এইচএসসি পরীক্ষার বিশেষ পরামর্শ
ওয়াহিদা সুলতানা, প্রভাষক ,হারুণ মোল্লা কলেজ, ঢাকা
উচ্চমাধ্যমিক পরীক্ষায় গণিত (তত্ত্বীয়) ১ম ও ২য় পত্র প্রতিটিতে ৭৫ নম্বরের পরীক্ষা দিতে হবে এবং বাকি ২৫ নম্বর ব্যবহারিক। সব অধ্যায়ের সূত্র, প্রমাণ, ব্যাখ্যা, সাইড নোট, প্রয়োজনীয় চিত্র ভালোভাবে দেখতে হবে। গণিত ১ম পত্রে বীজগণিত ছাড়া ত্রিকোণমিতি ও জ্যামিতি অংশে শিক্ষার্থীরা নম্বর কম পায়। ত্রিকোণমিতি অংশে চিত্র থাকলে অবশ্যই চিত্র দিতে হবে। জ্যামিতি অংশে যেমন—সরলরেখা, অধিবৃত্তের অঙ্কের সমাধানের ক্ষেত্রে অবশ্যই চিত্র দিতে হবে। ভেক্টরের অঙ্কের সমাধান ও প্রমাণের সময় ভেক্টরের চিহ্নের প্রতি বিশেষ যত্নবান হবে।
গণিত ২য় পত্রে বলবিদ্যার থিওরির ক্ষেত্রে অবশ্যই চিত্র দিতে হবে এবং বলবিদ্যার অঙ্কের সমাধানের সময় চিত্র দিলে ভালো হয়।
ত্রিকোণমিতি, বিচ্ছিন্ন গণিতে গ্রাফ পেপারে লেখচিত্র অঙ্কনের ক্ষেত্রে x ও y অক্ষের ক্ষুদ্রতম বর্গের কত ঘর কত ধরা হয়েছে, তা অবশ্যই গ্রাফে উল্লেখ করতে হবে। মনে রাখবে, অবশ্যই লেখচিত্র অঙ্কনের ক্ষেত্রে পেনসিল ব্যবহার করবে এবং বর্ণনা খাতায় কলম দিয়ে লিখবে। গ্রাফ পেপারটি খাতায় স্ট্যাপলার দিয়ে আঁটকে দেবে। গাণিতিক সমস্যার ফলাফলে একক থাকলে তা উল্লেখ করবে, প্রশ্নে প্রদত্ত মানগুলো সঠিকভাবে বসাবে। খেয়াল রাখতে হবে যাতে খাতায় কাটাকাটি কম হয়, ভুল হলে তা এক টানে কেটে ওপরে লিখতে হবে। সময়ের ব্যাপারে বিশেষ খেয়াল রাখতে হবে। সময় হাতে রাখবে, যাতে উত্তরপত্রটি রিভিশন দেওয়া যায়।