এক দশক পেরিয়ে প্রাণের উত্সব
আমাদের গণিত অলিম্পিয়াডের এক দশক হয়ে গেল। যদিও নিউরনে অনুরণন থেকে শুরু করলে সেটি আরও একটু বয়সী হবে। গণিত অলিম্পিয়াডের শুরু থেকে আমরা সচেষ্ট ছিলাম গণিতের এই আয়োজন যেন তথাকথিত মেধা যাচাইয়ের একটি গতানুগতিক ‘বৃত্তি পরীক্ষায়’ পরিণত না হয়। সে কারণে অলিম্পিয়াডের পরিবর্তে আমরা গণিত উত্সব বলতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। আমাদের উত্সবে তাই কেবল একটি পরীক্ষা থাকে না, থাকে নানা আয়োজন। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো প্রশ্নোত্তর পর্ব। কেন জানি না আমাদের শিক্ষাব্যবস্থায় শিক্ষার্থীদের প্রশ্ন করতে দেওয়া হয় না। তাদের বাধ্য করা হয় ‘উত্তর’ মুখস্থ করতে। আমরা তাদের প্রথম সুযোগ দিলাম প্রশ্ন করতে। আজ পেছনে তাকিয়ে দেখি আমাদের শিক্ষার্থীদের প্রশ্ন করার প্রতি কত আগ্রহ! তাদের চমত্কার ও সুন্দর প্রশ্নে কখনো কখনো হিমশিম খেয়ে যান শিক্ষকেরাও। শুধু গণিত নয়, তাদের প্রশ্নে উঠে আসে বিজ্ঞানের নানা শাখা, আসে দেশ নিয়ে তাদের ভাবনাও। উত্সবে থাকে বন্ধুতা পর্ব। নিজ শিক্ষাপ্রতিষ্ঠান আর এলাকার বাইরে বন্ধু খুঁজে নেওয়ার এই পর্বটি এখন তার আপন গতি করে নিয়েছে। উত্সবে কেবল শিক্ষার্থী, শিক্ষক বা আয়োজকেরা যে থাকেন তা নয়, থাকেন এমন সব ব্যক্তি, যাঁদের সঙ্গে উত্সবের সম্পর্ক খুঁজে নেওয়া কঠিন। গোপালগঞ্জে এক ফরিদপুরবাসীর সঙ্গে দেখা হলো। ছেলে বা মেয়েকে সঙ্গে করে তিনি আসেননি। শুধু খুদে গণিতবিদদের সঙ্গে থাকতে তিনি খুব ভোরে বিছানা ত্যাগ করে কয়েক ঘণ্টার যাত্রার পর শরিক হয়েছেন।২০০৩ সালে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রথম জাতীয় পর্যায়ের অলিম্পিয়াড হয়েছে। তার আগে আমরা নারায়ণগঞ্জ ও রাজবাড়িতে আমাদের এই আয়োজনের সূচনা করেছি। আজ দশক পরিক্রমায় মনে হয়, যে মূল উদ্দেশ্য নিয়ে আমরা যাত্রা শুরু করেছিলাম তার এক দশকের লক্ষ্যমাত্রার অনেকখানি অর্জিত হয়েছে। সম্ভবত বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি দেশের একমাত্র প্রতিষ্ঠান, যাদের ২০৩০ সাল পর্যন্ত লক্ষ্যমাত্রা নির্ধারিত। পাঁচটি স্বপ্নপূরণের লক্ষ্যে জামিলুর রেজা চৌধুরী, মুহম্মদ জাফর ইকবাল, খোদাদাদ খান, লুত্ফুজ্জামান, মোহাম্মদ কায়কোবাদ স্যারদের নেতৃত্বে লড়ে যাচ্ছে একদল গণিতপিপাসু নতুন প্রজন্মের প্রতিনিধি। ২০০৩ সালে ২১৭ জন শিক্ষার্থী নিয়ে প্রথম বাংলাদেশ গণিত অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে। এ বছর ১৭টি আঞ্চলিক উত্সবে অংশ নিয়েছে প্রায় ২২ হাজার শিক্ষার্থী। সেখান থেকে বিজয়ী এক হাজার ৯৫ জন এসেছিল জাতীয় উত্সবে। একটি উত্সব থেকে এটি ছড়িয়ে পড়েছে ১৮টি উত্সবে। ভবিষ্যতে দেশের সব বৃহত্তর জেলায় আঞ্চলিক