এক ভুবনের ছয় বাসিন্দা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছবিতে বাঁ থেকে ইস্কান্দার মির্জা, তানজিমা তাবাসসুম, মুস্তাকিনা তারিন, ইরিন সুলতানা, নাহিদা আকতার ও মহসিন কবির। ছবি: লেখক
ছবিতে বাঁ থেকে ইস্কান্দার মির্জা, তানজিমা তাবাসসুম, মুস্তাকিনা তারিন, ইরিন সুলতানা, নাহিদা আকতার ও মহসিন কবির। ছবি: লেখক

ভরদুপুরে ঢাকা শহরের রাস্তাঘাটে তুলনামূলক কম যানজট থাকে। তাই কারওয়ান বাজার থেকে শাহবাগ যেতে বেশি বেগ পেতে হলো না। নবীন ছয় শিল্পীর সঙ্গে আলাপচারিতার উদ্দেশ্যেই চারুকলায় আসা। প্রাচ্যকলা ধারার ছয় নবীন শিল্পীর অংশগ্রহণে গত ২২-২৮ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জয়নুল গ্যালারিতে প্রদর্শিত হলো ‘ষড়ঙ্গ’ শিরোনামের চিত্রপ্রদর্শনী।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের প্রাচ্যকলা বিভাগের মাস্টার্স পর্বের শিক্ষার্থী মুস্তাকিনা তারিন, মহসিন কবির, ইস্কান্দার মীর্জা, আইরিন সুলতানা, নাহিদা আকতার, তানজিমা তাবাসসুম। একটি প্রশ্ন অনেকক্ষণ ধরেই মাথায় ঘুরপাক খাচ্ছিল, প্রদর্শনীর নাম ষড়ঙ্গ কেন? মহসিন কবির জানালেন, ছয়জনের রং নিয়ে রঙে মেতে ওঠার কিছুটা নমুনা এখানে প্রদর্শিত হয়েছে বলেই এমন নাম। আলাপের মধ্যে জানা যায়, আইরিন ষষ্ঠ শ্রেণীতে পড়ার সময় ভালোবাসা দিবসে মাকে একটি ছবি এঁকে উপহার দিয়েছিলেন। ছবিটি পেয়ে মা এতই মুগ্ধ হয়েছিলেন যে তা দেখার পর আইরিন ভাবলেন বড় হয়ে তিনি শিল্পীই হবেন। আইরিন পেইন্টিংয়ে নারী ও আলো-ছায়া নিয়ে কাজ করতে পছন্দ করেন।
ঝিনাইদহের ছেলে ইস্কান্দার মীর্জার সঙ্গে কথা বলেই মনে হলো যেন এই মানুষটার মাথাভর্তি ছবি আঁকার পোকা। এক নিঃশ্বাসে নিজের কাজ সম্পর্কে অনেক কথা বলে গেলেন। বাস্তবধর্মী চিত্রকলাই তাঁর আগ্রহের কেন্দ্রবিন্দু। সামনেই নিজের আরেকটি একক প্রদর্শনীর কথা ভাবছেন। তানজিমা কাজ করছেন মিনিয়েচার চিত্রকর্ম নিয়ে। এই প্রদর্শনীতেও তাঁর একটি মোগল মিনিয়েচার স্থান পেয়েছিল। মিনিয়েচার নিয়ে কাজ করার অভিজ্ঞতা সম্পর্কে বলেন, মিনিয়েচার চিত্রকলা হারিয়ে যেতে বসেছে, তাই তিনি এই চিত্রমাধ্যমে কাজ করতে চান যেন এটি বিলুপ্ত না হয়।
নাহিদা চুপচাপ ছিলেন প্রথম থেকেই। তাঁর দিকে চোখ ফেরাতেই মিষ্টি করে হাসলেন একগাল। জানালেন, পুরোনো কোনো স্মৃতিকে রংতুলির আঁচড়ে ফুটিয়ে তুলতেই বেশি ভালো লাগে তাঁর। জানালেন, ফ্রিলান্স শিল্পী হিসেবেই কাজ করে যেতে চান। মায়ের অনুপ্রেরণায় এত দূর এসেছেন বলে জানালেন নাহিদা।
মুস্তাকিনা তারিন ছোটবেলায় তাঁর খালামণির সঙ্গে প্রায়ই চারুকলায় আসতেন, যিনি ছোটবেলায়ই তারিনের মনে শিল্পী হওয়ার স্বপ্নের বীজ বুনে দিয়েছেন। এর মাঝেই তানজিমা জানালেন তারিন নতুন কুঁড়িতে পুরস্কারপ্রাপ্ত অভিনয়শিল্পী। বরাবরই প্রকৃতিপ্রেমী মহসিন, তার কাজেও এর প্রমাণ পাওয়া গেল। একই সঙ্গে মহসিন একজন আলোকচিত্রও। আলোকচিত্রে তিনি তুলে ধরেন প্রকৃতির কথা। কলাভবনে অপরাজেয় বাংলার পেছনে যে টাইলস মুরালের ‘সংগ্রামী চেতনা’ নামের আড়াই শ ফুট যে শিল্পকর্মটি দেখা যায়, সেটিও মহসিন কবিরের তৈরি।
তানজিমা ও মুস্তাকিনা জানান, অনেকেই ভাবে অন্য কোনো মাধ্যম অপেক্ষা ওরিয়েন্টাল আর্ট তুলনামূলক সোজা। কিন্তু ব্যাপারটা মোটেও এমন না। ওরিয়েন্টাল আর্ট একটি স্বতন্ত্র শিল্প মাধ্যম। এতে আমাদের দেশীয় ঐতিহ্য জড়িয়ে আছে। ইস্কান্দার যোগ করলেন, প্রাচ্যকলার জন্য একটি স্টুডিও থাকলে শিল্পীদের কাজ করতে আরও সুবিধা হয়।