এইচপির প্রিন্টারে আগুন ধরাতে পারে হ্যাকাররা!
ইলেকট্রনিক পণ্য নিরাপত্তা বিশেষজ্ঞরা জানিয়েছেন, হিউলেট-প্যাকার্ড বা এইচপির তৈরি প্রিন্টার খুব সহজেই হ্যাক করা যায়। প্রতি চারটি এইচপি প্রিন্টারের মধ্যে একটি প্রিন্টার হ্যাক হওয়ার আশঙ্কা রয়েছে বলেই জানিয়েছেন কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা। এক খবরে এ তথ্য জানিয়েছে গার্ডিয়ান।গবেষক সালভাদর স্টোলফো ও আন কিউয়ের বরাতে গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, এইচপি'র ২৫ শতাংশ লেজারজেট প্রিন্টারে ম্যালওয়্যার আক্রমণ ঘটতে পারে। হ্যাকাররা মাত্র ২ হাজার ডলার ব্যয় করেই এ আক্রমণ করতে পারে। প্রিন্টারের ফার্মওয়্যার আপডেটের সময় দূরে বসেই ম্যালওয়্যার প্রবেশ করিয়ে প্রিন্টার হ্যাক করা যায় ও যন্ত্রপাতির গোলযোগ ঘটিয়ে প্রিন্টারে আগুন লাগিয়ে দিতে পারে হ্যাকার। বিশেষজ্ঞ স্টোলফো ও আন কিউ জানিয়েছেন, চলতি বছরের শুরুতেই গবেষকেরা এইচপির প্রিন্টার ব্যবহারকারীদের ম্যালওয়্যার বিষয়ে সতর্ক করেছিল। এ ঘটনার পর এইচপি ৫৬ টি ফার্মওয়্যার আপডেট আনলেও অধিকাংশ প্রিন্টারে তা আপডেট করা হয়নি। এমনকি এসব প্রিন্টারের প্রাথমিক পাসওয়ার্ডও পরিবর্তন করা হয়নি।ফিনল্যান্ডের নিরাপত্তা প্রতিষ্ঠান কোডনমিকনের প্রধান প্রযুক্তি কর্মকর্তা আরি টাকানেন জানিয়েছেন, প্রিন্টারের ক্ষেত্রে সবচেয়ে বেশি ম্যালওয়্যার আসতে পারে ক্লাউড সেবার মাধ্যমে কোনো তথ্য ও ইমেইল গ্রহণ করার সময়। প্রিন্টার ব্যবহার করে যত বেশি মেইল আদান-প্রদান করছি আমরা ততই ম্যালওয়্যার আক্রমণের ঝঁুকির মধ্যে পড়ছি।কম্পিউটার ছাড়াও বাড়ির অন্যান্য ফার্মওয়্যারযুক্ত যন্ত্রও ম্যালওয়্যারে আক্রান্ত হতে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। তঁাদের মতে, শুধু এইচপির প্রিন্টারই নয়, বাজারের অন্যান্য প্রিন্টারের দিকেও এখন হ্যাকাররা নজর দিচ্ছে।