এক বছরের মধ্যেই মন্ত্রণালয়গুলোর নিজস্ব অ্যাপ

সরকারের সব মন্ত্রণালয় ও সংস্থার জন্য ৩০০ অ্যাপস তৈরির উদ্যোগ নিয়েছে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ। অ্যাপস তৈরি করবে ইথিকস অ্যাডভান্সড টেকনোলজি (ইএটিএল)।
বাংলা ভাষায় অ্যান্ড্রয়েডভিত্তিক ৫০০ মোবাইল অ্যাপ্লিকেশন তৈরির জন্য ৩১ আগস্ট তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগ ও অ্যাপস নির্মাতাপ্রতিষ্ঠান ইএটিএল (ইথিকস অ্যাডভান্সড টেকনোলজি লি.) সমঝোতা স্মারক সই করেছে।
রাজধানীর আগারগাঁওয়ে বিসিসি (বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল) ভবনে এ সমঝোতা স্মারক সই হয়। এতে আইসিটি বিভাগের পক্ষে সই করেন সচিব নজরুল ইসলাম খান ও ইএটিএলের পক্ষে সই করেন ব্যবস্থাপনা পরিচালক এম এ মুবিন খান।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ৫০০-এর মধ্যে ৩০০ অ্যাপস সরকারের মন্ত্রণালয় ও সংস্থাগুলোর তথ্য ও সেবার জন্য এবং বাকি ২০০ অ্যাপস প্রতিযোগিতামূলক কার্যক্রমের মাধ্যমে পাওয়া নতুন সৃজনশীল ধারণার ওপর তৈরি হবে।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ সূত্রে জানা গেছে, কয়েক দিনের মধ্যেই এই অ্যাপস তৈরির কাজ শুরু হচ্ছে। বছরমেয়াদি এই কার্যক্রম শেষ হলেই সব মন্ত্রণালয়ের নিজস্ব অ্যাপস থাকবে। ইতিমধ্যে এর জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দও হয়ে গেছে। সব মন্ত্রণালয়ের অ্যাপস তৈরির বিষয়টি সরকারের একটি বড় উদ্যোগ।
এম এ মুবিন খান জানিয়েছেন, এক বছরের মধ্যেই সব মন্ত্রণালয়ের অ্যাপস তৈরি সম্পন্ন হবে। সরকারি খরচে তৈরি হচ্ছে এই অ্যাপস।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আইসিটি বিভাগের অতিরিক্ত সচিব কামাল উদ্দিন আহমেদ, যুগ্ম সচিব শ্যামা প্রসাদ বেপারী, সুশান্ত কুমার সাহা এবং ইএটিএলের পক্ষে রাজেশ পালিত, এইচ এম মোস্তফা কামাল, সহিদুল ইসলাম ও সুজিত কুমার সাহা।
এদিকে, জাতীয় পর্যায়ে মোবাইল অ্যাপস প্রশিক্ষক ও সৃজনশীল অ্যাপস উন্নয়ন শিরোনামের এই কর্মসূচির আওতায় দেশের সাতটি বিভাগের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ৫০০ জন তরুণ-তরুণীকে মোবাইল অ্যাপস উন্নয়নের ওপর তিন মাসের প্রশিক্ষণ দেওয়া হবে বলে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।