এক দিনের সান্তা
শুভ্র শ্মশ্রুমণ্ডিত হাসিখুশি মুখ, লাল-সাদা পোশাক, কাঁধে উপহারের ঝোলা—মজার এক চরিত্র সান্তা ক্লজ। বড়দিনের আয়োজনে ছোটরা তো বটেই, বড়রাও ভিড় করেন তাঁকে ঘিরে। ছোটদের আবদার চকলেট আর উপহারের। বড়দের চাওয়া, সান্তা ক্লজের পাশে দাঁড়িয়ে তোলা একখানা ছবি। যাঁকে ঘিরে এত আগ্রহ, তাঁর কাছে দিনটা কেমন? ছোটরা তাঁকে ‘আকাশ থেকে নেমে আসা কোনো কাল্পনিক চরিত্র’ ভাবলেও, বেশভূষার আড়ালে তো একজন রক্ত-মাংসের মানুষই থাকেন! এমনই তিনজনের মুখোমুখি হয়েছিলাম আমরা। ঢাকার তিনটি তারকা হোটেলে বড়দিনের আয়োজনে সান্তা সাজেন তাঁরা। প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের উজ্জ্বল মিয়া, রূপসী বাংলা হোটেলের মো. জহুরুল হক এবং ওয়েস্টিন ঢাকার সাজ্জাদ ওয়াহিদ। তিনজনের কাছে জানতে চাওয়া হয়েছিল এক দিনের সান্তা হওয়ার অভিজ্ঞতা। তাঁদের গল্প শুনতে শুনতে মনে হচ্ছিল, তাঁরা কেবল এক দিনের সান্তাই নন, এক দিনের তারকাও!

উজ্জ্বল সান্তা
উজ্জ্বল মিয়ার সঙ্গে প্রথম দর্শনে রীতিমতো ভড়কে যেতে হলো! আগেই যোগাযোগ হয়েছে। আমাদের অনুরোধে সান্তার বেশে অপেক্ষা করছিলেন তিনি। প্যান

প্যাসিফিক সোনারগাঁও হোটেলের বলরুমে যে বিশালদেহী মানুষটা হেলেদুলে হাজির হলেন, তিনিই কিছু্ক্ষণ আগে মুঠোফোনের ওপ্রান্তে কথা বলছিলেন, ব্যাপারটা ঠিক বিশ্বাস হচ্ছিল না! বিভ্রান্ত দৃষ্টি দেখে দাড়ি-গোঁফের আড়ালে উজ্জ্বল মিয়া হাসলেন। ‘এত বড় পেট দেখে ভয় পাবেন না। এটা নকল।’ বলে আশ্বস্ত করলেন। পুরোদস্তুর সান্তা বনে গেছেন তিনি।
উজ্জ্বল মিয়ার বাড়ি গাজীপুরে। ছোটবেলায় সেখানে উন্মুক্ত শিশু থিয়েটারে কাজ করেছেন, অংশ নিয়েছেন শিশু নাট্যশালায়। পরবর্তী সময়ে নটসূর্য থিয়েটারেও কাজ করেছেন। বর্তমানে সোনারগাঁও হোটেলের সার্ভিস ডিপার্টমেন্টে কর্মরত হাসিখুশি এই মানুষ কাজের চাপে থিয়েটারে কাজ করতে না পারলেও, অভিনয়ের প্রতি তাঁর ঝোঁকটা এখনো আছে। তাই এক দিনের সান্তা হওয়ার অভিজ্ঞতাও তাঁর কাছে দারুণ। ‘সান্তা সেজে সবার সঙ্গে মিশে যাই। খুব মজা লাগে। সবাই ছবি তুলতে চায়। বাচ্চাদের চকলেট-ক্যান্ডি দিই, খুব খুশি হয়।’ মজার কোনো ঘটনা মনে করতে গিয়ে উজ্জ্বল আরও বলছিলেন, ‘একবার একটা বাচ্চা ছেলে তো বিপাকেই ফেলে দিল। সে আমাকে তার বাসায় নিয়ে যাবে। যাবেই যাবে! কিছুতেই রেখে যেতে চায় না। সে কী কান্ড!’
হোটেলের বলরুমে উজ্জ্বলের সঙ্গে গল্প করাটা কঠিন হয়ে গেল। ততক্ষণে ভিড় জমে গেছে। সোনারগাঁও হোটেলে আগত অতিথিরা সান্তার সঙ্গে ছবি তুলতে চান। বড়দিনের আগেই হয়ে গেলেন আবার সান্তা।

