এই বৈশাখে প্রযুক্তি পণ্য উপহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলা সনের প্রথম মাস বৈশাখ। বর্ষবরণ ঘিরে বাংলাদেশে আগ্রহের ঘাটতি নেই। এদিন রঙে রঙে রঙিন থাকে চারদিক। চারদিকে শুধু উচ্ছাস-আনন্দের ছোঁয়া। নববর্ষে বাঙালি ঐতিহ্যের বিভিন্ন উপহারের পাশাপাশি এখন প্রযুক্তিপণ্য উপহার দেওয়ার চল শুরু হয়েছে। কিন্তু উপহার বাছাই করাটা একটু ঝক্কিরই বিষয়। ১৩ এপ্রিল সন্ধ্যায় রাজধানীর বিসিএস কম্পিউটার সিটিতে ডিজিটাল ক্যামেরা কিনতে এসেছিলেন নাহিদ পারভীন ও তাঁর বন্ধু। তিনি জানালেন, নববর্ষ উপলক্ষে বন্ধুকে তিনি ডিজিটাল ক্যামেরা উপহার দিতে চান। পাশাপাশি আমাদের ঐতিহ্য ক্যামেরায় বন্দী করতে চান। নববর্ষে প্রযুক্তিপণ্য কেনা প্রসঙ্গে নাহিদ বলেন, ‘আমাদের ঐতিহ্য ও সংস্কৃতিতে দ্রুত প্রভাব ফেলছে তথ্যপ্রযুক্তি। প্রযুক্তিপণ্যও হতে পারে নতুন বছরের প্রথম উপহার। একটু আলাদাভাবে ভেবেই পছন্দ করছি ডিজিটাল ক্যামেরা। দামে সাশ্রয়ী আবার কাজেরও।’সত্যিই তাই, নতুন বছরে বন্ধুর উপহারটা অন্যরকম হওয়া চাই। বিশেষভাবে খেয়াল থাকে, উপহারটাতে যাতে প্রাণের ও ভালোবাসার ছোঁয়া থাকে। এমন উপহার হিসেবে প্রযুক্তিপণ্যও হতে পারে বিশেষ পছন্দের। পাশাপাশি বৈশাখ উপলক্ষে বিভিন্ন প্রযুক্তিপণ্যে ছাড়ও মেলে।ডিজিটাল ক্যামেরা:উপহার হিসেবে প্রথম পছন্দ হতে পারে ডিজিটাল ক্যামেরা। দেশের বাজারে এখন ক্যানন, নাইকন, সনি, অলিম্পাস, কোডাক, স্যামসাংসহ অনেক ব্র্যান্ডের ক্যামেরাই পাওয়া যাচ্ছে। সর্বনিম্ন ১২ হাজার টাকা থেকে শুরু করে ৫০ হাজার টাকার মধ্যে পছন্দসই এসব ক্যামেরাও হতে পারে সেরা উপহার। ক্যামেরার পাশাপাশি ক্যামকর্ডারও বাজারে রয়েছে। এ ছাড়া রয়েছে বিভিন্ন ক্যামেরাযুক্ত ডিভাইস। সুদৃশ্য এসব ডিভাইস ছবি তোলার পাশাপাশি ভিডিও করার মাধ্যমে আনন্দ আরও বাড়িয়ে দিতে পারে। হাতের নাগালে থাকা ক্যামেরা ব্যক্তিত্বের সঙ্গে মিলিয়ে হতে পারে বৈশাখের উপহার।মোবাইল ফোন:স্মার্টফোন হতে পারে বৈশাখের আরেকটি দারুণ উপহার। বাজারে এখন স্মার্টফোনের ছড়াছড়ি। দামি ব্র্যান্ড ছাড়াও সুদৃশ্য চীনা মোবাইলগুলো নজর কাড়বে। তবে বছরের শুরুতে উপহার হিসেবে ব্র্যান্ডের মোবাইল কেনাই ভালো। এ ক্ষেত্রে স্যামসাং, নকিয়া, আইফোন, ব্ল্যাকবেরি হতে পারে প্রথম পছন্দের। ১০ হাজার টাকা বাজেটের মধ্যে পছন্দের স্মার্টফোন চমত্কার এক উপহার হিসেবে পেয়ে যেতে পারেন।