এইচএসসি পরীক্ষার বিশেষ প্রস্তুতি-১৯

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তুলি
তুলি

সৃজনশীল প্রশ্নোত্তর  অর্ধাঙ্গী
প্রিয় শিক্ষার্থীরা, আজ বাংলা ১ম পত্র থেকে একটি সৃজনশীল প্রশ্নোত্তর দেওয়া হলো।

রেণু ও রাজু একই মা-বাবার সন্তান। কিন্তু তাদের মা-বাবা রাজুকে রেণু অপেক্ষা বেশি আদর-যত্ন করেন। দুই ভাইবোন খেতে বসলে বড় ভাগটা রাজু পায়। রাজু কোনো অপরাধ করলে তাদের মা-বাবা বেটা ছেলে বলে আমলে নেন না। রাজুর জন্য গৃহশিক্ষক থাকলেও রেণুর জন্য তা রাখা হয়নি। রেণু যতই বয়ঃপ্রাপ্ত হচ্ছে, মা-বাবা তার বিয়ে দেওয়ার জন্য ততই ব্যাকুল হয়ে উঠেছেন। তার মা বলেন, মেয়েদের এত লেখাপড়া শিখে কাজ নেই, বরং ঘরদোর সাজানো-গোছানো, সুয়েটার বুনন ও রান্না করাটা শিখলে তা কাজে আসবে।

