এই ছবি থেকে আমরা কী শিক্ষা লাভ করিলাম?

চালক মানে বাবার ভারসাম্য রক্ষা করার ক্ষমতা খুব ভালো। তিনি যেমন ভারসাম্য রক্ষা করে গাড়ি চালাচ্ছেন, তাঁর সংসারটাও দারুণ ভারসাম্যপূর্ণ।
বাবার প্রিয় হলো সব থেকে ছোট মেয়ে, মায়ের প্রিয় মেজো মেয়ে। বড় মেয়েটাও প্রিয়, তবে সে ‘এসেছে নতুন শিশু, তাকে ছেড়ে দিতে হবে স্থান’ নীতিতে বিশ্বাসী। এ কারণেই ছোটদের জন্য স্থান ছেড়ে দিয়ে সে বসেছে লোহার ক্যারিয়ারে।
বাবা গণিত আর পরিসংখ্যানে বেশ ভালো। তিনি জানেন, সড়ক দুর্ঘটনায় বেশির ভাগ সময় পুরুষেরাই ক্ষতিগ্রস্ত হয়। আর তাই তিনিই শুধু হেলমেট পরেছেন।
ছোট মেয়েটা অ্যাডভেঞ্চারপ্রিয়। মেজো মেয়েটা খুব আরামপ্রিয়। চলতি পথেও সে দিব্যি ঘুমিয়ে পড়েছে। আর বড় মেয়েটা কাজপাগল। কাঁধে একটা ব্যাগ নিয়ে মা-বাবাকে কেমন সাহায্য করছে দেখুন!
এই পরিবারে ভালোবাসার বন্ধন অত্যন্ত মজবুত। ফেভিকলের বিজ্ঞাপনে মডেল হওয়ার জন্য জোর চেষ্টা-তদবির চালাচ্ছে তাঁরা।
এই পরিবার সময়ের অপচয় করে না। সময়ানুবর্তিতাও মেনে চলে। বড় মেয়েকে কোচিংয়ে রেখে, ছোট মেয়েটাকে জামা কিনে দিয়ে, মেজো মেয়েটাকে খাইয়েদাইয়ে আবার বড় মেয়েটাকে নিয়ে অ্যাংরি বার্ডস সিনেমা দেখতে যাওয়ার প্ল্যান করে একসঙ্গে বেরিয়েছেন তাঁরা। সময়ের সঙ্গে টাকার অপচয়ও তাঁরা পছন্দ করেন না।