
হাজার হাজার স্বপ্ন ভিড় করে চোখের তারায়। সবচেয়ে বড় স্বপ্ন, নিজেকে পাওয়া। পৃথিবীতে প্রতিদিনই দেখি যুদ্ধের দামামা। যুদ্ধ না থামালে যুদ্ধই থামিয়ে দেবে পৃথিবীকে। তাই ভাবি, বিশ্বখ্যাত লেখক হব। আমার লেখায় উঠে আসবে মানবতার জয়গান! স্বপ্ন দেখি শিশুদের জন্য ভীষণ সুন্দর এক পৃথিবী গড়ে তোলার। নারীবাদী আন্দোলনে কাজ করার। বড় বড় স্বপ্নের আয়নায় যখন বাস্তবতা প্রতিফলিত হয়, তখন জীবনের রং হয়ে যায় ভীষণ রকমের ভিন্ন। কলেজ শেষ করে বিশ্ববিদ্যালয়জীবনের হাতছানি, বাবা-মাকে খুশি করার মতো দারুণ কঠিন সমীকরণের সমাধান খোঁজা—সব মিলিয়ে আমার স্বপ্ন আমাকে আনমনা করে দেয়। তার পরও সুপ্ত সত্তার খোঁজে নিরন্তর স্বপ্নের পথচলা।
সামনে অসংখ্য পথ, অসংখ্য মত, জীবনযুদ্ধের নানা পথ—কী হতে চাই আমি—বিজ্ঞানী, প্রকৌশলী, নাকি রাষ্ট্রদূত? প্রতিযোগিতার চাপে পিষ্ট হতে হতে মনুষ্যত্ববোধটাকেই যে সবচেয়ে বেশি মিস করি! সব ছেড়েছুড়ে দিয়ে তাই এক দিনের জন্য মানুষ হতে ইচ্ছা করে।