উত্সবের আয়োজনের ইচ্ছা রয়েছে আমাদের। শুধু জেলা নয়, এ বছর পরীক্ষামূলকভাবে উপজেলা পর্যায়ে একটি উপজেলায় উত্সবের আয়োজন করা হয়েছে। ভবিষ্যতে উপজেলা উত্সবেরও সংখ্যা বাড়ানোর পরিকল্পনা রয়েছে। এর পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে গণিতকে ঘিরে নানা আয়োজন আমরা দেখতে পাচ্ছি। এ আয়োজনগুলোর মধ্যে গণিত অলিম্পিয়াডের পাশাপাশি কর্মশালা, সংখ্যাভ্রমণ ইত্যাদি রয়েছে। কার্যকর রয়েছে গণিত ক্লাব। ইন্টারনেটেও বেশ কিছু গণিত ক্লাব সক্রিয়। বাংলাদেশের গণিত অলিম্পিয়াডের ফোরামে একটি অনলাইন গণিত ক্যাম্পেরও আয়োজন করা হয়।শুধু শিক্ষার্থী বা ভেন্যুসংখ্যা নয়, পাশাপাশি বাড়ছে শিক্ষার্থীদের গাণিতিক উত্কর্ষ। ২০০৩ সালের প্রশ্নপত্রের সঙ্গে এ বছরের প্রশ্নের তুলনা করলে বিষয়টি সহজে বোঝা যাবে। প্রশ্নের মান প্রচলিত অর্থে অনেক কঠিন হয়েছে, এ কথা বলা সম্ভব যদিও শিক্ষার্থীরা ৯০-এর বেশি নম্বর পেয়ে প্রমাণ করেছে তারা এগিয়ে যাচ্ছে। ২০০৩ সালের দিকে অলিম্পিয়াডে প্রশ্নে সাধারণ বিষয়গুলোই প্রাধান্য পেত। তবে এখন এর পাশাপাশি উচ্চতর গণিতের বিষয়বস্তু যোগ করা হচ্ছে। শিক্ষার্থীদের মান উন্নয়নের আরেকটি প্রকাশ আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে আমাদের ফলাফল। প্রতিবছরই আমাদের শিক্ষার্থীরা তাদের পূর্ববর্তী ফলাফলকে অতিক্রম করে যাচ্ছে। ২০১১ সালের নেদারল্যান্ড গণিত অলিম্পিয়াডে বাংলাদেশের ধনঞ্জয় বিশ্বাস মাত্র ১ নম্বরের জন্য রৌপ্যপদক বঞ্চিত হয়েছে। বাংলাদেশের শিক্ষার্থীদের মান উন্নয়ন চোখে পড়েছে বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়গুলোর। কাজেই এখন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়, এমআইটি, ম্যাকগিল, স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে আমাদের অলিম্পিয়াডের বিজয়ীরা সহজেই তাদের স্থান করে নিতে সক্ষম হচ্ছে। দেশেও গণিতের প্রতি বেশ কিছু শিক্ষার্থীর আগ্রহ লক্ষ করা যাচ্ছে। শুরু থেকে গণিত অলিম্পিয়াডের সব ব্যবস্থাপনায় দেশের সবচেয়ে বড় পত্রিকা দৈনিক প্রথম আলো নিজেদের ঘাড় পেতে রেখেছে। ২০০৪ সালে দেশের সবচেয়ে ‘হূদয়বান ব্যাংক’ ডাচ্-বাংলা ব্যাংক এ আন্দোলনের পৃষ্ঠপোষক হিসেবে যুক্ত হয়েছে। সে থেকে আমাদের এ উত্সব ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো গণিত উত্সব। ডাচ্-বাংলা ব্যাংকের সার্বিক পৃষ্ঠপোষকতায় প্রথম আলোর ব্যবস্থাপনায় বন্ধুসভা ও মুভার্সের অক্লান্ত পরিশ্রমে আজ এ উত্সব দেশের শিক্ষার্থীদের প্রাণের মেলায় পরিণত হয়েছে। কেবল শিক্ষার্থী বা তাদের শিক্ষক-অভিভাবক নন, এই উত্সব অনুপ্রাণিত করেছে দেশের সৃজনশীল পুস্তক প্রকাশকদের। দেশে এখন শতাধিক বাংলা ভাষায় গণিতের প্রকাশনা রয়েছে। শুধু তা-ই নয়, এ উত্সব অনুপ্রাণিত করেছে অন্যান্য বিষয়ে অলিম্পিয়াড চালু করার। শুরু হয়েছে বিজ্ঞান, জোতির্বিজ্ঞান, রসায়ন, প্রাণরসায়ন, জীববিজ্ঞান ও পদার্থবিজ্ঞানের অলিম্পিয়াড। এর মধ্যে জ্যোতির্বিজ্ঞান ও পদার্থবিজ্ঞানে অলিম্পিয়াডের বিজয়ীরা আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছে। গণিত অলিম্পিয়াডের মাধ্যমে শিক্ষার্থীদের গণিতের প্রতি আগ্রহী করে গড়ে তোলার এই উদ্যোগের স্বীকৃতি দিয়েছে বাংলাদেশ সরকার। জাতীয় শিক্ষানীতিতে গণিত অলিম্পিয়াডের কর্মকাণ্ডকে যথারীতি স্বীকৃতি দেওয়া হয়েছে। আন্তর্জাতিক পরিমণ্ডলেও এসেছে স্বীকৃতি। শুধু কি প্রতিযোগিতা? না, শিক্ষার্থীদের গণিতের উত্কর্ষ ও দক্ষতা বাড়াতে লড়ছে একদল স্বেচ্ছাসেবী। ছুটির সময় সংখ্যাভ্রমণে বেরিয়ে পড়ে বুয়েটের একদল শিক্ষার্থী, ছুটিতে দেশে এসে লীলাবতী ক্যাম্পের দায়িত্ব নেয় এমআইটির নাজিয়া চৌধুরী, টোকিও বিশ্ববিদ্যালয়ের সৌমেন দাস, ক্যালিফোর্নিয়ায় বসে অনলাইন ক্যাম্প চালায় তানভীর আহমেদ ভুঁইয়া, হার্ভার্ড, স্ট্যানফোর্ড বা নরওয়ে থেকে দেশে এসে আঞ্চলিক উত্সবে যোগ দেয় তারিক আদনান, হক মুহম্মদ ইশফাক বা মামুন অর রশীদ। দক্ষিণ কোরিয়া থেকে এসবের সমন্বয় করে সুব্রত দেবনাথ। নিজের প্রতিষ্ঠান থেকে ছুটি নিয়ে প্রাইমারি গণিত ক্যাম্পের ক্লাস নেয় তামিম শাহরিয়ার, মাহমুদুল হাসান। একাডেমিক কাজের নিশানা আর মাইলস্টোন ঠিক করে দেন জাতীয় গণিত দলের কোচ ড. মাহবুব মজুমদার। আর আমাদের সবার সঙ্গে সারা দেশে গণিতের বার্তা নিয়ে যান ‘এইটটি ইয়ার্স ইয়ং’ খোদাদাদ খান ও লুত্ফুজ্জামান স্যার। ২০১১ সালে জাতীয় ও বর্ধিত ক্যাম্প ছাড়াও এসএসসি পরীক্ষার্থীদের জন্য, প্রাইমারি শিক্ষার্থীদের জন্য এবং ঢাকার বাইরে বরিশালেও আয়োজন করা হয়েছে গণিত ক্যাম্পের। কেবল ছাত্রীদের জন্য হয়েছে ‘প্রথম লীলাবতী ক্যাম্প’। গণিত অলিম্পিয়াডের দ্বিতীয় দশকের লক্ষ্য, শিক্ষার্থীদের গাণিতিক দক্ষতা বাড়ানোর লড়াই তাই শুরু হয়েছে নীরবে।জ্ঞানভিত্তিক একটি সমাজ গঠনের লড়াইয়ে একদিন সামনে থেকে যারা নেতৃত্ব দেবে তাদের অনুশীলন শুরু হয়েছে। প্রস্তুতিও চলছে পুরোদমে। আগামী দশকজুড়ে তাই আমাদের কর্মকাণ্ডের অনেকখানি জুড়ে থাকবে ক্যাম্প, সংখ্যাভ্রমণ, জ্যামিতি ইশকুল। বছরে দুটি লীলাবতী ও প্রাইমারি ক্যাম্প, কয়েকটি বিশেষ ক্যাম্প, ঢাকার বাইরে আঞ্চলিক ক্যাম্প এসবের সংখ্যা বাড়ানো হবে। যথারীতি আমরা আয়োজনের জন্য প্রয়োজনীয় অর্থসংকটেও পড়ব। যেমনটি পড়ব আবাসিক ক্যাম্পের জন্য জায়গার! তবে, শেষ পর্যন্ত আমরা এসব অতিক্রম করতে পারব। কারণ, আমাদের এই লড়াইয়ে ‘আমরা নই একা’। এবং আমাদের ‘বুকের গভীরে, আমরা জেনেছিগণিত করব জয় নিশ্চয়।’সবার সেকেন্ড ডিফারেন্সিয়াল নেগেটিভ হোক।