ক. অবরোধ প্রথা কী? ১
খ. ‘স্বামীর’ স্থলে ‘অর্ধাঙ্গ’ শব্দটি প্রচলিত হওয়ার সুবিধা বর্ণনা করো। ২
গ. রেণুর পরিবারে নারীর যে অবস্থা ফুটে উঠেছে, তা ‘অর্ধাঙ্গী’ প্রবন্ধের আলোকে ব্যাখ্যা করো। ৩
ঘ. রেণুর মায়ের মনোভাবের মধ্যে যে বিষয়টি প্রকাশ পেয়েছে, তা বিশ্লেষণ করো। ৪
উত্তর: ক. বেগম রোকেয়া রচিত অর্ধাঙ্গী প্রবন্ধে অবরোধ প্রথা বলতে অন্তঃপুরে লোকচক্ষুর আড়ালে মেয়েদের আটক রাখার নিয়মকে বোঝানো হয়েছে।
উত্তর: খ. ‘স্বামী’ শব্দের অর্থ প্রভু। ‘অর্ধাঙ্গী’ শব্দের অর্থ অর্ধেক অঙ্গ। স্বামী শব্দটিতে নারীর প্রতি পুরুষের আধিপত্যকামী মানসিকতার পরিচয় পাওয়া যায়। ‘অর্ধাঙ্গ’ শব্দটির মাধ্যমে নারী-পুরুষ উভয়ের সমকক্ষতা স্বীকৃতি পায় এবং নারীর মর্যাদা বৃদ্ধি পায়। তাই লেখিকা ‘স্বামীর’ স্থলে ‘অর্ধাঙ্গ’ ব্যবহারের তাগিদ দিয়েছেন।
উত্তর: গ. উদ্দীপকে রেণুর পরিবারের নারীর যে অবস্থাটি ফুটে উঠেছে, তাতে রেণুর মা-বাবার মানসিকতার চরম বৈষম্য লক্ষ করা যায়। রেণুর মা-বাবা পুত্রসন্তানের প্রতি যতটুকু স্নেহ, মায়া-মমতা প্রকাশ করেন, মেয়েসন্তানের প্রতি ততটুকু করেননি। এ বিষয়ে ‘অর্ধাঙ্গী’ প্রবন্ধের লেখিকাও সুস্পষ্ট মত প্রকাশ করেছেন। তিনি মা-বাবার স্নেহকে অপার্থিব বলে চিহ্নিত করে এবং কন্যার প্রতি মা-বাবার বৈষম্যমূলক ব্যবহারের সমালোচনা করেছেন।
‘অর্ধাঙ্গী’ প্রবন্ধের শুরুতেই বেগম রোকেয়া শিক্ষাক্ষেত্রে নারীদের পশ্চাৎপদতার সমস্যা হিসেবে পুরুষের সংকীর্ণ দৃষ্টিভঙ্গি ও নারীদের শিক্ষাগ্রহণের সুযোগের স্বল্পতাকে চিহ্নিত করেছেন। পুরুষশাসিত সমাজ মনে করত, নারীরা শিক্ষিত হয়ে উঠলে সমাজ নষ্ট হয়ে যাবে। তাই তাঁরা কন্যাসন্তানদের শিক্ষাগ্রহণে নিরুৎসাহী করতেন।
উদ্দীপকেও আমরা দেখতে পাই, রেণুর মা-বাবা তাঁদের পুত্রসন্তানের জন্য গৃহশিক্ষকের ব্যবস্থা করলেও রেণুর শিক্ষাগ্রহণের বিষয়ে উদাসীন। রেণুকে তারা রান্না করা, সুয়েটার বুনন আর ঘরদোর গোছানোর কাজ শেখাতেই আগ্রহী। পুত্রসন্তান ভবিষ্যতে তাঁদের ভরণপোষণ করবে, এই ভাবনায় রেণুর ভাই রাজুকে তাঁরা সংসারজীবনের প্রতিটি ক্ষেত্রেই প্রাধান্য দেন। ছেলের কোনো অপরাধও তাঁরা আমলে নেন না। অন্যদিকে, রেণু যতই বয়ঃপ্রাপ্ত হচ্ছে, মা-বাবা তার বিয়ে দেওয়ার জন্য ততই ব্যাকুল হয়ে উঠেছেন। এরূপ বৈষম্যমূলক আচরণ কখনো সমাজের জন্য মঙ্গলজনক হতে পারে না।
উত্তর: ঘ. উদ্দীপকে রেণুর মায়ের মনোভাবের মধ্যে প্রকাশ পেয়েছে সন্তানের প্রতি বৈষম্য, অবহেলা ও অসচেতনতা।
সমাজের উন্নতিকল্পে সর্বোত্তম জিনিস হচ্ছে শিক্ষা। শিক্ষা ছাড়া কোনো জাতিই উন্নতির শীর্ষে উঠতে পারে না। কিন্তু কন্যাসন্তানের শিক্ষাগ্রহণের প্রয়োজনীয়তা বিষয়ে রেণুর মা অসচেতন বলেই তিনি রেণুর শিক্ষাগ্রহণের বিষয়ে উদাসীন, বরং মেয়েকে সংসারের কাজে পারদর্শী করে তুলতে চান। রেনুর মায়ের মতো এমন অনেক সংকীর্ণ মনমানসিকতার মানুষ আছে, যারা নারীশিক্ষার ঘোর বিরোধী। এ প্রসঙ্গে বেগম রোকেয়া ‘অর্ধাঙ্গী’ প্রবন্ধে বলেছেন, পুরুষ যখন বাইরের জগতের জ্ঞান-বিজ্ঞানের সব শাখায় বিচরণ করে, তখন নারী কেবল কিছু সুচিকর্ম ও নানা রন্ধনপ্রণালির পরীক্ষা নিয়ে ব্যস্ত থাকে। প্রকৃত অর্থে, কন্যাসন্তানের শিক্ষা বিষয়ে রেনুর মায়ের যে মানসিকতা প্রকাশ পেয়েছে, এ ধরনের মানসিকতার কারণেই নারীশিক্ষার প্রসারে বিঘ্ন ঘটছে। নারীও যে পুরুষের মতো অফিস-আদালতে, ব্যবসা-বাণিজ্যে কর্ণধার, জজ-ব্যারিস্টার হতে পারে রেনুর মা যেন এসবের কিছুই জানে না।
নারীশিক্ষার অগ্রগতির মধ্য দিয়েই নারীরা নিজের অধিকার, দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে সচেতনতা লাভ করতে পারে। সন্তান হিসেবে পুত্র-কন্যা দুজনই সমগুরুত্ব লাভের দাবিদার। তা সত্ত্বেও এ কথা অনস্বীকার্য যে আমাদের সমাজে কন্যাসন্তানকে মা-বাবা সব সময়ই একটু আড়চোখে দেখেন। বিশেষ করে পুত্রসন্তান রাজুর পড়াশোনার ব্যাপারে রেনুর মা যতটা সচেতন, মেয়ে রেনুর ব্যাপারে তার সম্পূর্ণ বিপরীত। রেনুর মায়ের এ মানসিকতা গ্রহণযোগ্য বলে বিবেচিত হতে পারে না।

প্রভাষক, রূপনগর মডেল কলেজ, ঢাকা