
রান্না করতে গেলে চুলার উত্তাপ তো সহ্য করতেই হয়। কিন্তু প্রচণ্ড গরমের এ সময়ে সেই উত্তাপ লাগতে পারে অসহ্য। তাই বলে কি থেমে থাকবে রান্না? যদি একটু পরিকল্পনা করে নিতে পারেন, তাহলে গরমেও রান্নার কাজটা সারা যাবে স্বস্তিতেই।
গার্হস্থ্য অর্থনীতি কলেজের গৃহব্যবস্থাপনা ও গৃহায়ণ বিভাগের সহযোগী অধ্যাপক সেলিনা আখতার বলেন, ‘রান্না কোন সময়ে করা হচ্ছে, সেটি গুরুত্বপূর্ণ। দিনের যে সময়টাতে তাপমাত্রা তুলনামূলক কম থাকে, সেই সময় রান্না করতে পারলে খুবই ভালো হয়। আর রান্নাঘরের কর্মপরিবেশ অনুকূলে থাকলে কাজ করে আরাম পাবেন।
এ ব্যাপারে তাঁর কিছু পরামর্শ—
চাকরিজীবীরা সাধারণত রাতে কাজ কিছুটা গুছিয়ে রেখে পরদিন ভোরে ঘুম থেকে উঠে রান্না করেন। এটি রান্না করার জন্য ভালো সময়।
কেউ চাইলে রাতেই পরদিনের জন্য রান্না সেরে রাখতে পারেন।
দুপুরের গরমে রান্না না করাই ভালো।
রান্নার সরঞ্জাম গোছানো ও কোটাবাছার কিছু কাজ রাতে করে নেওয়া যেতে পারে। মাছ বা মাংস ম্যারিনেট করে রাখার প্রয়োজন হলে সেটিও রাতে করা যেতে পারে।
কোনো বেলায় কী খাবার পরিবেশন করতে চান, তা আগে থেকে ঠিক করে রাখা উচিত। তাহলে কী রান্না করবেন, তা চুলার পাশে দাঁড়িয়ে ভাবতে হবে না। আর আপনার একটি ধারণাও হয়ে যাবে যে রান্না করতে কতটা সময় ও কী পরিমাণ শক্তি ব্যয় করতে হতে পারে।
গরমের সময় এমন রান্নার আয়োজন না করাই ভালো, যা তৈরি করতে খুব বেশি সময় বা শক্তির প্রয়োজন হয়।
প্রয়োজনীয় বাসনকোসন গুছিয়ে রাখুন, রান্নার সময় সেগুলোর জন্য যেন ছোটাছুটি করতে না হয়।
একবার বসে আবার একবার দাঁড়িয়ে কাজ করতে হলে শক্তি বেশি ব্যয় হয়। এতেও গরম বেশি লাগতে পারে।
গ্যাসের বা অন্য কোনো জ্বালানির চুলা—যেটিই ব্যবহার করুন না কেন, চুলার জ্বালখুব বেশি বাড়িয়ে দেবেন না। কারণ, এর ফলে আগুনের আঁচে পুরো স্থানটিই উত্তপ্ত হয়ে উঠবে।
রান্নার ফাঁকে লেবু-পানি পান করতে পারেন। ঠান্ডা পানি ছিটিয়ে মুখ ধুয়ে নিতে পারেন।
রান্নার সময় খুব বেশি গরম লাগলে মাঝেমধ্যে অন্য ঘরে এসে ফ্যানের নিচে বসুন।
সুতি পোশাক পরে রান্না করা উচিত। খুব গরম লাগলে পোশাক বদলে ফেলুন।
রান্নাঘরে এগজস্ট ফ্যান অথবা চিমনির ব্যবস্থা করতে পারেন।
রান্নাবিদ সিতারা ফিরদৌসের পরামর্শগুলোও দেখে নিতে পারেন।
কোটাবাছার কাজটি রান্নাঘরের গরমে না করে বারান্দা বা কোনো ঠান্ডা স্থানে করা যেতে পারে।
প্রচণ্ড গরমে শরীর থেকে প্রচুর ঘাম বেরিয়ে যায়। তাই যথেষ্ট পরিমাণে পানি পান করতে হবে। পানিজাতীয় ফলমূল এবং স্যালাইনও ঘরে রাখুন।
রান্না করার ফাঁকে ফাঁকে ভেজা কাপড় দিয়ে হাত-মুখ মুছে নেওয়া যেতে পারে।
একটানা দীর্ঘক্ষণ রান্নাঘরে না থেকে মাঝে মাঝে খোলা বাতাসে আসতে হবে। একটানা রান্না না করে রান্নার ফাঁকে অন্য কাজ করতে পারেন।
রান্নাঘরের পরিবেশ যেন গুমোট না হয়, সেদিকেও লক্ষ রাখতে হবে।