এই গরমের ফ্যাশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

গরম চলছেই। অন্যদের মতো ফ্যাশন-সচেতন তরুণ-তরুণীরা বিপাকে! শখের পোশাক পরে বাইরে বেরোনোর জো নেই। তাই গরমের ফ্যাশন হওয়া চাই আরামদায়ক; পাশাপাশি ‘ট্রেন্ডি’। তেমনই কিছু পোশাক ও অনুষজ্ঞ নিয়ে এবারের আয়োজন।

.
.

কাঠি আইসক্রিমের কানের দুল
এই দুল সৌন্দর্যের পাশাপাশি কানকে দেবে হিমেল পরশ। গরমে কান ঠান্ডা রাখা খুব জরুরি। কান গরম হয়ে গেলে নানা ধরনের অঘটন ঘটতে পারে। কারণ, কে না জানে, কান টানলে মাথা আসে! কাঠি আইসক্রিমের কানের দুলও ইচ্ছেমতো রাঙিয়ে নিতে পারেন চাইলে।

.
.

বরফের টুকরোর মালা
বরফের টুকরো দিয়ে বানানো এই মালা আপনাকে করবে আরও আকর্ষণীয়; পাশাপাশি রক্ষা করবে প্রচণ্ড গরম থেকে। শুভ্র বরফ দিয়ে বানানো এই মালার সঙ্গে পরতে পারেন লাল বা যেকোনো ডার্ক কালারের জামা অথবা শাড়ি। সাদা রং গরমের জন্য ভালো, তাই সাদাটাও বেছে নিতে পারেন চাইলে। এ ছাড়া মালায় রঙের বৈচিত্র্য আনতে বরফের টুকরো বানানোর আগে পানির সঙ্গে যেকোনো রং মিশিয়ে নিতে পারেন।

.
.

বস্তা আইসক্রিম ব্রেসলেট
কমলা রঙের এই ব্রেসলেটগুলো সবার খুব পছন্দ হবে। শৈশবে এই বস্তা আইসক্রিম প্রায় সবার প্রিয় ছিল। এই ব্রেসলেট পরলে এক দিকে যেমন খালি হাত হয়ে উঠবে আকর্ষণীয়, অন্য দিকে হাত থাকবে দারুণ ঠান্ডা। তবে সারা দিনে কয়েকবার ব্রেসলেট পরিবর্তন করতে হবে আপনাকে।

.
.

লেমন-লকেট
ফ্যাশনের প্রথম শর্ত আরাম। লেমন-লকেট আপনাকে ইউনিক ফ্যাশনের পাশাপাশি দারুণ আরাম দেবে। গলার কাছে লেবু ঝুলে থাকার ফলে আপনি চাইলেই লেবুর রস নিংড়ে শরবত বানিয়ে খেয়ে ফেলতে পারবেন। পাশাপাশি মিটবে আপনার ভিটামিন ‘সি’র চাহিদা।

আইস মানিব্যাগ
এই গরমে নিজের মানিব্যাগের দিকে তাকালে মাথাও গরম হয়ে যায়। এ অবস্থা থেকে মুক্তি দিতে পারে এই মানিব্যাগ। প্রচণ্ড গরমে ব্যাগে টাকা না থাকলেও মেজাজ থাকবে ঠান্ডা। তা ছাড়া শরীরের সঙ্গে দীর্ঘক্ষণ লেগে থাকবে বলে আইস মানিব্যাগ গরমে খুব কার্যকর ফ্যাশন।