এক কোটি আইপ্যাড মিনি তৈরি করছে অ্যাপল!
মোট এক কোটি ‘আইপ্যাড মিনি’ তৈরির জন্য এশিয়ার একটি যন্ত্রাংশ সরবরাহকারী প্রতিষ্ঠানকে দায়িত্ব দিয়েছে অ্যাপল। এক খবরে এ তথ্য জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল। প্রযুক্তিবিশ্লেষকেরা ধারণা করছেন, গুগল ও আমাজনের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা থাকলেও এক কোটি ইউনিট আইপ্যাড মিনি বিক্রি হবে বলেই ধরে নিয়েছে অ্যাপল।এদিকে এক খবরে সিএনএন জানিয়েছে, ১২ সেপ্টেম্বর আইফোন ৫ বাজারে আনার ঘোষণা দেওয়ার পর ১৭ অক্টোবরে আইপ্যাড মিনির ঘোষণা দিয়ে চমকে দিতে পারে অ্যাপল।অ্যাপলের কোনো পণ্যের গুজবের বিষয়ে আগেভাগে কোনো তথ্য জানায় না কর্তৃপক্ষ। তবে অ্যাপলের অন্যতম একজন বিনিয়োগকারীর বরাতে সিএনএনের এক প্রতিবেদনে জানানো হয়েছে, ১৭ অক্টোবরে আইপ্যাড মিনির ঘোষণা আসতে পারে। সূত্রমতে, নতুন আইপ্যাড মিনির আকার হতে পারে ৭.৮৫ ইঞ্চি। ১৭ অক্টোবরের আইপ্যাড মিনির ঘোষণা দেওয়ার অনুষ্ঠানের জন্য ১০ অক্টোবর থেকে নির্দিষ্ট অতিথিদের কাছে আমন্ত্রণ পাঠাতে শুরু করবে অ্যাপল।এর আগে অল থিংস ডিজিটাল নামের একটি প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ১৭ অক্টোবর আইপ্যাড মিনি বাজারে আসছে বলে এক প্রতিবেদনে জানিয়েছিল। বর্তমানে আইপ্যাড মিনি উত্পাদন পর্যায়ে রয়েছে। এ ছাড়া অক্টোবরে আইপ্যাড মিনি বাজারে ছাড়ার ঘোষণা দিতে পারেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী টিম কুক।ওয়েবসাইটটি আরও জানিয়েছিল, ৭.৮৫ ইঞ্চি মাপের রেটিনা ডিসপ্লের এ পণ্যটিতে বর্তমানে বাজারে থাকা আইপ্যাডের সব বৈশিষ্ট্য থাকবে। এর সঙ্গে যুক্ত হতে পারে দ্রুতগতির প্রসেসর ও এইচডি ক্যামেরার সুবিধা। বর্তমানে ৯.৭ ইঞ্চি মাপের আইপ্যাডের মতোই রেজুলেশন হবে আইপ্যাড মিনির। দাম হতে পারে ২৫০ ডলার।এদিকে আইপ্যাড মিনি বাজারে আসা প্রসঙ্গে প্রযুক্তিবিশ্লেষকেরা জানিয়েছেন, বাজারে আমাজন কিন্ডল ফায়ার, গুগল নেক্সাস ৭, স্যামসাং গ্যালাক্সি ও উইন্ডোজ ৮ ট্যাবলেটের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে ছোট আকারের আইপ্যাড বাজারে আনছে অ্যাপল।