এই সময়ে খাবার সংরক্ষণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খাবার সংরক্ষণ
খাবার সংরক্ষণ

সারা দিন টেবিলের ওপর রাখা খাবার রাতে খেতে গিয়ে একটু গন্ধ হয়ে গেছে মনে হচ্ছে? রান্নাঘরে রেখে দেওয়া সবজি পরদিনই শুকিয়ে নষ্ট হয়ে যাচ্ছে? খুব গরম না পড়লেও আবহাওয়ায় পরিবর্তন তো এসেছেই। এখন খাবার সংরক্ষণেও তাই বাড়তি নজর দেওয়া প্রয়োজন। এ নিয়ে পরামর্শ দিয়েছেন গার্হস্থ্য অর্থনীতি কলেজের গৃহব্যবস্থাপনা ও গৃহায়ণ বিভাগের সহযোগী অধ্যাপক রীনাত ফওজিয়া এবং রান্নাবিদ সিতারা ফিরদৌস।

জেনে নিন

 কাঁচা শাকসবজি, কাঁচা মরিচ বাজার থেকে আনার পর বেছে-ধুয়ে বাতাসে ছড়িয়ে রাখুন। পানি শুকিয়ে গেলে শুকনো পলিপ্যাক, কাগজের ঠোঙা বা কনটেইনারে করে রেফ্রিজারেটরে রাখুন। পলিপ্যাকে ছিদ্র করে রাখা যেতে পারে যেন বাতাস আসা-যাওয়া করতে পারে।
 কাঁচা মাছ, মাংস বাজার থেকে আনার পর ভালো করে পরিষ্কার করে ধুয়ে রেফ্রিজারেটরের বরফ চেম্বারে রাখুন।
 কাঁচা মরিচের বোঁটা ফেলে সংরক্ষণ করুন।
 মাছ, মাংস রান্না করার জন্য রেফ্রিজারেটর থেকে নামালে বরফ গলিয়ে বেশিক্ষণ বাইরে রাখা যাবে না। তাতে গরমে সেগুলো নষ্ট হয়ে যেতে পারে।

 যেকোনো রান্না করা খাবার এক বা দুই ঘণ্টার মধ্যে নষ্ট হয়ে যেতে পারে। এর আগেই সংরক্ষণ করুন।
 রান্না করা খাবার আগে বাতাসে রেখে ঠান্ডা করে তারপর ফ্রিজে ওঠান।
 যেকোনো খাবার ফ্রিজে রাখার সময় ঢাকনা ব্যবহার করুন।
 ফল যেটুকু খাওয়া হবে শুধু সেটুকুই কাটুন। বাড়তি থাকলে ফ্রিজে রেখে দিন।
 অন্য খাবারের তুলনায় রান্না করা ডাল তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় তাই ডাল প্রয়োজনমতো রান্না করুন। খাওয়ার পর বাড়তি থেকে গেলে চুলায় কিংবা মাইক্রোওভেনে গরম করে নিন। এরপর ঠান্ডা করে সংরক্ষণ করুন।
 রেফ্রিজারেটর না থাকলে বাড়তি খাবার জ্বাল দিয়ে ঠান্ডা করে জালি দিয়ে ঢেকে রেখে দিন।
 পুরভরা যেকোনো খাবার তৈরির সময় পুরটুকু একটু ঠান্ডা করে তারপর ব্যবহার করুন।
 ফ্রিজ থেকে বের করেই চুলায় খাবার গরম করতে দেবেন না। বাইরে একটু রেখে স্বাভাবিক তাপমাত্রায় আসার পর খাবার গরম করুন।
 খাবারে যেন হাতের স্পর্শ না লাগে। তাহলে তাড়াতাড়ি নষ্ট হয়ে যেতে পারে।
 নাঈমা আমিন