এইচপির অ্যান্ড্রয়েড চালিত ল্যাপটপ

এতোদিন গুগলের ক্রোম অপারেটিং সিস্টেম (ওএস) নির্ভর ক্রোমবুক তৈরিতে মনোযোগী হলেও শিগগিরই হয়তো অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমনির্ভর ল্যাপটপ বাজারে আনতে পারে হিউলেট প্যাকার্ড বা এইচপি। ১৪ ইঞ্চি মাপের এই ল্যাপটপটির নাম হতে পারে ‘এইচপি স্লেটবুক’। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট নোটবুক ইটালিয়া এ তথ্য জানিয়েছে।
নোটবুক ইটালিয়ার প্রতিবেদনে বলা হয়, ক্রোম নাকি অ্যান্ড্রয়েড? কোন অপারেটিং সিস্টেমনির্ভর ল্যাপটপ পছন্দ করবেন সেই প্রশ্নটিই জাগাবে এইচপির নতুন অ্যান্ড্রয়েডনির্ভর ল্যাপটপ। এইচপির স্লেটবুক বর্কমানে এইচপির ১৪ ইঞ্চি মাপের ক্রোমবুকের মতোই হবে।
এ প্রসঙ্গে এইচপির একজন মুখপাত্র জানিয়েছেন, ‘আমরা সব সময় নতুন পণ্য আনতে কাজ করি। আপনারা অপেক্ষা করলেই জানতে পারবেন।’
কী থাকবে অ্যান্ড্রয়েডনির্ভর এই ল্যাপটপে? নোটবুক ইটালিয়ার দাবি, অ্যান্ড্রয়েডচালিত ল্যাপটপে উন্নত রেজুলেশনের ডিসপ্লের পাশাপাশি এনভিডিয়ার কোয়াড কোরের টেগরা প্রসেসর যুক্ত করবে এইচপি।