সৃজনশীল প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থীরা, আজ বাংলা ১ম পত্রের ‘একুশের গল্প’ ছোটগল্প থেকে একটি সৃজনশীল প্রশ্নোত্তর দেওয়া হলো।
# মায়ের একমাত্র ছেলে মনি। মেধায়, সংস্কৃতিমনস্কতায়, রাজনীতি-সচেতনতায় তিনি ছিলেন আলোকিত মানুষ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকলে তাঁর এ প্রতিভার সর্বোচ্চ বিকাশ ঘটে। বিধবা মা আশায় বুক বাঁধেন। কিন্তু ১৯৭১ সালের স্বাধীনতাযুদ্ধে তিনি শহীদ হন। মায়ের আশা ধুলোয় লুণ্ঠিত হয়। পুত্র-হারানো শোকে মা সর্বস্বান্ত বোধ করেন। কিন্তু মায়ের মনোজগতে তৈরি হয় হারানো পুত্রের এক কল্পিত চিত্র। যাপিত জীবনের সব কাজে-কর্মে, ভাব-ভাবনায় তিনি তার পুত্রকে দেখতে পান। আর এ বিভ্রমের মধ্যেই তার জীবনযাপন।
ক. জহির রায়হানের প্রকৃত নাম কী? ১
খ. ‘সমুদ্রগভীর জনতা ধীরে ধীরে চলতে শুরু করেছে’—বুঝিয়ে দাও। ২
গ. তপুকে ফিরে পেয়ে বন্ধুদের মধ্যে যে উপলব্ধি তৈরি হয়, তার সঙ্গে উদ্দীপকের সম্পর্ক নির্ণয় করো। ৩
ঘ. অনুচ্ছেদের সঙ্গে ‘একুশের গল্প’-এর অংশ বিশেষের যে স্বাতন্ত্র্য লক্ষ করা যায়, তার স্বরূপ-প্রকৃতি বিশ্লেষণ করো। ৪
উত্তর: ক. জহির রায়হানের পুরো নাম মোহাম্মদ জহিরুল্লাহ।
উত্তর: খ. উদ্ধৃতাংশে ভাষা আন্দোলনের বিশাল বিক্ষুব্ধ মিছিলের কথা বলা হয়েছে। ‘একুশের গল্প’ গল্পে ১৯৫২-এর ভাষা আন্দোলনে তৎকালীন স্বৈরশাসকদের ১৪৪ ধারা ভঙ্গ করে ক্ষুব্ধ জনতা সমুদ্রগভীর মিছিল নিয়ে তাদের মাতৃভাষা বাংলার দাবি প্রতিষ্ঠিত করেছিল। গল্পের কথক তপু আর রাহাত এই মিছিলের অংশীদার। সবার হাতে প্ল্যাকার্ড, স্লোগান দেওয়ার চুঙ্গা, লাঠিতে ঝোলানো কয়েকটি জামা, এ যেন এক জনসমুদ্র, মিছিলে মিছিলে প্রকম্পিত এলাকা। মাতৃভাষার জন্য অকৃত্রিম ভালোবাসাই যেন সমুদ্রগভীর জনতার ধ্যানজ্ঞান।
উত্তর: গ. ‘একুশের গল্প’-এর তপু মারা যাওয়ার চার বছর পর কঙ্কাল হয়ে বন্ধুদের কাছে ফিরে এসেছে, কিন্তু উদ্দীপকের মনির আছে মায়ের কল্পচিত্রে।
চার বছর পর তপু ফিরে এসেছে তারই হোস্টেলে—সহপাঠীদের মধ্যে। সহপাঠীরা প্রথমে তাকে দেখে চিনতে পারেনি। চার বছর আগে হাইকোর্টের মোড়ে শেষবারের মতো দেখেছিল তাকে। কোনো দিন সে ফিরে আসবে, ভাবতেও পারেনি তারা। তবু কঙ্কাল হয়ে ফিরে এসেছে দেখে অন্যরা উদ্বিগ্ন হয়ে পড়ে। রাতে তাদের ভালো ঘুম হয় না। ওর দিকে তাকাতেই গা শিউরে ওঠে। ভয়ে জড়সড় হয়ে যায়। শীতকালে লেপের নিচে কাঁপতে থাকে। দিনের বেলা ওকে নিয়ে জটলা পাকায় সবাই। নানা কথা বলে অবাক হয়। যারাই দেখতে আসে, তারাই অবাক হয়। বিস্ময়ে তাকিয়ে থাকে ওর দিকে।
