এক জামাতেই মাস পার!
যুক্তরাষ্ট্রের উল অ্যান্ড প্রিন্স নামের একটি পোশাক প্রস্তুতকারক প্রতিষ্ঠান দাবি করেছে, তারা যে বিশেষ ধরনের জামা তৈরি করেছে, তা সহসা ময়লা হবে না এবং তাতে ভাঁজও পড়বে না।দৈনন্দিন জীবনের ব্যস্ততায় জামা ধোয়া আর যত্ন করে ইস্তিরি করার সময় অনেকেরই নেই। তাদের জন্য তো এ জামা রীতিমতো আশীর্বাদই বলতে হবে। কারণ, উল অ্যান্ড প্রিন্সের এ জামা গায়ে দিয়ে নিদেনপক্ষে তিন-চার মাস তা ধোয়া-ইস্তিরির চিন্তাই করতে হবে না। এক খবরে এ তথ্য জানিয়েছে ‘ডেইলি মেইল’। গবেষকেরা জানিয়েছেন, উল দিয়ে তৈরি এ জামা অন্যান্য সাধারণ জামার মতোই ব্যবহার করা যাবে এবং তা আরামদায়কও বটে।দীর্ঘদিন গবেষণার ফলেই জামা তৈরির বিশেষ এ উল উদ্ভাবন সম্ভব হয়েছে জানিয়ে এর গবেষকেরা দাবি করেছেন, শুধু পুরুষের জন্য তৈরি এ জামা একনাগাড়ে ব্যবহারেও এতে দুর্গন্ধ হয় না। এ জামা বিভিন্ন পরিবেশে পরীক্ষা করে সফল হয়েছেন বলেও দাবি করেছেন তাঁরা।অবশ্য বিশেষ এই জামার এখনো খুচরা দাম নির্ধারণ করেনি প্রতিষ্ঠানটি।