এইচপিকে টপকে শীর্ষে লেনোভো!
কম্পিউটার নির্মাতা প্রতিষ্ঠান হিসেবে যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান হিউলেট প্যাকার্ডকে (এইচপি) পেছনে ফেলে শীর্ষস্থান দখল করেছে চীনের লেনোভো কর্পোরেশন। বাজার বিশ্লেষক প্রতিষ্ঠান গার্টনারের বরাতে এ তথ্য জানিয়েছে বিবিসি অনলাইন।গার্টনারের তথ্য অনুসারে, গত তিন মাসে অর্থাত্ জুলাই থেকে সেপ্টেম্বর এ প্রান্তিকে ১ কোটি ৩৮ লাখ ইউনিট কম্পিউটার বিক্রি করেছে লেনোভো। এইচপি বিক্রি করেছে ১ কোটি ৩৫ লাখ ইউনিট। কম্পিউটার বিক্রির ক্ষেত্রে তুলনামূলকভাবে লেনোভো দাম কমিয়ে বাজার দখল করেছে বলেই গার্টনারের বিশ্লেষকদের মত।যদিও আরেকটি বাজার বিশ্লেষক প্রতিষ্ঠান আইডিসির তথ্য অনুসারে কম্পিউটার বিক্রির দিক থেকে লেনোভো এখনো এইচপির পেছনেই রয়েছে। আইডিসির তথ্য অনুসারে, তৃতীয় প্রান্তিকে এইচপি বিক্রি করেছে ১ কোটি ৩৯ লাখ কম্পিউটার আর এইচপি বিক্রি করেছে ১ কোটি ৩৮ লাখ ইউনিট কম্পিউটার। কিন্তু আইডিসির প্রযুক্তি বিশ্লেষকরা ধারণা করছেন, কম্পিউটার বিক্রির দিক থেকে লেনোভোর শীর্ষস্থান দখল করা এখন সময়ের ব্যাপার মাত্র। লেনোভোর কম্পিউটার বিক্রির বাড়তি হার প্রতিষ্ঠানটিকে শীর্ষ কম্পিউটার নির্মাতার আসনে নিয়ে যাবে। তৃতীয় প্রান্তিকে কম্পিউটার বিক্রির হার ৮ শতাংশ কমে গেলেও একমাত্র প্রতিষ্ঠান হিসেবে লেনোভোর কম্পিউটার বিক্রির হার বেড়েছে।প্রযুক্তি বিশ্লেষকরা জানিয়েছেন, ট্যাবলেট চাহিদা বাড়ছে আর সংকুচিত হচ্ছে ডেস্কটপ, ল্যাপটপ কম্পিউটারের বাজার।