এইচআইভির জোর কমছে?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
একজন নার্সের (বাঁয়ে) হাত থেকে এইডস প্রতিরোধের প্রতীক লাল ফিতা নিচ্ছেন এক নারী। ব্রাজিলের সাও পাওলোর এমিলিও রিবাস হাসপাতাল থেকে বিশ্ব এইডস দিবসে (সোমবার) তোলা ছবি: রয়টার্স
একজন নার্সের (বাঁয়ে) হাত থেকে এইডস প্রতিরোধের প্রতীক লাল ফিতা নিচ্ছেন এক নারী। ব্রাজিলের সাও পাওলোর এমিলিও রিবাস হাসপাতাল থেকে বিশ্ব এইডস দিবসে (সোমবার) তোলা ছবি: রয়টার্স

প্রাণঘাতী এইডস রোগের কারণ হিসেবে চিহ্নিত এইচআইভি বা হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাসের দ্রুত বিবর্তন হচ্ছে। এতে ভাইরাসটির প্রাণঘাতী প্রভাব ধীরে ধীরে কমছে। তবে এমনটি মনে করার কারণ নেই, রোগটি এখন বিপজ্জনক বা প্রাণঘাতী নয়। আফ্রিকায় দুই হাজারেরও বেশি নারীর ওপর পরিচালিত এক গবেষণার ভিত্তিতে বিজ্ঞানীরা এসব কথা জানিয়েছেন।
প্রসিডিংস অব দ্য ন্যাশনাল অ্যাকাডেমি অব সায়েন্সেস সাময়িকীতে প্রকাশিত ওই গবেষণা প্রতিবেদনে বলা হয়, এইচআইভির আক্রমণের তীব্রতা আগের চেয়ে কমে গেলে বিশ্বব্যাপী এইডস মোকাবিলায় বড় ধরনের সাফল্য আসবে। তারপর একপর্যায়ে হয়তো রোগটি পুরোপুরি দমন করা সম্ভব হবে।
যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষক ফিলিপ গাউল্ডার ওই গবেষণায় নেতৃত্ব দেন। তিনি বলেন, সার্বিকভাবে এইচআইভি ভাইরাসের সামর্থ্য কমছে। কিন্তু রোগটি একেবারে শক্তি হারিয়ে ফেলেছে—এমনটা মনে করার সুযোগ নেই। এখনো সবাই রোগটি এড়িয়ে চলতে চায়।
প্রায় তিন কোটি ৫০ লাখ মানুষ বর্তমানে এইচআইভিতে আক্রান্ত। ৩০ বছর আগে এইডস রোগটির সংক্রমণ শুরু হয়। তারপর থেকে এ পর্যন্ত প্রায় চার কোটি মানুষ এই রোগে প্রাণ হারিয়েছে। এইডস প্রতিরোধ অভিযানে যুক্ত কর্মীরা গত সোমবার প্রথমবারের মতো জানতে পারেন, নতুন করে এইচআইভি সংক্রামিত রোগীদের বার্ষিক সংখ্যা পুরোনো রোগীদের চেয়ে কম। এইডস রোগে মৃত্যুর হার কমানোর প্রচেষ্টায় এটি এক গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে।
গাউল্ডার ও তাঁর সহযোগীরা বতসোয়ানা এবং দক্ষিণ আফ্রিকায় গবেষণা চালান। আফ্রিকার ওই দুটি দেশে অন্তত দুই হাজারেরও বেশি নারীর শরীরে নতুন করে এইচআইভি সংক্রমণ হয়েছে। রোগপ্রতিরোধে শরীরের প্রাকৃতিক ক্ষমতা ও এইডস তৈরিতে এইচআইভি ভাইরাসের সামর্থ্য-তীব্রতার পারস্পরিক সম্পর্কটি যাচাই করে দেখেন অক্সফোর্ডের গবেষকেরা। এইচআইভি নিয়ে পূর্ববর্তী গবেষণায় দেখা যায়, মানুষের শরীরে এইচএলএ-বি*৫৭ নামের একটি জিন থাকলে এইচআইভি ভাইরাসের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার ক্ষেত্রে সুবিধা হয়। আর এইডস রোগ তৈরি হতে তুলনামূলক বেশি সময় লাগে।
বিজ্ঞানীরা দেখতে পান, বতসোয়ানায় এইচআইভি ভাইরাসটি দক্ষিণ আফ্রিকার তুলনায় এইচএলএ-বি*৫৭ জিনের সঙ্গে খাপ খাইয়ে নিয়েছে। এই অভিযোজনের ফলে ভাইরাসটির তীব্রতাও আগের চেয়ে কমে গেছে। ফলে এইচআইভি এখন তুলনামূলক কম বিপজ্জনক।
বিজ্ঞানীরা এইচআইভির তীব্রতা ও ভাইরাসটি প্রতিরোধে ব্যবহৃত ওষুধপত্রের প্রভাব বিশ্লেষণ করেন। একটি গাণিতিক মডেল ব্যবহার করে তাঁরা দেখতে পান, এইচআইভিতে আক্রান্ত সবচেয়ে নাজুক রোগীদের (সংক্রমণের ফলে যাঁদের শরীরের রোগপ্রতিরোধ ক্ষমতা অনেক কমে গেছে) ওপর কয়েকটি ওষুধ প্রয়োগ বা চিকিৎসায় ভাইরাসটির রূপান্তর ঘটে। ফলে রোগটি আগের চেয়ে কম শক্তিশালীরূপে পুনরাবৃত্ত হয়। গাউল্ডার বলেন, ‘আমরা ভাইরাসটির বিবর্তনের ধরন পর্যবেক্ষণ করছি। ব্যাপারটা এত দ্রুত ঘটছে যে তা রীতিমতো বিস্ময়কর। এইডস তৈরিতে ভাইরাসটির সামর্থ্য ধীরে ধীরে কমে এলে এটি নির্মূল করা নিশ্চয়ই সহজ হবে।’
এইচআইভি ভাইরাসটি ছদ্মবেশে মানুষের শরীরে লুকিয়ে থাকে। কিন্তু দ্রুত ও অনায়াসে পরিবর্তিত হয়ে রোগপ্রতিরোধ ব্যবস্থার সঙ্গে খাপ খাইয়ে নেয়। কার্যকর রোগপ্রতিরোধ ক্ষমতা রয়েছে এমন শরীরেও এটি সংক্রামিত হতে পারে। ভাইরাস বিশেষজ্ঞদের কেউ কেউ মনে করেন, বিবর্তনের এই ধারা চলতে থাকলে এইচআইভি একসময় ‘প্রায় নিরীহ’ ভাইরাসে পরিণত হতে পারে।
জাতিসংঘের সংস্থা ইউএনএইডস জানায়, চলতি বছরের জুন পর্যন্ত অন্তত এক কোটি ৩৬ লাখ এইডস রোগীকে চিকিৎসাসেবার আওতায় আনা হয়েছে। ২০১০ সাল থেকে চিকিৎসা দেওয়া হচ্ছে, এমন পাঁচ লাখ এইডস রোগীর স্বাস্থ্যের নাটকীয় উন্নতি হয়েছে। তবে এ সুসংবাদ সত্ত্বেও এখনই এইডসের বিরুদ্ধে বিজয় ঘোষণার সময় আসেনি। সূত্র: রয়টার্স ও বিবিসি।