বাংলাদেশ
প্রিয় শিক্ষার্থীরা, আজ বাংলা ১ম পত্র থেকে একটি সৃজনশীল প্রশ্নোত্তর দেওয়া হলো।
# বাংলার মুখ আমি দেখিয়াছি তাই পৃথিবীর রূপ
খুঁজিতে যাই না আর
... .... .... ... ... .... ... ... ...
বাংলার নগর বন্দর গঞ্জ বাষট্টি হাজার গ্রাম
ধ্বংস্তূপের থেকে সাত কোটি ফুল হয়ে ফোটে।
ক) ‘বাংলাদেশ’ কবিতাটি কোন ছন্দে রচিত?
খ) ‘বহু মিশ্র প্রাণের সংসারে’ বলতে কী বোঝানো হয়েছে?
গ) প্রথম স্তবকের সঙ্গে ‘বাংলাদেশ’ কবিতার প্রথম স্তবকের কোন বিষয়ের মিল আছে? ব্যাখ্যা করো। ঘ) অনুচ্ছেদটিতে ‘বাংলাদেশ’ কবিতার অনেকটাই প্রতিফলন-বক্তব্যটি কতটা যুক্তিযুক্ত? ব্যাখ্যা করো।
উত্তর: ক. বাংলাদেশ কবিতাটি ‘অক্ষরবৃত্ত’ ছন্দে রচিত।
উত্তর: খ. ‘বহু মিশ্র প্রাণের সংসারে’ বলতে বহুকাল ধরে বহু জাতির বিভিন্ন ও বিচিত্র জনস্রোতের মিশ্রণে গড়ে ওঠা বাঙালি জাতির কথা বলা হয়েছে। ইন্দো-ভূমধ্য নৃগোষ্ঠীর বিভিন্ন জাতির লোকেরা এসে এখানে প্রথম বসতি গড়েছে। তাদের সঙ্গে মিশেছে দ্রাবিড়, অষ্ট্রিক ও মঙ্গোলীয় রক্ত। এসব জনগোষ্ঠীর প্রভাব পড়েছে আমাদের ভাষায়, সংস্কৃতিতে, আচার-আচরণে ধর্মবোধ ও বিশ্বাসে। এ জন্যই বাংলাকে বহুমিশ্র প্রাণের সংসার বলা হয়েছে।
উত্তর: গ. অনুচ্ছেদের প্রথম স্তবকের সঙ্গে ‘বাংলাদেশ’ কবিতার প্রথম স্তবকের বৈচিত্র্যপূর্ণ রূপময় প্রকৃতির মিল আছে। অনুচ্ছেদের প্রথম স্তবকের কবি পৃথিবী ঘুরে দেখেননি, দেখেছেন বাংলার বৈচিত্র্যময় রূপ ও সৌন্দর্যকে। দেখে মুগ্ধ হয়েছেন। সারা পৃথিবীর রূপকে তিনি ‘বাংলার মুখ’-এ খুঁজে পেয়েছেন। ‘বাংলাদেশ’ কবিতার প্রথম স্তবকেও যমুনা ও পদ্মার তীরে তীরে রুপালি জলের ধারে গড়ে ওঠা যে বাংলাকে কবি দেখেছেন, তা অপরূপ অতুলনীয়। এ বাংলায় প্রতিটি বাড়ি-ঘর, গ্রাম আম-জাম-নারকেলসহ অসংখ্য গাছে ঘেরা। এই বৈচিত্র্যময় প্রকৃতির মধ্যে অন্তর্লীন হয়ে আছে বাংলার রূপ ও সৌন্দর্যের প্রতি এ দেশের মানুষের অনুরাগ ও প্রেম। এ দেশের প্রকৃতির কোলে লালিত মানুষ এর রূপকে ভালোবেসে একাকার হয়ে গেছে।
উত্তর: ঘ. অনুচ্ছেদটি কবি আমিয় চক্রবর্তী রচিত ‘বাংলাদেশ’ কবিতার অনেকটাই ‘প্রতিফলন’—এ বক্তব্যটি নিঃসন্দেহে যুক্তিযুক্ত। কেননা, প্রকৃতির রূপ ও সৌন্দর্যের কারণে বাংলার প্রতি মানুষের ভালোবাসা এবং হানাদার বাহিনীর অকস্মিক আক্রমণে বিপর্যস্ত বাংলার আবার ফুল হয়ে ফুটে ওঠার কথা বিধৃত, যা ‘বাংলাদেশ’ কবিতার অনেকাংশ জুড়ে বর্ণিত হয়েছে।
‘বাংলাদেশ’ কবিতায় রুপালি নদীবিধৌত বাংলাদেশের প্রকৃতির অনুপম সৌন্দর্য—স্নিগ্ধ অজস্র পল্লি এ দেশের প্রাণ। অথচ সেই অকৃত্রিম রূপময় অতর্কিতে ঢুকেছে বুনো দল। নির্মম ধ্বংসযজ্ঞ ও হত্যাযজ্ঞ চালিয়ে তছনছ করে দিয়েছে বাংলার শান্ত-সংহত জীবন। কিন্তু বাংলার ঐক্যবদ্ধ সংগ্রামী মানুষ তাদের পরাজিত করে অর্জন করেছে স্বাধীনতা। জন্ম নিয়েছে বাংলাদেশের গৌরবোজ্জ্বল অনন্ত অক্ষয় মূর্তি।
প্রদত্ত অনুচ্ছেদের দুটি স্তবকে ‘বাংলাদেশ’ কবিতার পুরো বক্তব্য আসেনি। তবে অনেকটাই এসেছে। প্রথম স্তবকে কবি বাংলার রূপের মধ্যে পৃথিবীর রূপবৈচিত্র্যকে অনুভব করেছেন। তাই পৃথিবীর রূপের প্রতি কোনো আকর্ষণ তাঁর নেই। দ্বিতীয় স্তবকে হানাদার বাহিনীর অতর্কিত আক্রমণে বিধ্বস্ত বাংলার নগর-বন্দর-গঞ্জ-বাষট্টি হাজার গ্রাম। তারপরও সংগ্রামী মানুষের সহায়তায় মুক্তিযোদ্ধারা হানাদার দলকে পরাজিত করেছেন। ধ্বংসস্তূপের ভেতর থেকে ফুল হয়ে ফুটেছে সাত কোটি মানুষ অর্থাৎ স্বাধীনতা লাভ করেছে। কাজেই ওপরের আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায় যে অনুচ্ছেদটি ‘বাংলাদেশ’ কবিতার অনেকটাই প্রতিফলন।
প্রভাষক, রূপনগর মডেল কলেজ, ঢাকা