এইচটিসির ছয়টি নতুন স্মার্টফোন
বাংলাদেশের বাজারে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল তাইওয়ানভিত্তিক প্রযুক্তিপণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান এইচটিসি। শুরুতে এইচটিসির ছয়টি মডেলের স্মার্টফোন বাজারে ছাড়া হয়েছে। স্মার্টফোনগুলো হচ্ছে ওয়ান এম৮ আই, ডিজায়ার ৮২০এস, ডিজায়ার ৬২৬জি প্লাস, ডিজায়ার ৬২০ জি, ডিজায়ার ৫২৬জি প্লাস এবং ডিজায়ার ৩২৬জি। বাংলাদেশে এইচটিসি স্মার্টফোনের পরিবেশক নেক্সট ৯ নামের প্রতিষ্ঠানকে নিযুক্ত করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এইচটিসি এ ঘোষণা দেয়।
সম্মেলনে এইচটিসির দক্ষিণ এশিয়ার জ্যেষ্ঠ পরিচালক (বিপণন) মানু শেঠ বলেন, ‘সবার সাধ্যের মধ্যে মানসম্পন্ন ফোন বাজারজাত করা আমাদের উদ্দেশ্য। ফোনগুলোর মূল্য সাড়ে ১১ হাজার থেকে সাড়ে ৩৯ হাজার টাকার মধ্যে রাখা হয়েছে। আগামী সপ্তাহ থেকে এইচটিসির স্মার্টফোনগুলো বাংলাদেশের বাজারে পাওয়া যাবে। সারা দেশে ৩৮টি সার্ভিস সেন্টার থাকবে এইচটিসির।’ সংবাদ সম্মেলনে নেক্সট ৯-এর ব্যবস্থাপনা পরিচালক প্রেম চাঁদ বক্তৃতা করেন।