এইচপির নতুন মাল্টিসিট কম্পিউটার
শিক্ষার্থীদের জন্য মাল্টিসিট কম্পিউটার এনেছে হিউলেট-প্যাকার্ড (এইচপি), যার মধ্যে প্রধান একটি কম্পিউটারের মাধ্যমে ১০ জন শিক্ষার্থী কম্পিউটার ব্যবহারের সুযোগ পাবেন। শুধু মূল কম্পিউটার চালু থাকার মাধ্যমেই এ কাজটি সম্ভব। প্রাথমিক পর্যায়ের শুরু থেকে কম্পিউটার শেখার কাজটি সহজ করতে এইচপি মাল্টিসিট এমএস৬০০ বিশেষ সেবা দেবে।গত বুধবার রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে নতুন এ মাল্টিসিট কম্পিউটার বাজারে ছাড়ার ঘোষণা দেওয়া হয়। অনুষ্ঠানে এইচপি পারসোনাল সিস্টেমস গ্রুপ, এশিয়া এমার্জিং কান্ট্রিসের (এইসি) মহাব্যবস্থাপক ফিলিপ লাও বলেন, শিক্ষার্থীদের জন্য শিক্ষার পরিবেশকে আরও সহজ করতে এবং সহজে প্রযুক্তিসেবা দিতে নতুন এ মাল্টিপিসি কম্পিউটার তৈরি করা হয়েছে। তিনি বলেন, শুধু শিক্ষার্থীদের জন্য সহজই নয়, এর পাশাপাশি সহজে শিক্ষাদান এবং সাশ্রয়ও হবে। অনুষ্ঠানে নতুন এ কম্পিউটার শিক্ষা, ব্যবসাসহ বিভিন্ন ক্ষেত্রে কীভাবে সাহায্য করতে পারে, সে বিষয়ে বিস্তারিত বলা হয়। নতুন এ কম্পিউটার থেকে এইচপি মাল্টিসিট টি১০০ থিন ক্লায়েন্টের মাধ্যমে সহজে একটি পিসির মাধ্যমে শিক্ষার্থীরা কম্পিউটার ব্যবহার করতে পারবেন। —নুরুন্নবী চৌধুরী