ্ছেদ চাই না। আমার কী অপরাধ এখানে?’
আইনজীবী হিসেবে বললাম, দাম্পত্য অধিকার চেয়ে পারিবারিক আদালতের আশ্রয় নিতে পারেন। এর সঙ্গে আপনি দেনমোহর ও ভরণপোষণ চেয়েও মোকদ্দমা করতে পারেন।
‘কিন্তু সে তো দেশে থাকে না। কীভাবে ওর বিরুদ্ধে মামলা করব?’
সমাধানে বললাম, আপনার স্বামীর ঠিকানা সংগ্রহের চেষ্টা করুন। কাবিননামাটি রাখুন নিজের কাছে। বিদেশেও সমন পাঠানো যাবে। চাইলে কোনো মানবাধিকার সংস্থার সঙ্গে যোগাযোগ করে তাদের মাধ্যমে আদালতের আশ্রয় নিতে পারেন।
মেয়েটি বলেন, ‘আমি বিষয়টা এমনভাবে ভাবিনি। আমি আমার সংসার ফিরে পেতে চাই, দাম্পত্য অধিকার চাই।’

জেনে রাখুন
১৯৮৫ সালের পারিবারিক আদালত অধ্যাদেশ অনুযায়ী দাম্পত্য অধিকার দাবি করে স্বামী বা স্ত্রী যে কেউ পারিবারিক আদালতে প্রতিকার চাইতে পারেন। কোনো স্বামী বা স্ত্রী কোনো আইনসংগত কারণ ছাড়া তাঁর জীবনসঙ্গীর সঙ্গে একত্রে বসবাস বন্ধ করে দিলে, সে ক্ষেত্রে স্বামী বা স্ত্রী দাম্পত্য অধিকার ফিরে পেতে আদালতে প্রতিকার চাইতে পারেন। কেউ বিনা কারণে তালাক দিলেও দাম্পত্য অধিকার ফিরে পেতে আদালতের আশ্রয় নিতে দেখা যায়। অপ্রাপ্তবয়স্ক স্ত্রীকে তালাক দিলে স্বামীর এ অধিকার থাকে না। দাম্পত্য অধিকার ফিরে পাওয়ার মামলা চলাকালেও স্ত্রী তাঁর প্রাপ্য দেনমোহর ও ভরণপোষণ স্বামীর কাছ থেকে দাবি করতে পারবেন। এ ছাড়া বিয়ের কাবিননামা নিজের কাছে রাখুন। স্বামী বিদেশে গেলে তাঁর কর্মস্থলের ঠিকানা ও বিয়ের আগে শ্বশুরবাড়ির ঠিকানা ভালোভাবে জেনে নিন।
লেখক: আইনজীবী