এইচটিসির বিরুদ্ধে অ্যাপলের মামলা
অ্যাপল কম্পিউটার ইনকরপোরেটেড তার ২০টি উদ্ভাবিত যন্ত্রের পেটেন্ট লঙ্ঘনের দায়ে এইচটিসিসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। ২ মার্চ অ্যাপল এই মামলা দায়ের করে। অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তা স্টিভ জবস বলেন, ‘এসব প্রতিষ্ঠান আমাদের পেটেন্ট করা যন্ত্রের প্রযুক্তি চুরি করেছে।’ এইচটিসির তৈরি করা পিডিএ ফোনে প্রথম গুগলের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ব্যবহার করে। অ্যাপল এইচটিসির বিরুদ্ধে মামলা করায় অনেকে আশঙ্কা করছে, এর ফলে গুগলের অ্যান্ডরয়েড সিস্টেম ব্যবহারকারী সব ফোন প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলোর ওপর নেতিবাচক প্রভাব পড়বে। অ্যাপলের মামলার পর গুগল এইচটিসির পক্ষ নিয়েছে। গুগলের একজন মুখপাত্র বলেন, ‘অ্যাপল আমাদের বিরুদ্ধে মামলা না করলেও আমরা আমাদের অ্যান্ডরয়েড অপারেটিং সিস্টেমের পক্ষে দাঁড়িয়েছি। আর যারা আমাদের এই অপারেটিং সিস্টেমের উন্নয়নে সহায়তা করেছে আমরা তাদের সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’ অনেকের ধারণা, আইফোনের প্রস্তুতকারক অ্যাপল এইচটিসির বিরুদ্ধে মামলা করে আসলে গুগলকেই আক্রমণ করতে চাইছে। মার্কিন বিশ্লেষক শ উ বলেন, আমি মনে করি এটা গুগলের বিরুদ্ধে অ্যাপলের পরোক্ষ মামলা। অ্যাপল তার যেসব উদ্ভাবিত যন্ত্রের পেটেন্ট লঙ্ঘন করা হয়েছে বলে অভিযোগ এনেছে সেগুলোর কয়েকটি ১৫ বছরের পুরোনো এবং এখন অনেকটাই অকার্যকর। —বিবিসি অবলম্বনে রোকেয়া রহমান