এক দশকে ঘর ভরবে ইন্টারনেটযুক্ত পণ্যে
ভুল করে বাতি না নিভিয়ে বাড়ি থেকে বেরিয়ে এসেছেন, ঘরে ওয়াশিং মেশিনটা চালু রয়েছে? প্রযুক্তি ব্যবস্থাপনা নিয়ে এমন নানা দুশ্চিন্তার সমাধান নিয়ে এসেছে মোবাইল ফোন অ্যাপ্লিকেশন। ইদানিং অনেক অ্যাপ্লিকেশন ব্যবহার করে দূর থেকেই নিয়ন্ত্রণ করা যায় এইসব প্রযুক্তিপণ্য। খবর বার্তা সংস্থা রয়টার্সের।ইন্টারনেট সংযোগের ওয়াশিং মেশিন, স্মার্ট রেফ্রিজারেটর থেকে শুরু করে বাথরুমে ব্যবহূত পণ্যেও লাগছে প্রযুক্তির ছোঁয়া। প্রতিটি বাড়িতেই ইন্টারনেট সংযুক্ত প্রযুক্তিপণ্যের সংখ্যা বাড়ছে আর অ্যাপ্লিকেশনের মাধ্যমে প্রযুক্তিপণ্যগুলো নিয়ন্ত্রণের হারও বাড়ছে।প্রযুক্তি গবেষকেরা জানিয়েছেন, ২০২২ সাল নাগাদ যেসব বাড়িতে কমপক্ষে দুজন তরুণ বাস করবেন, প্রতিটি বাড়িতে গড়ে ৫০ টিরও বেশি ইন্টারনেটযুক্ত পণ্য থাকবে। বর্তমানে গড়ে ইন্টারনেটযুক্ত ১০ টি পণ্য এ ধরনের পরিবারে রয়েছে। ইকনমিক কো-অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট নামের একটি আন্তর্জাতিক আর্থিক সংস্থা এ পূর্বাভাস দিয়েছে।বাজার গবেষণা প্রতিষ্ঠান গার্টনারের গবেষকেরাও জানিয়েছেন, প্রতিটি বাড়িতে ইন্টারনেট সংযুক্ত পণ্যের ব্যবহার বাড়ছে। বাড়িতে বসেই স্মার্টফোন, ট্যাবলেট ব্যবহারের হার বেড়ে যাচ্ছে।গবেষকেরা জানিয়েছেন, প্রযুক্তির ব্যবহার করে বাড়ির নানা কাজ নিয়ন্ত্রণ করার বিষয়টি জনপ্রিয় হয়ে উঠছে। সম্প্রতি ঘর মোছা, শুকানোর মতো কাজগুলো অ্যান্ড্রয়েড স্মার্টফোনের অ্যাপ্লিকেশন থেকে রোবটকে নির্দেশনা দিয়ে করিয়ে নেওয়া যায়। আবার কাজ শেষে স্মার্টফোনে তার নোটিফিকেশন চলে আসে। স্যামসাং এ ধরনের প্রযুক্তি উদ্ভাবন করেছে। ফিলিপস উদ্ভাবন করেছে স্মার্টফোন নিয়ন্ত্রিত বাতি। স্মার্টফোনের অ্যাপ্লিকেশনের মাধ্যমে দূর থেকেই বাতি বন্ধ বা সুইচ অন করা যায়। ঘরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করার প্রযুক্তিও তৈরি করেছে নেস্ট মোবাইল নামের একটি প্রতিষ্ঠান।বাড়ির মানুষের স্বাস্থ্য, খাবারের বিষয়গুলোর প্রতি নজর রাখা, বাড়ির নিরাপত্তা, পোষা প্রাণী, গাছপালার যত্নআত্তি থেকে শুরু করে ঘর সাজানোর নানা অ্যাপ্লিকেশন পাওয়া যায়।প্রযুক্তির ব্যবহারে নানা সুবিধার সঙ্গে অসুবিধা আছে একটি। আর তা হচ্ছে প্রাইভেসি বা ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘনের আশঙ্কা। এ বিষয়টিতে সচেতন হলেই প্রযুক্তির সুবিধা এখন মানুষের হাতের নাগালেই।