এক দশকে অবিশ্বাস্য কয়েকটি উদ্যোগ
গত ১০ বছরে বাজারে এমন কিছু প্রযুক্তি উদ্যোগ এসেছে, যা প্রযুক্তির ব্যাপক উৎকর্ষ সাধন করছে। সহজ করেছে মানুষের জীবনযাত্রাও। আগে যেমন উবার অ্যাপ ব্যবহার করে ট্যাক্সি ডাকা যেত না, ইন্টারনেট চালানো যেত না গুগল ক্রোমে, এমনকি ছিল না জনপ্রিয় অ্যান্ড্রয়েডও। ২০০৭ সাল থেকে এখন পর্যন্ত আবিষ্কৃত সে ধরনের কয়েকটি প্রযুক্তি উদ্যোগের কথা থাকছে এখানে—

গুগল ক্রোম
গুগল ২০০৮ সালের ১ সেপ্টেম্বর এমন একটি ব্রাউজার আনে, যা দেখতে এবং কর্মদক্ষতায় সুবিন্যস্ত ও সহজ। গুগল ক্রোম হচ্ছে সেই ব্রাউজার। গুগলের তৎকালীন পণ্য ব্যবস্থাপনা বিভাগের উপপ্রধান (বর্তমানে প্রধান নির্বাহী কর্মকর্তা) সুন্দর পিচাই একটি ব্লগে বলেছিলেন, গুগলের মূল পাতার মতোই গুগল ক্রোমকে পরিষ্কার ও উচ্চগতির করা হয়েছে। বর্তমানে সবচেয়ে উচ্চক্ষমতার ব্রাউজার এটি।

ইনস্টাগ্রাম
ছবি শেয়ার করার শীর্ষ সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রাম। উন্মোচন করার প্রথম দিনেই প্রায় ২৫ হাজার ব্যবহারকারী হয় অ্যাপটির। ২০১১ সালে অ্যাপলের অ্যাপ স্টোরে সেরা অ্যাপ নির্বাচিত হয় ইনস্টাগ্রাম। ২০১২ সালে ফেসবুক ১০০ কোটি মার্কিন ডলারে কিনে নেয় অ্যাপটিকে। বর্তমানে প্রতিদিন প্রায় ২০ কোটি সক্রিয় ব্যবহারকারী থাকা ইনস্টাগ্রাম উন্মোচন করা হয় ২০১০-এর অক্টোবরে।

অ্যান্ড্রয়েড
আজ সবার হাতে হাতে স্মার্টফোন চলে এসেছে অ্যান্ড্রয়েডের বদৌলতে। গুগল শুরুর দিকে এ রকমটাই আশা করে বলেছিল, অ্যান্ড্রয়েডের কল্যাণে তারা একসময় হাজার হাজার ফোন তৈরি করতে পারবে। জি ফোনের মাধ্যমেই অ্যান্ড্রয়েড সংস্করণ বাজারে ছাড়া হয়েছিল। বর্তমানে সারা পৃথিবীতে ২০০ কোটির বেশি সক্রিয় ব্যবহারকারী রয়েছে অ্যান্ড্রয়েডের। অ্যান্ড্রয়েড সবার জন্য উন্মুক্ত করা হয় ২০০৭ সালের নভেম্বরে।

উবার
অ্যাপভিত্তিক ট্যাক্সিসেবা প্রদানকারী উবার বাজারে এসেই মন জুগিয়ে নেয় সবার। নিজের গাড়িকেই ট্যাক্সি হিসেবে ব্যবহার করে বাড়তি আয়ের সুযোগ করে দেয় উবার। ট্যাক্সির জন্য অপেক্ষা না করে স্মার্টফোনেই অ্যাপের মাধ্যমেই ডাক দেওয়া যায় উবার নিবন্ধিত গাড়িকে। তবে গত কয়েক মাসে একের পর এক সমালোচনায় জড়ালেও উবার এখনো বিশ্বের সবচেয়ে দামি উদ্যোগ। সাত হাজার কোটি মার্কিন ডলার মূল্যের উবার চালু হয় ২০০৯ সালের মার্চে।

৪জি নেটওয়ার্ক
মোবাইল ইন্টারনেটকে আরও দ্রুতগতির করে তোলার লক্ষ্যে বাজারে আসে চতুর্থ প্রজন্মের নেটওয়ার্ক বা ৪জি। এইচটিসি ইভো ছিল প্রথম ৪জি মোবাইল। আর আইফোন ৫ ছিল প্রথম ৪জি আইফোন। ৫জি আসার আগ পর্যন্ত ৭ বছর জনপ্রিয় ছিল ২০১০ সালে আসা এই ৪জি নেটওয়ার্ক।

কিকস্টার্টার
স্বতন্ত্র প্রতিষ্ঠান, ধারণা বা পণ্য প্রচারণার ওয়েবসাইট কিকস্টার্টার ]নতুন উদ্যোক্তাদের কাছে খুবই জনপ্রিয় একটি মাধ্যম। নতুন কিছু উদ্ভাবন করে সেটি কিকস্টারটারের মাধ্যমে এর জন্য মূলধন অর্জন করা যায়। ২০০৯ সালের এপ্রিলে চালু হওয়া কিকস্টারটার এ পর্যন্ত এক কোটির বেশি প্রকল্পকে সফল হতে সহায়তা করেছে, জমা করে দিয়েছে ৩০০ কোটি মার্কিন ডলারের বেশি।

স্পোটিফাই
অনলাইনে গান শোনা ও সংরক্ষণ করার অ্যাপভিত্তিক স্পোটিফাই পরীক্ষামূলকভাবে বাজারে আসে ২০০৭ সালে। প্রথম দিকে এর ফ্রি অ্যাপটি পেতে ব্যবহারকারী দ্বারা আমন্ত্রিত হওয়া লাগত। ২০০৮ সালের অক্টোবরে বাজারে আসা স্পোটিফাইয়ের বর্তমানে ১৪ কোটির বেশি সক্রিয় ব্যবহারকারী রয়েছে।
শাওন খান, সূত্র: বিজনেস ইনসাইডার