এক দশক আগেই যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছিলেন তিনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২০১২ সালে ‘আসন্ন সাইবার পার্ল হারবার’ নিয়ে সতর্ক করেছিলেন তৎকালীন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লিয়ন পানেটা
মার্কিন প্রতিরক্ষা বিভাগ
লিয়ন পানেটা মনেপ্রাণে চেয়েছিলেন তাঁর ভয় অমূলক হোক। মনের কোণে যে আশঙ্কা উঁকি দিচ্ছে, বাস্তবে তেমনটা না ঘটুক। তবে সাইবার হামলার সাম্প্রতিক ঘটনাগুলোকে একসুতোয় বাঁধলে বলা যায়, তিনি ভুল ছিলেন না।

বারাক ওবামা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট থাকার সময় কয়েক বছর দেশটির প্রতিরক্ষামন্ত্রী ছিলেন পানেটা। তার আগে ছিলেন গোয়েন্দা সংস্থা সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সির পরিচালক। ২০১২ সালে তিনি ‘আসন্ন সাইবার পার্ল হারবার’ নিয়ে সতর্ক করেন দেশের জনগণকে। অবশ্য তাঁর সতর্কবার্তা খুব বেশি মানুষ আমলে নিয়েছিলেন বলে মনে হয় না।

লিয়ন পানেটার আশঙ্কা ছিল, তথ্যপ্রযুক্তিনির্ভর মার্কিন অবকাঠামো এবং এ জাতীয় সেবায় একদিন ব্যাপক আকারে সাইবার হামলা হবে।

১৯৪১ সালে যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ের পার্ল হারবারের মার্কিন নৌঘাঁটিতে অতর্কিত হামলা করে জাপানের নৌবাহিনী। প্যানেটা সে ঘটনার সঙ্গে তুলনা করেছিলেন সাইবার হামলার আশঙ্কাকে।

সাইবার পার্ল হারবার বলতে এখন যুক্তরাষ্ট্রের সাইবার হামলার মুখে পড়ার কিংবা কোনো বিদেশে রাষ্ট্র বা সন্ত্রাসী সংগঠনের সঙ্গে সাইবার যুদ্ধে জড়ানোর আশঙ্কা বোঝায়।

লিয়ন পানেটার ধারণা ছিল, সাইবার হামলার প্রভাবে যুক্তরাষ্ট্র এবং এর মিত্র দেশগুলোর তথ্যপ্রযুক্তি খাতের বড় একটি অংশ বিকল হয়ে যাবে।

তেমন হামলার উদ্দেশ্য হতে পারে গুরুত্বপূর্ণ তথ্যপ্রযুক্তি অবকাঠামোর নিয়ন্ত্রণ নেওয়া, ভাইরাস ছড়িয়ে দেওয়া, অত্যন্ত সংবেদনশীল তথ্য পাচার কিংবা মুছে ফেলা, আর্থিক খাত থেকে অর্থ পাচার করা কিংবা হামলা চালিয়ে যেকোনো প্রযুক্তিভিত্তিক সম্পদের ক্ষতি করা। সাইবার পার্ল হারবার যদি ঘটেই তবে তা কেবল যুক্তরাষ্ট্র নয়, অনেক দেশ, ব্যবসায় প্রতিষ্ঠান এবং তথ্যপ্রযুক্তিনির্ভর যেকোনো অবকাঠামোর ক্ষতি হবে বলে জানিয়েছিলেন পানেটা।

কেবল গত কয়েক মাসের কথাই যদি ধরা হয়, অজানা সাইবার হামলাকারীরা কম্পিউটার সিস্টেম হ্যাক করে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় পানি সরবরাহ ব্যবস্থায় রাসায়নিক মেশানোর চেষ্টা করে, জ্বালানি তেল সরবরাহের পাইপলাইন বন্ধ করে দেয়, বিশ্বের সবচেয়ে বড় মাংসের কারবারির কার্যক্রমও বন্ধ হয়ে যায়। প্রতি আট মিনিটে সাইবার হামলার শিকার হচ্ছে মার্কিন হাসপাতাল, গ্যাস স্টেশন, গণমাধ্যম, পুলিশ বিভাগসহ নানা জরুরি সেবা। আর এগুলো কেবল হামলার যে ঘটনাগুলো নজরে এসেছে। সাইবার হামলার ঘটনায় এখন পর্যন্ত চীন এবং রাশিয়াকেই বেশি দুষেছে যুক্তরাষ্ট্র। মাঝেমধ্যে উত্তর কোরিয়ার নামও উচ্চারিত হয়েছে। তবে নিশ্চিত করে বলতে পারছে না যুক্তরাষ্ট্র।

দ্য নিউ ইয়র্ক টাইমসের সঙ্গে সাক্ষাৎকারে পানেটা সম্প্রতি প্রশ্ন রেখেছেন, এটা যদি সাইবার পার্ল হারবার না হয় তবে কোনটি?

পানেটা বলেছেন, ‘পার্ল হারবার’ শব্দ দুটি ব্যবহারের জন্য মাঝেমধ্যে অভিযোগ শুনতে হয় তাঁকে। লোকে বলে, শব্দগুলো বুঝেশুনে ব্যবহার করা উচিত। উত্তরে পানেটা বলেন, ‘এর নাম আপনারা যা খুশি দিতে পারেন। এটা জাতীয় নিরাপত্তার জন্য হুমকি। কেবল শব্দগুলো পছন্দ নয় বলে নিজের সঙ্গে বোকামি করবেন না।’