স্বপ্ন থেকে আসা
রূপসী বাংলা হোটেলের কর্মী জহুরুল হক। তাঁর অভিজ্ঞতার ঝুলিতেও যে এক দিনের সান্তা হওয়ার গল্প আছে, তা আগেই জানা। তাই ঝোলা কাঁধে যখন আমাদের

সামনে হাজির হলেন, তাঁকে চিনতে অসুবিধা হলো না।
জহুরুলের বাড়ি মানিকগঞ্জ। রূপসী বাংলা হোটেলে আছেন প্রায় ছয় বছর। বড়দিনে সান্তা সেজেছেন চারবার। বলছিলেন, ‘প্রথমবার যখন আমাকে বলা হলো, খুবই অবাক হয়েছিলাম। তবু, ভেবেছিলাম অল্প কিছু ছেলেমেয়ে আসবে হয়তো। লবিতে ক্যাপসুল লিফটে যখন নামছিলাম, নিচ থেকে আমাকে দেখেই ছেলেমেয়েরা হইহই করে উঠল। একসঙ্গে এত মানুষ আমার দিকে ছুটে আসছে, দেখে প্রথমে বুক কেঁপে গিয়েছিল। পরে বাচ্চারা যখন ঘিরে ধরল, কেউ হাত ধরে টানে, কেউ উপহার চায়, কেউ ছবি তোলে—কিছুক্ষণের মধ্যে আমিও মজা পেয়ে গেলাম। এরপর থেকে বেশ ভালো লাগে।’ জহুরুল জানালেন, হোটেলে সারা বছর হাজিরা দিতে হলেও, এই একটা দিন তাঁর কাছে অন্য রকম। সারা দিন কাটে আনন্দে, সারা দিন তিনি থাকেন উৎসবের মধ্যমণি। বললেন একটা মজার স্মৃতিও। একবার একটা বাচ্চা ছেলে জহুরুলের হাতে একটা চিঠি গুঁজে দিয়েছিল। সেখানে লেখা ছিল, ‘সান্তা, আমি গত রাতে তোমাকে স্বপ্ন দেখেছি। তুমি আমার জন্য প্রার্থনা করো।’ হাসতে হাসতে জহুরুল বলছিলেন, ‘বাচ্চারা মনে করে, আমি ওপর থেকে নেমে আসা কাল্পনিক কোনো চরিত্র।’

কোথা থেকে এল?
বছরের একটা দিন সান্তার ভূমিকায় হাজির হলেও, অন্য দিনগুলোতে হোটেলের ‘হাউস কিপিং’য়ের দায়িত্ব পালন করেন সাজ্জাদ ওয়াহিদ।

‘সান্তা ক্লজের তো একটা নিজস্ব ভাবমূর্তি আছে, তাই তাঁর পোশাকে যা খুশি করা যায় না। ছোট-বড় সবার কাছেই সে প্রিয়। সান্তা সেজে আমার কাছেও খুব ভালো লাগে। বাচ্চারা আনন্দ পায়, এটাই বড়। কেউ বলে “আমার গিফট কোথায়”, কেউ বলে “তুমি কোথা থেকে এসেছ?”—মজায় কাটে দিনটা। কোনো বাচ্চার মন খারাপ থাকলে আমি তাকে কোলে নিই, তখন হেসে ফেলে।’ সাজ্জাদ যখন সান্তা সাজার অভিজ্ঞতা বলছিলেন, মনে হচ্ছিল, কথাগুলো যেন আগেও শোনা হয়েছে। হাসি, আনন্দ, মজা, ভালো লাগা—শব্দগুলো মিলে যায় সব সান্তার সঙ্গেই!