এক ভারত এক কল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের মুঠোফোন গ্রাহকদের জন্য সুখবর বয়ে নিয়ে এসেছে ভারতের কেন্দ্রীয় টেলিযোগাযোগমন্ত্রী কপিল সিবাল। সোমবার দিল্লিতে তিনি জানিয়ে দিয়েছেন, শিগগিরই ভারতে উঠে যাচ্ছে মুঠোফোনের রোমিং মাশুল। অর্থাৎ সব রাজ্যে সমানহারে প্রযোজ্য হবে মুঠোফোনে কল করার খরচ। পশ্চিমবঙ্গের মুঠোফোন গ্রাহকেরা ভারতের অন্য কোনো রাজ্যে গেলে সেই মুঠোফোনে কথা বলতে গেলে আগত ও বহির্গামী উভয় কলের ওপর মাশুল দিতে হতো। এই মাশুল ছিল সাধারণ কলের প্রায় দ্বিগুণ বা তিন গুণ। গ্রাহকদের এই সমস্যার কথা বিবেচনা করে এবার ভারতের কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত নিয়েছে, যে রাজ্যের ফোনই হোক না কেন, অন্য কোনো রাজ্যে গেলে সেই ফোনে কোনো রোমিং মাশুল চাপানো হবে না। ওই ফোনেই লোকাল কল হিসেবে কথা বলা যাবে। অর্থাৎ এক জায়গা থেকে কেউ অন্যত্র গেলে বা কর্মসূত্রে বদলি হলে তাঁর ফোন নম্বর পরিবর্তন করতে হবে না। ওই ফোনেই ভারতের যেকোনো রাজ্য থেকে ফোন করা যাবে, দিতে হবে না রোমিং মাশুল। একই সঙ্গে এ কথা বলা হয়েছে, লোকাল কল এবং এসটিডি কল বলে কিছু থাকছে না। হবে এক ভারত এক কল। মাশুলও হবে এক। গোটা ভারতই লোকাল কলের আওতায় চলে আসবে। টেলিযোগাযোগমন্ত্রী কপিল সিবাল নতুন টেলিকমনীতি ঘোষণা করে আরও বলেছেন, শিগগিরই ভারতে বাড়ানো হচ্ছে ব্রডব্যান্ডের গতি এবং গ্রাহকসংখ্যা। —অমর সাহা, কলকাতা