এইচএসবিসির ওয়েবসাইটে সাইবার হামলা
এইচএসবিসি ব্যাংকের ওয়েবসাইটে বড় ধরনের সাইবার আক্রমণ চালিয়েছে হ্যাকাররা। ১৯ অক্টোবর অনলাইন সেবায় সাইবার আক্রমণ চালানো হয়েছে বলে এইচএসবিসির পক্ষ থেকে জানানো হয়েছে। খবর ওয়াল স্ট্রিট জার্নালের।এইচএসবিসির এক বিবৃতিতে জানানো হয়েছে, এইচএসবিসির ওয়েবসাইটে গত বৃহস্পতিবার হামলা চালিয়েছে হ্যাকাররা, যাতে সারা বিশ্বের এইচএসবিসির অনেক ওয়েবসাইট অচল হয়ে পড়েছিল। অবশ্য কোন কোন দেশের ওয়েবসাইটে এ হামলার ঘটনা ঘটেছে, এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। এইচএসবিসির পক্ষ থেকে জানানো হয়, সাইবার আক্রমণে ওয়েবসাইট অচল হয়ে গেলেও গ্রাহকদের তথ্য চুরি করতে পারেনি হ্যাকাররা। এ আক্রমণে অনলাইনে সেবা পেতে অসুবিধার মুখে পড়েন গ্রাহকেরা। দ্রুত সাইটগুলো সচল করতে কাজ শুরু করেছেন ব্যাংকটির কর্মকর্তারা। বর্তমানে ব্যাংকটির বেশ কিছু ওয়েবসাইট সচল করা সম্ভব হয়েছে।বিষয়টি তদন্ত করে দেখার ঘোষণা দিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ।