এইচডি সিসিটিভি নিয়ে ক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কানাডার প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাভিগিলনের তৈরি হাই ডেফিনিশন ক্লোজ সার্কিট টেলিভিশন (এইচডি সিসিটিভি) জনমনে ক্ষোভ সৃষ্টির ঝুঁকিতে রয়েছে। যুক্তরাজ্যের পর্যবেক্ষণবিষয়ক কমিশনার অ্যান্ড্রু রেনিসন এ সতর্কবাণী উচ্চারণ করেছেন। ইন্ডিপেনডেন্ট পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে রেনিসন বলেন, ‘প্রযুক্তি আমাদের জীবনকে অনেকখানি নিয়ন্ত্রণ করছে। প্রযুক্তি এখন মানুষের ওপর নজরদারি করছে। এই বিষয়টি অনেকে মানতে পারছেন না। তাই হাই ডেফিনিশনের সিসিটিভি জনমনে ক্ষোভ সৃষ্টি করতে পারে।’ তিনি বলেন, অ্যাভিগিলনের তৈরি সিসিটিভি ক্যামেরাগুলো এখন ২৯ মেগাপিক্সেলের। পেশাদার আলোকচিত্রীরা যেসব ক্যামেরা ব্যবহার করেন, সেসব ক্যামেরাও এত মেগাপিক্সেলের নয়।বিভিন্ন প্রতিষ্ঠানের দেওয়া হিসাব অনুযায়ী, চলতি বছরের শেষ নাগাদ যুক্তরাজ্যে ১ লাখ ২৯ হাজার ২৯৯ হাই ডেফিনিশন সিসিটিভি আমদানি করা হবে। সিসিটিভি প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলো ভবিষ্যদ্বাণী করেছে, ২০১৬ সাল নাগাদ যুক্তরাজ্যে সিসিটিভির সংখ্যা দাঁড়াবে ৩৭ লাখের ওপরে। এতে অনেকে উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের আশঙ্কা, এতে করে ব্যক্তিগত গোপনীয়তা ব্যাপকভাবে লঙ্ঘিত হবে।তবে সিসিটিভির পক্ষাবলম্বনকারীরা বলছেন, এই প্রযুক্তি অপরাধকে নিরুৎসাহিত করছে এবং অপরাধীকে ধরতে আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে সহায়তা করছে। ২০১১ সালে লন্ডন দাঙ্গার সময় সিসিটিভিতে ধারণ করা ফুটেজ দেখে পুলিশ অনেক সন্দেহভাজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। কাজেই এর প্রয়োজন রয়েছে। —বিবিসি অবলম্বনে রোকেয়া রহমান