এএমডি আনছে নতুন সিপিইউ

নতুন প্রজন্মের হাই-এন্ড ডেস্কটপ সিপিইউ তৈরি করছে মার্কিন বহুজাতিক সেমিকন্ডাক্টর নির্মাতা প্রতিষ্ঠান অ্যাডভান্সড মাইক্রো ডিভাইসেস ইনকরপোরেশন (এএমডি)। এই সিপিইউর নাম হবে রেজেন। হাই-এন্ড সিপিইউয়ের বাজারে ইনটেলকে টেক্কা দিতে নতুন প্রযুক্তি আনছে প্রতিষ্ঠানটি।
গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় আয়োজিত এএমডি টেক সামিটে ‘জেন সিপিইউ আর্কিটেকচার’ সম্পর্কে হালনাগাদ তথ্য জানিয়েছে এএমডি।
আগামী বছরের শুরুতেই এই সিপিইউ বাজারে আসবে। এই সিপিইউ তৈরিতে প্রায় চার বছর কাজ করেছে মার্কিন প্রতিষ্ঠানটি।
এএমডির কম্পিউটিং অ্যান্ড গ্রাফিকস বিভাগের জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট জিম অ্যান্ডারসন বলেন, পিসি গেমিং হার্ডওয়্যার বিক্রি বেড়েছে। এখন শক্তিশালী ডেস্কটপ প্রসেসরের জন্য উপযুক্ত সময়। এ জন্য রেজেন বাজারে ছাড়া হচ্ছে। এএমডি এএম ৪ প্ল্যাটফর্মে তৈরি রেজেন ডেস্কটপ সিপিইউতে ৩ দশমিক ৪ গিগাহার্টজের ৮ কোর, ৪ এমবি এল ২ ও ১৬ এমবি এল ৩ কেস। এএমডির দাবি, নতুন এই সিপিইউ কম শক্তি খরচ করে ভালো পারফরম্যান্স দেখাতে পারবে। তথ্যসূত্র: এনডিটিভি।