বাসা কিংবা অফিসের একটি প্রিন্টার দিয়ে শুধু একজন ব্যবহারকারী নয় বরং লোকাল এরিয়া নেটওয়ার্ক বা ল্যানেযুক্ত একাধিক কম্পিউটার ব্যবহারকারী সবাই মিলে তাতে প্রিন্ট করতে পারবে। প্রিন্টার সাধারণত দুধরনের। কম্পিউটারে সরাসরি ইউএসবি তারে সংযুক্ত প্রিন্টার, আরেকটি হলো নেটওয়ার্ক প্রিন্টার, যা তার বা তারহীনভাবে যুক্ত থাকে। ইউএসবি প্রিন্টার হলে সেটি কোনো একটি কম্পিউটারে লাগিয়ে এর চালক সফটওয়্যার বা ড্রাইভার ইনস্টল করতে হবে। তারপর সেটি শেয়ার বা ভাগাভাগি করলে ল্যানে থাকা সব কম্পিউটার সেটি পাবে।
ইনস্টল করা প্রিন্টার ল্যানে ভাগাভাগি: উইন্ডোজ এক্সপির ক্ষেত্রে স্টার্ট বোতামে ক্লিক করে প্রিন্টার অ্যান্ড ফ্যাক্সেস, সেখান থেকে ইনস্টল করা প্রিন্টারটির ওপর ডান ক্লিক করে শেয়ারিং অপশন ক্লিক করতে হবে। এবার শেয়ার দিস প্রিন্টার অপশনটি নির্বাচন করে প্রিন্টার বা অন্য একটি নাম লিখে ওকে চাপতে হবে। উইন্ডোজ ৭-এর ক্ষেত্রে স্টার্ট বোতামে ক্লিক করে ডিভাইস অ্যান্ড প্রিন্টারস, সেখান থেকে ইনস্টল করা প্রিন্টারটির ওপর ডান ক্লিক করে প্রিন্টার প্রপার্টিজ অপশনে ক্লিক করতে হবে। এবার শেয়ার ট্যাবে ক্লিক করে শেয়ার দিস প্রিন্টার টিক দিয়ে প্রিন্টার বা অন্য একটি নাম লিখে ওকে চাপতে হবে। এখানে উল্লেখ্য, শেয়ারড প্রিন্টার পদ্ধতিতে অন্যরা প্রিন্ট করার সময় প্রিন্টারযুক্ত কম্পিউটারটি চালু রাখতে হবে।
অন্য কম্পিউটারে প্রিন্টার ইনস্টল: উইন্ডোজ এক্সপিতে স্টার্ট বোতাম চেপে প্রিন্টার অ্যান্ড ফ্যাক্সেস, সেখান থেকে ওপরের অ্যাডে প্রিন্টার ট্যাবে ক্লিক করে নেক্সট, তারপর অ্যা নেটওয়ার্ক প্রিন্টার...অপশনটি নির্বাচন করে নেক্সট, কানেক্ট টু দিস প্রিন্টার অপশনে টিক দিয়ে নিচের বক্সে দুটি ব্যাক স্ল্যাশ দিয়ে যে কম্পিউটারটিতে প্রিন্টার ইনস্টল করা হয় তার নাম, তারপর আরেকটি ব্যাক স্ল্যাশ দিয়ে শেয়ার করা প্রিন্টারটির নাম লিখে নেক্সট চাপতে হবে। অথবা সরাসরি নেক্সট চাপলেও নেটওয়ার্কে বিদ্যমান প্রিন্টারের একটি তালিকা আসবে, সেখান থেকে সঠিক প্রিন্টারটি নির্বাচন করলে যে কম্পিউটারে প্রিন্টার ইনস্টল করা হয়েছে সেই ব্যবহারকারীর নাম এবং পাসওয়ার্ড দিয়ে দুবার ইয়েস চেপে ফিনিশ ক্লিক করতে হবে। উইন্ডোজ সাতে স্টার্ট বোতামে ক্লিক করে ডিভাইস অ্যান্ড প্রিন্টারস, সেখান থেকে অ্যাডে প্রিন্টার ট্যাবে ক্লিক করে অ্যাডে নেটওয়ার্ক...ক্লিক করলে নেটওয়ার্কে থাকা প্রিন্টারের তালিকা দেখাবে। সেখান থেকে সঠিক প্রিন্টারটি নির্বাচন করতে হবে। না দেখালে নিচের অপশন থেকে দ্য প্রিন্টার দ্যাট...ক্লিক করে সিলেক্ট শেয়ারড প্রিন্টার বাই নেম নির্বাচন করে নিচের বক্সে শেয়ার করা প্রিন্টারটির নাম লিখে নেক্সট চেপে এক্সপির মতো বাকি ধাপ সম্পন্ন করতে হবে। সবশেষে একটি টেস্ট প্রিন্ট করে এর কার্যকারিতা পরীক্ষা করে দেখতে হবে।
— মঈন চৌধুরী