
কাঁচা বাজার থেকে পোশাক। ঘর সাজানোর টুকিটাকি থেকে আসবাব। বাজার করতে করতে ক্লান্ত! চিন্তা নেই, আয়েশ করে খেতেও পারবেন, আছে খাবারের আলাদা জায়গা। ছুটির দিনগুলোতে আবার খেতে বসে উপভোগ করতে পারবেন সরাসরি গানও। আবার কফি ওয়ার্ল্ড, নকিয়া, টাইম জোনের মতো বিভিন্ন খ্যাতনামা ব্র্যান্ডের দেখাও মিলবে। ৩০ হাজার বর্গফুট জায়গাজুড়ে গড়ে ওঠা এই বাজারের নাম স্বপ্ন এক্সপেরিয়েন্স আউটলেট।
ঢাকার উত্তরার ৩ নম্বর সেক্টরে মূল সড়কের পাশেই এর অবস্থান। শিশুখাদ্য, বেভারেজ, বেকারি, উপহার, খেলনা, ফলমূল, সবজিসহ কাঁচা বাজারের সবকিছু, গয়নাগাটি, পোশাক—সব মিলিয়ে মোট ২৭ হাজার পণ্যের সমাহারে এক স্বপ্নরাজ্যই বলা চলে। ৬ মার্চ থেকে যাত্রা শুরুর পরে স্বপ্ন এক্সপেরিয়েন্স আউটলেট নিয়ে ক্রেতাদের উৎসাহও চোখে পড়ার মতো।

আজকের এই স্বপ্ন যাত্রা শুরু করে আরও ছয় বছর আগে। ২০০৮ সালে এসিআই লজিস্টিকস লিমিটেড স্বপ্নের একটি শাখা চালু করে। এখন যা ছড়িয়ে পড়েছে দেশের নানা স্থানে। শুধু ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে আছে ৫০টি শাখা। এ ছাড়া বিভিন্ন জেলায় ফ্রাঞ্চাইজি আছে ২৫টি। দেশের বাইরে লন্ডনেও আছে একটি স্বপ্ন। এসিআই লিজিস্টিকস লিমিটেডের নির্বাহী পরিচালক সাব্বির হাসান নাসির বলেন, ‘আমরা শুরু থেকেই ক্রেতাদের ইচ্ছাকে প্রধান্য দিচ্ছি। এক জায়গায় এসে ঝামেলা ছাড়া সব বাজার সেরে নিতে পারেন। ক্রেতার কষ্টের টাকায় যাতে শ্রেষ্ঠ বাজার হয়, সেভাবেই পণ্যর দাম নির্ধারণ করে থাকি আমরা। ক্রেতাদের অনুরোধেই আমরা চালু করেছি নতুন ব্র্যান্ড “স্বপ্ন লাইফ”। নিজস্ব ডিজাইনার দিয়েও আমরা এখন পোশাক তৈরি করছি।’ শুধু নিত্যপ্রয়োজনীয় পণ্য নয়, স্বপ্ন ২০১৩ সাল থেকে চালু করেছে আধুনিক জীবনযাত্রার নানা পণ্য নিয়ে স্বপ্ন লাইফ। এতে আছে মেয়েদের ও ছেলেদের পোশাক, জুতা, ব্যাগ, ঘর সাজানোর পণ্য, সোফা, চেয়ারসহ নানা কিছু।
অনেক সময়েই স্বপ্নের বিজ্ঞাপনে বা দোকানে দেখা যায়, অনেক পণ্যেই খোলা বাজারের সমান বা তার চেয়ে খানিকটা কমে বিক্রি হচ্ছে। এতে কি পণ্যের মান ঠিক থাকে? এ ব্যাপারে সাব্বির হাসান বলেন, ‘আমাদের লক্ষ্য থাকে অল্প লাভে বেশি ক্রেতার কাছে পৌঁছানো। কারণ, বিক্রি ভালো হলে অল্প লাভেই লক্ষ্যে পৌঁছানো যায়। সেই সঙ্গে আমরা পণ্যের সেরা মানটা নিশ্চিত করে থাকি।’
উত্তরার নতুন শাখাসহ স্বপ্নের প্রতিটি শাখাই সকাল নয়টা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকে। নগদ টাকা ছাড়াও এখানে ক্রেডিট কার্ডে মূল্য পরিশোধ করা যায়। নানা ধরনের সামাজিক কার্যক্রমেও অংশ নিচ্ছে স্বপ্ন।