এই মেলাতেও ল্যাপটপে আগ্রহ বেশি
এখনকার কম্পিউটার মেলা মানেই ল্যাপটপ কম্পিউটারের প্রতি ক্রেতাদের আগ্রহ বেশি। ঢাকার আগারগাঁওয়ের বিসিএস কম্পিউটার সিটির বার্ষিক আয়োজন ‘সিটি আইটি ২০১১-২০১২’ মেলাও তার ব্যতিক্রম নয়। গতকালবুধবার দ্বিতীয় দিনে মেলা ঘুরে দেখা গেল ল্যাপটপ ও নেটবুক কম্পিউটারের প্রতি দর্শকদের আগ্রহ সবচেয়ে বেশি। মেলা উপলক্ষে প্রায় সব ব্র্যান্ডের ল্যাপটপ ও নেটবুকে বিশেষ ছাড় দেওয়া হচ্ছে। ফুজিৎসু ল্যাপটপে দেওয়া হচ্ছে এক থেকে দুই হাজার টাকা ছাড়। তোশিবার ল্যাপটপে নগদ মূল্য ছাড়ের সঙ্গে সঙ্গে দেওয়া হচ্ছে ক্যাসপারস্কি অ্যান্টিভাইরাস। এসার ল্যাপটপের সঙ্গে দেওয়া হচ্ছে জুম আলট্রার ইন্টারনেট মডেম। এ ছাড়া এইচপি ল্যাপটপের সঙ্গে বিনা মূল্যে দেওয়া হচ্ছে টি-শার্ট। স্যামসাং নেটবুক ও নোটবুকের সঙ্গে ৪ গিগাবাইট পেনড্রাইভ দেওয়া হচ্ছে। শুক্রবার মেলা প্রাঙ্গণে শিশুদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ক বিভাগের জন্য চার থেকে ছয় বছরের শিশুরা, খ বিভাগের জন্য সাত থেকে ১০ বছরের শিশুরা এবং গ বিভাগের জন্য ১১ থেকে ১৪ বছরের শিশুরা এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবে। এ জন্য আজ ও আগামীকাল মেলা প্রাঙ্গণে এসে নিবন্ধন করতে হবে। এ প্রতিযোগিতায় প্রতিবন্ধীরাও অংশ নিতে পারবে। এ প্রতিযোগিতার পৃষ্ঠপোষক বেলকিন।মেলায় বিভিন্ন প্রযুক্তিপণ্য ছাড়াও কম্পিউটার নিরাপত্তার অ্যান্টিভাইরাসের চাহিদা বেড়েছে। নতুন বছরের হালনাগাদ অ্যান্টিভাইরাস বাজারে আসাতে এগুলোর চাহিদা বেশি বলে জানান বিক্রেতারা।মেলায় প্রতিদিন বেলা ১১টা থেকে বিকেল চারটা পর্যন্ত মুক্তিযুদ্ধভিত্তিক বিভিন্ন চলচ্চিত্র দেখানো হচ্ছে। মেলার প্রবেশমূল্য ১০ টাকা। প্রতিবন্ধী ও বিদ্যালয়ের শিক্ষার্থীরা পরিচয়পত্র দেখিয়ে ঢুকতে পারবে। মেলা চলবে ৪ জানুয়ারি পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা।—মোছাব্বের হোসেন