এই সময়ে ত্বক বাঁচাতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বৃষ্টিতে ভিজে গেলে বািড়তে ফিরে ভালোভাবে মুছে নিতে হবে৷ মডেল: মাসিয়াত৷ ছবি: অধুনা
বৃষ্টিতে ভিজে গেলে বািড়তে ফিরে ভালোভাবে মুছে নিতে হবে৷ মডেল: মাসিয়াত৷ ছবি: অধুনা

সময়টাই এ রকম। কখনো গরমে ঘামছেন, আবার বাইরে বেরোলেই ভিজে যেতে হচ্ছে বৃষ্টিতে। বৃষ্টির পানি জমে থাকছে রাস্তায়, কাদা-পানি লাগছে পায়ে।
এই সময়ে ত্বকের সুস্থতা নিয়ে বলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চর্মরোগ বিভাগের সহযোগী অধ্যাপক হরষিত কুমার পাল। তিনি বলেন, দীর্ঘক্ষণ ত্বক ভেজা থাকলে ত্বকে ছত্রাকের সংক্রমণসহ অন্যান্য সমস্যা হতে পারে। বিশেষ করে আঙুলের ফাঁকের অংশগুলো ভিজে থাকলে এ সমস্যাগুলো বেশি হয়। তাই এ ব্যাপারে যত্নবান হওয়া প্রয়োজন।

ত্বক ভিজে গেলে
বৃষ্টির পানিতে ত্বক যেমন ভিজতে পারে, তেমনি ভিজতে পারে ঘামের কারণেও। ত্বক ভিজে গেলে সুতি কাপড় দিয়ে মুছে ফেলতে হবে৷ আর শরীরের যেসব অংশে ঘাম বেশি হয়, গোসলের সময় ছাড়াও মাঝেমধ্যে সেই অংশগুলো পরিষ্কার করে নিয়ে মুছে ফেলা উচিত।

বৃষ্টি-কাদায় একাকার
আজকাল কাদা-পানিতে মিশে থাকে বিভিন্ন রাসায়নিক পদার্থ এবং অন্যান্য বর্জ্য। তাই শরীরের কোথাও কাদা-পানি লাগলে যত দ্রুত সম্ভব তা ধুয়ে ফেলতে হবে, ভালোভাবে শুকিয়ে নেওয়ার পর কোনো ময়েশ্চারাইজিং লোশন লাগিয়ে নিতে পারেন।
চাইলে লাগাতে পারেন অলিভ অয়েলও।
দীর্ঘ সময় ত্বক কাদা-পানির সংস্পর্শে থাকলে হতে পারে কন্ট্যাক্ট ডার্মাটাইটিসের মতো সমস্যা। কন্ট্যাক্ট ডার্মাটাইটিসে ত্বক লাল হয়ে যেতে পারে, ফোসকা হতে পারে, ত্বকে জ্বালাপোড়া ও চুলকানি হতে পারে।
হাতে ময়লা পানি বা কাদা লেগে গেলে অবশ্যই হাত ধুয়ে ফেলতে হবে। ময়লা হাতে যেন কোনো খাদ্যবস্তু ধরে না ফেলা হয়, সেদিকেও খেয়াল রাখতে হবে।
জুতা নিয়ে কথা
এ সময়ের জুতা হওয়া উচিত একটু খোলামেলা ধরনের, যেন জুতা পানিতে ভিজে গেলেও খুব একটা সমস্যায় পড়তে না হয়। ভেজা জুতা পরে থাকলেও সমস্যা হতে পারে।

তাপমাত্রার পরিবর্তনে
যাঁরা ঘরে এসির ঠান্ডায় থাকেন আবার বাইরে গরমে কাজ করেন, তাঁদের কারও কারও ত্বকে র্যাশ এবং ঘামাচির মতো কিছু সমস্যা হয়ে থাকে।
তাঁরা চাইলে ত্বকের জন্য আরামদায়ক কোনো লোশন ব্যবহার করতে পারেন। তাঁদের উচিত ভালোভাবে গোসল করে ত্বক মুছে নেওয়া। পরতে হবে পাতলা সুতির পোশাক৷

গ্রন্থনা: অধুনা প্রতিবেদক