বা ং লা ১ ম প ত্র
মো. মনিরুল ইসলাম চৌধুরী, প্রভাষক, রূপনগর মডেল কলেজ, ঢাকা
সৃজনশীল প্রশ্ন n হৈমন্তী
প্রিয় শিক্ষার্থীরা, শুভেচ্ছা রইল। বাংলা ১ম পত্রের একটি সৃজনশীল প্রশ্ন এবং তার উত্তর দেওয়া হলো।
# রমেন বাবুর একমাত্র কন্যা দীপার বিয়েতে শ্বশুরবাড়ির চাহিদা মেটাতে ১০ ভরি স্বর্ণালংকার ও লাখ টাকা দিয়েছেন। দীপা শিক্ষকতা করে; কবিতাপাঠ ও এর আলোচনায় তার অবসর কাটে। সংসারের কাজেও সে পারদর্শী। সৎপাত্রে কন্যাদান হয়েছে ভেবে রমেন বাবু মৃত্যুর আগে তাঁর বিষয়-সম্পত্তি সমাজসেবামূলক প্রতিষ্ঠানে দান করেন।
ক. রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার পান?
খ. ‘আইবুড়ো’ মেয়ে বলতে ‘হৈমন্তী’ গল্পে কী বোঝানো হয়েছে?
গ. ‘হৈমন্তী চরিত্রের কোন বৈশিষ্ট্য দীপার মধ্যে লক্ষ করা যায়? বুঝিয়ে দাও।
ঘ. গৌরীশঙ্কর বাবু ও রমেন বাবুর চরিত্রের একটি তুলনামূলক আলোচনা করো।
উত্তর: ক. রবীন্দ্রনাথ ঠাকুর ১৯১৩ সালে নোবেল পুরস্কার লাভ করেন।
উত্তর: খ. ‘আইবুড়ো মেয়ে’ বলতে ‘হৈমন্তী’ গল্পে অবিবাহিত বোঝানো হয়েছে। কবিগুরু রবন্দ্রীনাথ ঠাকুরের অসাধারণ ছোট গল্প ‘হৈমন্তী’তে গল্পের নায়িকা হৈমন্তীকে ‘আইবুড়ো’ বলে উল্লেখ করা হয়েছে। হৈমন্তীকে তার শ্বশুর নিন্দার্থে ‘আইবুড়ো’ বলেছিলেন। যদিও শব্দটির অর্থ অবিবাহিত, কিন্তু এ গল্পে শব্দটি হৈমন্তীর বয়স নিয়ে সমালোচনা সূচক করা হয়েছে। তৎকালীন সমাজে কন্যাকে ১০ বছর বয়সের মধ্যে বিয়ে দেওয়ার প্রচলন ছিল। কিন্তু হৈমন্তীর বিয়েকালীন বয়স ছিল ১৭, যা সমাজের সমালোচনার বস্তু ছিল। যৌতুকের লোভে অপুর মা-বাবা অপুকে বেশি বয়সী কনে বিয়ে করিয়েছিলেন এবং এ বয়সটি জনসমক্ষে চেপে রাখতে চেয়েছেন এবং হৈমন্তীকে আইবুড়ো বলে নিন্দা করা হয়েছিল।
উত্তর: গ. রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ‘হৈমন্তী’ গল্পের হৈমন্তীর সঙ্গে উদ্দীপকের দীপার চরিত্রের শিক্ষা বা বই পড়ার বিষয়টির মিল লক্ষ করা যায়। হৈমন্তী ও দীপা উভয়ই উচ্চশিক্ষিত। তাদের মধ্যে আধুনিক চিন্তা-চেতনাসহ সব মানবীয় গুণাবলি দৃশ্যমান, যা তাদের সঙ্গে মিলেমিশে থাকার মাধ্যমে প্রকাশ পায়।
বিয়ের পর হৈমন্তী সবার সঙ্গে মিলেমিশে থাকার চেষ্টায় ছিল। কখনো মিথ্যার আশ্রয় নেয়নি। অন্যদিকে, উদ্দীপকের দীপা নানা রকম বাধা-বিপত্তি পেরিয়ে শিক্ষকতা করছে। হৈমন্তীর শখ বই পড়া আর দীপার শখ কবিতাপাঠ ও তার আলোচনা।
হৈমন্তীর বই পড়ার শখের কথা জানতে পেরে স্বামী অপুও চুপিসারে তাকে বিভিন্ন বিষয়ের বই এনে দিত এবং হৈমন্তীর সাহিত্যপ্রীতি ছিল চোখে পড়ার মতো। বই পড়া একটা শখই ছিল।
অন্যদিকে, উদ্দীপকের দীপাও শিক্ষকতা ও সংসার সামাল দেওয়ার কাজে শত ব্যস্ততার মধ্যেও বই পড়তে পছন্দ করে। তাই বলা যায়, হৈমন্তীর বই পড়ার শখটি উদ্দীপকের দীপার মধ্যেও লক্ষ করা যায়।
উত্তর: ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর রচিত হৈমন্তী গল্পের গৌরিশঙ্কর বাবুর সঙ্গে উদ্দীপকের রমেন বাবুর মিল পাওয়া যায়, উভয়কেই কন্যাকে যৌতুক দিয়ে বিয়ে দিতে হয়েছিল। রমেন বাবু ও গৌরীশঙ্কর বাবু উভয়েরই একটি মাত্র কন্যা। রমেন বাবুর কন্যা দীপা শ্বশুরবাড়িতে স্বামীর সংসারে সুখী হতে পেরেছিল। কিন্তু গৌরিশঙ্করের কন্যা হৈমন্তী শ্বশুরবাড়িতে স্বামীর সংসারে সুখী হতে পারেনি বরং সেখানে মানসিক নির্যাতনের শিকার হয়ে হৈমন্তী তিলে তিলে মৃত্যুমুখে পতিত হয়েছিল। রমেন বাবু তাঁর মেয়ের শ্বশুরপক্ষের দাবি করা টাকা ও গয়না পরিশোধ করলেও গৌরীশঙ্কর বাবু ছিলেন এ ক্ষেত্রে ব্যর্থ। কন্যার বিয়ের খরচের পরও উদ্বৃত্ত অর্থ-কড়ি রমেন বাবু সমাজে সেবামূলক প্রতিষ্ঠানে দান করেছিলেন। অন্যদিকে, হৈমন্তীর বাবা গৌরীশঙ্কর বাবু ধার-দেনা করে ১৫ হাজার টাকা নগদ ও পাঁচ হাজার টাকার গয়না দিয়ে মেয়ের বিয়ে দিয়েছিলেন।
অবশেষে তুলনামূলক আলোচনায় বলা যায়, কন্যাদানের ক্ষেত্রে রমেন বাবু সফল হলেও গৌরীশঙ্গর বাবু ছিলেন হতভাগ্য পরাজিত পিতা। মেয়ের যৌতুকলোভী শ্বশুর-শাশুড়ির চাহিদা মেটাতে না পারার দায়ে আদরের সন্তান হৈমন্তীকে হারাতে হয়েছিল।