ট্যাবলেট:সারা বিশ্ব এখন ট্যাবলেট নিয়ে ব্যস্ত। নতুন বছরে ট্যাবলেট কম্পিউটারও হতে পারে অন্যতম সেরা উপহার। কারণ বৈশাখী উপহার হিসেবে ট্যাবলেট কম্পিউটার পেলে মনটাও আধুনিক প্রযুক্তিপণ্যের সঙ্গে বৈশাখের আনন্দে মেতে উঠবে। ট্যাবলেট কম্পিউটার হিসেবে প্রথম পছন্দের হতে পারে আইপ্যাড। ৭০ হাজার টাকার মধ্যে কেনা যাবে আইপ্যাড। আইপ্যাড ছাড়াও ৫০ থেকে ৫৫ হাজার টাকায় বাজারের অন্যান্য ট্যাবলেটও আকর্ষণীয় উপহার হতে পারে। বাজারে সম্প্রতি এসেছে আইপ্যাডের নতুন সংস্করণ ‘নিউ আইপ্যাড’। রেটিনা ডিসপ্লেযুক্ত এই পণ্য হতে পারে সেরা উপহার। নিউ আইপ্যাডের ১৬ গিগাবাইট মডেলটির দাম পড়বে ৭০ হাজার টাকা। এক লাখ টাকার মধ্যেই পাওয়া যাবে ৩২ ও ৬৪ গিগাবাইট মডেলের নিউ আইপ্যাড।পেন ড্রাইভ:আবার যাদের বাজেট কম, মাত্র হাজার টাকা, তারাও কিন্তু চমত্কার প্রযুক্তিপণ্য উপহার হিসেবে কিনতে পারবেন। বাজারে রয়েছে সুদৃশ্য পেন ড্রাইভ। আকর্ষণীয় নকশা আর বাহারি রঙের পেন ড্রাইভ এখন ৪ গিগাবাইট, ৮ গিগাবাইট, ১৬ গিগাবাইট মডেলে বাজারে পাওয়া যাচ্ছে। দাম ৮০০ টাকা থেকে শুরু।বহনযোগ্য হার্ডডিস্ক:তথ্যপ্রযুক্তির যুগে তথ্য সংরক্ষণ করে রাখা সম্ভব হয় এমন পণ্যও উপহার হিসেবে মন্দ নয়। ল্যাপটপ আর কম্পিউটারের হার্ডডিস্কের অতিরিক্ত তথ্য বা তথ্যের ব্যাকআপ রাখার জন্য উপহার হিসেবে বহনযোগ্য হার্ডডিস্কও হতে পারে অন্যরকম উপহার। সাড়ে ছয় হাজার থেকে ১৩ হাজার টাকার মধ্যে পাওয়া যাবে ৩২০ গিগাবাইট থেকে ১ টেরাবাইট তথ্য ধারণক্ষমতার বহনযোগ্য হার্ডডিস্ক।কোথায় পাবেন:মোবাইল ছাড়া অন্য সব প্রযুক্তিপণ্যই কিনতে পারবেন রাজধানীর বিসিএস কম্পিউটার সিটি ও মাল্টিপ্ল্যান সেন্টারে। রাজধানীর বিভিন্ন মার্কেটে রয়েছে মোবাইলের দোকান। ঢাকা ছাড়া দেশের অন্যান্য অঞ্চলেও পাওয়া যাবে এসব প্রযুক্তিপণ্য। ব্যক্তিগত ব্যবহার কিংবা পেশাদারি কাজের জন্য সাধ ও সাধ্যের সঙ্গে পছন্দ করে কিনে নিন আপনার প্রযুক্তিপণ্য।আয়োজন ও ছাড়:নববর্ষ উপলক্ষে বিসিএস কম্পিউটার সিটি আয়োজন করেছিল ‘বিসিএস কম্পিউটার সিটি বৈশাখী উত্সব ১৪১৯’। ১৩ এপ্রিল শেষ হয়েছে এই আয়োজন। এই আয়োজনে কম্পিউটার ও বিভিন্ন প্রযুক্তিপণ্যে ছিল বিশেষ ছাড়। বিক্রেতারা জানিয়েছেন, মেলা ফুরোলেও এই আয়োজনের রেশ আরও কয়েক দিন থাকবে। মেলা আয়োজকেরা জানিয়েছেন, নববর্ষ উপলক্ষে প্রযুক্তির বাজারে মানুষের উত্সাহ দেখা গেছে। প্রযুক্তিপণ্য এখন উপহার হিসেবেও