এক তরুণের উদ্যোগে কিশোরগঞ্জের চার উপজেলায় তারহীন ইন্টারনেট
গ্রামের মানুষ উচ্চগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যাবহার থেকে বঞ্চিত থাকেন। কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার তরুণ ফজলে রাব্বী নিজের উপজেলা ও পার্শ্ববর্তী কয়েকটি উপজেলার জন্য তারহীন ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা চালু করছেন। গতকাল শনিবার তিনি প্রথম আলোকে বলেন, এখন পরীক্ষামূলকভাবে চলছে। তবে আগামী ১ জুন থেকে তাঁর স্কাইনেট টেকনোলজি নামের প্রতিষ্ঠান থেকে বাণিজ্যিকভাবে কিশোরগঞ্জের কুলিয়ারচর, ভৈরব, কটিয়াদী ও বাজিতপুর উপজেলার গ্রাহকদের সংযোগ দেওয়া হবে।
চার উপজেলায় ইন্টারনেট সংযোগ দিতে কুলিয়ারচরে একটি টাওয়ার স্থাপন করেছেন ফজলে রাব্বী। এই টাওয়ার থেকে প্রায় ৩০ কিলোমিটার এলাকাজুড়ে তারহীন ইন্টারনেট সংযোগ দেওয়া যাবে। ব্যবহারকারীদের জন্য দরকার পড়বে একটি ইউবিএনটি মডেমের। আর সেটি কম্পিউটারে লাগিয়ে ইন্টারনেট ব্যবহার করা যাবে। ফজলে রাব্বী বিটিসিএলের সংযোগ ব্যবহার করছেন বলে জানান। ইন্টারনেট সংযোগ দেওয়ার জন্য ইতিমধ্যে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার (আইএসপি) লাইসেন্স নিয়েছেন তিনি।
এর আগে ফজলে রাব্বী অ্যালুমিনিয়ামের তৈরি জিনিসপত্র পরিমাপের পাল্লা দিয়ে বানিয়েছিলেন অ্যান্টেনা। যেটা দূরের থ্রিজি নেটওয়ার্কের সঙ্গে সংযোগ স্থাপন করতে পারত। যেটির সঙ্গে ইউএসবি মডেম লাগিয়ে দ্রুতগতির ইন্টারনেটের ব্যবস্থা করা হয়েছিল।