নবীনদের জন্য জুমলা ভিজ্যুয়াল গাইড \ লেখক: পার্থ সারথি কর\ দাম: ২০০ টাকা \ পৃষ্ঠা: ১৬৮ \ প্রকাশক: তাম্রলিপি, ঢাকা \বর্তমানে ওয়েবসাইট তৈরি করা বিভিন্ন প্রতিষ্ঠান বা ব্যক্তির নিয়মিত একটি কাজ বলা যায়। ওয়েবসাইট তৈরির জনপ্রিয় একটি কনটেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম (সিএমএস) জুমলা। মুক্ত সফটওয়্যার জুমলার সাহায্যে তৈরি করা সম্ভব পছন্দসই ওয়েবসাইট। জুমলার নানা তথ্য নিয়ে প্রকাশিত হয়েছে নবীনদের জন্য জুমলা ভিজ্যুয়াল গাইড নামের বইটি। এটি লিখেছেন পার্থ সারথি কর। ১৮টি অধ্যায়ের বইটিতে হাতেকলমে জুমলা শেখার পদ্ধতি তুলে ধরা হয়েছে। যাঁদের ওয়েবসাইটের গঠন-প্রকৃতি সম্পর্কে ধারণা আছে কিন্তু প্রোগ্রামিংয়ে দক্ষতা নেই, তাঁরাও চাইলে বইটি পড়ে শিখে নিতে পারবেন ওয়েবসাইট তৈরির পদ্ধতি। জুমলা ১.৭ ব্যবহার করে লেখা বইটিতে জুমলার ব্যাকএন্ড ও ফ্রন্টএন্ডের পরিচিতির সঙ্গে একটি ওয়েবসাইট কীভাবে তৈরি করতে হবে, তা প্রয়োজনীয় ছবিসহ বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। জুমলা দিয়ে তৈরি সাইটের নিরাপত্তা ও জুমলা শিখে কীভাবে একজন দক্ষ ফ্রিল্যান্সার হওয়া যায়, তা নিয়েও রয়েছে আলোচনা। বইটির নানা অধ্যায়ের মধ্যে রয়েছে জুমলা ইনস্টলেশন, ক্যাটাগরি তৈরি, আর্টিকল যোগ, মেন্যু, মডিউল, কম্পোনেন্ট, প্লাগিন ব্যবস্থাপনা, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, বেসিক টেমপ্লেট ডিজাইন ইত্যাদি। —নুরুন্নবী চৌধুরী