কিনছেন অনেকেই। ল্যাপটপ, ক্যামেরা, হেডফোন, পেন ড্রাইভ ছাড়াও বিভিন্ন প্রযুক্তিপণ্যে আগ্রহ দেখা গেছে। নববর্ষের রেশ থাকবে আরও কয়েক দিন। নববর্ষ উপলক্ষে বিভিন্ন পণ্যে ছাড় ঘোষণা করেছে অনেক প্রতিষ্ঠানই। অ্যালোহার আইশপে আইপডের ওপর মিলছে ৫ শতাংশ ছাড়। এ ছাড়াও গ্লোবাল ব্র্যান্ড, কম্পিউটার সোর্স, স্মার্ট কম্পিউটার, রিশিত কম্পিউটারস তাদের কিছু পণ্যে ছাড় দিচ্ছে।বাজার বিশ্লেষণ:বৈশাখে প্রযুক্তিপণ্য বিক্রি প্রসঙ্গে অ্যালোহা আইশপের প্রধান নির্বাহী আবু নাসের বলেন, বৈশাখ উপলক্ষে অ্যাপলের পণ্য বিক্রেতা হিসেবে আমরা প্রচুর সাড়া পেয়েছি। বিশ্বে অ্যাপল পণ্য এখন একটা ক্রেজ। বাংলাদেশেও বৈশাখী উপহার হিসেবে অ্যাপল পণ্য দেদার বিক্রি হচ্ছে। সবচেয়ে বেশি চাহিদা আইপডের। কারণ এতে ৫ শতাংশ ছাড় চলছে। আইপড ছাড়াও ম্যাকবুক প্রো ও ম্যাকবুক এয়ার বিক্রির তালিকায় শীর্ষে রয়েছে। বৈশাখে অনেকেই নিজের জন্য এই পণ্য দুটি কিনছেন।’প্রযুক্তিবিদের বৈশাখ: বাংলাদেশ কম্পিউটার সমিতির পরিচালক মোস্তফা জব্বার বলেন, `একজন প্রযুক্তিবিদ হিসেবে আমি নববর্ষ বলতে বুঝি শেকড়ের সন্ধান করা। লাইফ স্টাইল পরিবর্তিত হচ্ছে, তাই প্রযুক্তি মানুষের মধ্যে, আমাদের সংস্কৃতির মধ্যে আসবেই। একটা সময় আমরা কার্ড বিনিময় করতাম, এখন চলে এসেছে প্রযুক্তিপণ্য বিনিময় করার প্রথা। এখন ফেসবুক, টুইটারে আমাদের নতুন প্রজন্ম নতুন বছরকে পালন করছে। তবে লাইফস্টাইল যেমনই হোক না কেন, আমাদের নিজের সংস্কৃতিকে কখনো পাশ কাটিয়ে নয়।বৈশাখে সামাজিক যোগাযোগের ওয়েবসাইট এখন যেকোনো বিষয় সামাজিক যোগাযোগের ওয়েবসাইট থেকেই যেন শুরু হচ্ছে। নববর্ষ উদ্যাপনের বিষয়টিও এখন অনেকেই সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুকেই সেরে নিচ্ছেন। ফেসবুক স্ট্যাটাসে ‘শুভ নববর্ষ’ লিখে বা প্রোফাইলে দেওয়া ছবিটি বৈশাখের অনুষঙ্গ যুক্ত করে পালন করছেন নতুন বাংলা বছরকে। শুধু নববর্ষের প্রথম দিনটি নয়; সারা বছরই সামাজিক যোগাযোগের ওয়েবসাইটে বাঙালি সংস্কৃতির জন্য কাজ করবেন সবাই, এমনটাই প্রত্যাশা।আমাদের ঐতিহ্য ও সংস্কৃতিতে এখন প্রযুক্তি অনেক প্রভাব ফেলতে শুরু করেছে বলেই মনে করছেন অধিকাংশ তরুণ-তরুণী। তবে প্রযুক্তিপণ্য আর প্রযুক্তির উত্কর্ষতায় আমাদের সংস্কৃতির চেতনাকে ধরে রাখতেও সচেষ্ট তাঁরা। প্রযুক্তির সঙ্গে জুড়ে, প্রযুক্তির সুফলতায় ‘জরা গ্লানি সব ভেসে যাক’। শুভ নববর্ষ।