তপুকে চার বছর পরে সবাই ফিরে পেয়েছে কঙ্কাল হিসেবে, কিন্তু উদ্দীপকে মা তার ছেলেকে ১৯৭১ সালে স্বাধীনতাযুদ্ধে হারিয়ে ফেললেও দেশ স্বাধীন হওয়ার পর ছেলেকে তিনি খুঁজে পেয়েছেন চিত্রকল্পের মাধ্যমে যাপিতজীবনের কাজে-কর্মে, ভাব-ভাবনায় সর্বোপরি সবকিছুতে। প্রকৃতপক্ষে প্রিয়জন হারানোর ব্যথা বা স্মৃতি কোনোটাই ভোলা যায় না। মনের গভীরে তার স্মৃতি সদাই জাগ্রত থাকে। কখনো চেতন মনে, কখনো অবচেতন মনে।
উত্তর: ঘ. ‘একুশের গল্প’ গল্পটি ১৯৫২ সালের মহান ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে রচিত।
এ গল্পে রাষ্ট্রভাষা বাংলা চাই—দাবির মিছিলে অংশ গ্রহণকারী তপু প্রাণ হারায়। মেডিকেল কলেজের ছাত্র তপু ছিল প্রাণবন্তু; উদ্দাম ও উচ্ছলতা দিয়ে আসর জমিয়ে রাখত। ভাষা আন্দোলনের মিছিলে প্ল্যাকার্ড হাতে তপু অংশ নেয়। মিছিলে মিলিটারিরা গুলি চালালে একটা গুলি এসে তার কপাল ভেদ করে যায়। সে লুটিয়ে পড়লে তার লাশ মিলিটারিরা নিয়ে যায়। চার বছর পরে তপুর রুমমেটরা পুনরায় তাকে ফিরে পায় কঙ্কাল হিসেবে।
এভাবে বৃদ্ধ মায়ের আশা-ভরসাকে জলাঞ্জলি দিয়ে রাষ্ট্র ভাষা আন্দোলনে অংশগ্রহণ করে আত্মাহুতি দিয়ে বাংলা ভাষাকে প্রতিষ্ঠিত করে। তেমনি উদ্দীপকের ছেলে মনির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত অবস্থায় ১৯৭১ সালে স্বাধীনতাযুদ্ধে অংশগ্রহণ করে মায়ের বুকের সব আশাকে বিসর্জন দিয়ে যুদ্ধে শহীদ হন। বিনিময়ে আজকে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে ‘বাংলাদেশ’ নামক রাষ্ট্র বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত হয়। তপু চার বছর পরে ফিরে এসেছিল কঙ্কাল হিসেবে, কিন্তু মনিরের মা তাঁকে খুঁজে পেয়েছেন কল্পচিত্রে, তথা যাপিতজীবনের কাজে-কর্মে, ভাব-ভাবনায়, অর্থাৎ বাংলার সবকিছুতে।
তপু শহীদ হয় ভাষা আন্দোলনে আর মনির শহীদ হন স্বাধীনতাযুদ্ধে। তবু লেখাপড়া করছিল মেডিকেল কলেজে আর মনির অধ্যয়নরত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। দুজনই শহীদ হন, কিন্তু দুজনে বাংলার ইতিহাসে স্মরণীয় ও বরণীয় হয়ে রয়ে গেলেন। তাঁদের আত্মাহুতির মাধ্যমে একজন রাষ্ট্রভাষা বাংলাকে প্রতিষ্ঠিত করলে, আর অন্যজন রাষ্ট্রকে প্রতিষ্ঠিত করে মরে গিয়েও অমর হয়ে বেঁচে রইলেন আমাদের মধ্যে।
প্রভাষক, রূপনগর মডেল কলেজ, ঢাকা