এক অণুর ট্রানজিস্টর ভাঙবে মুরস ল’
সম্প্রতি অস্ট্রেলিয়ার একদল গবেষক একক অণু থেকে ট্রানজিস্টর তৈরির ক্ষেত্রে সফল হয়েছে। ইউনিভার্সিটি অব নিউ সাউথ ওয়েলস, ইউনিভার্সিটি অব মেলবোর্ন ও পারদু বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা এ সফলতা পেয়েছেন। ফসফরাসের একক অণুর এ ট্রানজিস্টর মুরস ল’-কে অগ্রাহ্য করতে সক্ষম হবে বলেই ধারণা করছেন গবেষকেরা। মুরস ল’ অনুসারে কম্পিউটারের ক্ষমতা প্রতি দুই বছরে দ্বিগুণ হতে থাকে। ব্লুমবার্গের বরাতে এক খবরে এ তথ্য জানিয়েছে টিওআই।গবেষণার ফল প্রকাশিত হয়েছে নেচার ন্যানো টেকনোলজি সাময়িকীতে। গবেষণাপত্রে বলা হয়েছে, সিলিকনের ওপর ফসফরাস অণুর সাহায্যে ‘গেট’ বা বিদ্যুত্প্রবাহের পথ তৈরি করা সম্ভব হয়েছে। এর মাধ্যমে নিয়ন্ত্রিতভাবে বিদ্যুত্প্রবাহ চলাচল করতে পারে। তবে এটির সীমাবদ্ধতা হচ্ছে, একক অনুর ট্রানজিস্টরকে এমন স্থানে রাখতে হবে, যার তাপমাত্রা মাইনাস ৩৯১ ডিগ্রি ফারেনহাইট। গবেষকেরা আশা করছেন, ফসফরাস অণুর এ ট্রানজিস্টর তৈরির সাফল্য ক্ষুদ্রতর ও দ্রুতগতির কোয়ান্টাম কম্পিউটার তৈরিতে সাহায্য করবে।গবেষক দলের নেতৃত্বে ছিলেন ইউনিভার্সিটি অব নিউ সাউথ ওয়েলসের গবেষক মিশেল সিমনস। গবেষণা প্রসঙ্গে সিমনস জানিয়েছেন, ‘১০ বছর আগে গবেষণা শুরু করেছিলাম আমরা। ২০২০ সাল নাগাদ সফল হব এমন আশা ছিল। চেষ্টা করছিলাম, যত দ্রুত সম্ভব এক অণুর ডিভাইস তৈরি ও মুরস ল’-কে ভাঙার, অবশেষে ২০১২ সালের শুরুতে আমরা সে সাফল্য পেলাম।’