এক ভুবনের তিন বাসিন্দা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এইউডব্লিউর শিক্ষার্থী জ্যোতি রহমান, মাশিয়াত মোস্তফা ও আবিরামি সিভালগানানথান। ছবি: সৌরভ দাশ
এইউডব্লিউর শিক্ষার্থী জ্যোতি রহমান, মাশিয়াত মোস্তফা ও আবিরামি সিভালগানানথান। ছবি: সৌরভ দাশ

‘এখানে এসে দেখি ভিন্ন ভিন্ন দেশের মানুষ। সবকিছুই কেমন যেন অন্য রকম। প্রথম দিন ক্লাসে ঢুকে দেখি, একজন চীনা অধ্যাপক দাঁড়িয়ে আছেন। তখন আমি বুঝলাম, আমি একটি নতুন পরিবেশে ঢুকে পড়েছি।’ বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থী হিসেবে নিজের অনুভূতির কথা এভাবে তুলে ধরেন মাশিয়াত মোস্তফা। এশিয়ান ইউনিভার্সিটি ফর উমেনের (এইউডব্লিউ) আন্ডার গ্র্যাজুয়েট চতুর্থ বর্ষের শিক্ষার্থী।
খুব বেশি দিন লাগেনি। সপ্তাহ দুয়েকের মধ্যেই মাশিয়াত দেশি-বিদেশি সহপাঠীদের সঙ্গে বেশ ভাব জমিয়ে ফেলেন। হয়ে ওঠেন সবার প্রিয়জন। এত দিনে তিনি নিজেও আত্মবিশ্বাসী হয়ে ওঠেন। আর তা ঝালিয়ে নিতে তিনি সরাসরি নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় নামেন, স্টুডেন্ট গভর্নমেন্ট প্রেসিডেন্ট পদে। বিশ্ববিদ্যালয়ের ১৬টি দেশের ৫০০ শিক্ষার্থীর প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হন তিনি। জয়ী হন সাড়ে ৩০০ ভোট পেয়ে। নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন তাঁর সহপাঠী ভিয়েতনামের এক শিক্ষার্থী।
প্রেসিডেন্ট হিসেবে মাশিয়াত ইতিমধ্যে ছয় মাস পার করে দিয়েছেন। পড়াশোনার পাশাপাশি তাঁকে শিক্ষার্থীর চাওয়া-পাওয়া এবং অভাব-অভিযোগের খোঁজ রাখতে হয়। তাঁদের প্রতিনিধি হিসেবে সেসব বিষয় আবার কর্তৃপক্ষের নজরে আনার দায়িত্বও তাঁর।
মাশিয়াত চট্টগ্রামের প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুলে পড়ার সময়ে অধ্যক্ষের কক্ষে দেখতে পান এইউডব্লিউর একটি ম্যাগাজিন। এটি দেখেই আগ্রহী হয়ে ওঠেন এ প্রতিষ্ঠানের প্রতি।
মাশিয়াত ভালো বিতার্কিক। ভার্সিটি বিতর্ক দলের হয়ে নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকায় আন্তর্জাতিক বিতর্ক প্রতিযোগিতায় অংশ নিয়েছেন। আন্তবিশ্ববিদ্যালয় প্রতিযোগিতায় লড়েছেন আইইউবি ও বুয়েটে। ব্র্যাক ব্যাংক কেন্দ্রীয় কার্যালয়ে দুই মাস তথ্য ও যোগাযোগ প্রযুক্তি নিয়ে ইন্টার্নশিপ করেছেন। স্বপ্ন দেখেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সঙ্গে সম্পর্কিত কোনো উন্নয়ন কার্যক্রমে কাজ করার। তাঁর মতে, দেশে নারীর ক্ষমতায়ন এবং ব্যক্তিগত সমৃদ্ধির জন্য সাধারণ পড়াশোনোর পাশাপাশি তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রভাব অনেক বেশি। এতে আন্তর্জাতিক অঙ্গনে নিজেকে তুলে ধরার যথেষ্ট সুযোগ রয়েছে। আর এতে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার ইচ্ছে আছে তাঁর।
শ্রীলঙ্কার মেয়ে আবিরামি সিভালগানানথান। বাবা-মায়ের একমাত্র মেয়ে। উচ্চশিক্ষার ব্যাপারে দুজনেরই প্রচণ্ড আগ্রহ। প্রয়োজনে দেশের বাইরে পড়ানোর ব্যাপারেও তাই তাঁদের কোনো আপত্তি ছিল না। আবিরামি হাইস্কুলে পড়ার সময়ে এইউডব্লিউ সম্পর্কে জানতে পারেন। তা তাঁর মাকে জানান। এরপর সব খোঁজখবর নিয়ে এইউডব্লিউতে পড়ার বিষয়টি চূড়ান্ত হলো।
এইউডব্লিউ ক্যাম্পাসে এসে কিছুটা বিব্রত হয়ে পড়েন আবিরামি। বলেন, ‘নতুন সংস্কৃতি, নতুন ক্যাম্পাস, এশিয়ার বিভিন্ন দেশের বেশ কিছু নতুন মুখ। ভালো ইংরেজি জানি না। বাংলাও তো বলতে পারি না। ফলে ক্লাসে ঢুকে প্রথম প্রথম শুধু ‘ইয়েস’, ‘নো’ বলতাম।’
আবিরামি সেই জড়তা কাটিয়ে উঠেছেন অনেক আগেই। এখন আন্ডার গ্র্যাজুয়েট চতুর্থ বর্ষের ছাত্রী। ছোটবেলা থেকেই নাচে পারদর্শী। সেই চর্চাটা এখনো আছে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেন। মানবাধিকার বিষয় নিয়ে কাজ করছেন। বিভিন্ন আন্তর্জাতিক সেমিনারে অংশ নিয়েছেন। ইতিমধ্যে এ বিষয়ে দক্ষিণ আফ্রিকায় তাঁর কাজের বিষয়টিও প্রায় পাকাপাকি হয়ে গেছে। অপেক্ষা শুধু চূড়ান্ত পরীক্ষার জন্য।
এইউডব্লিউর আন্ডার গ্র্যাজুয়েট চতুর্থ বর্ষের শিক্ষার্থী জ্যোতি রহমান। পড়াশোনার বাইরেও বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পর্ক ছিল তাঁর স্কুল ও কলেজ জীবন থেকেই। অংশ নিয়েছেন প্রথম আলো ভাষা প্রতিযোগ, আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসবে। মূলত তাঁর এ বহুমুখী প্রতিভা বিকাশের জন্য উপযুক্ত মনে হয়েছে এইউডব্লিউকে। এ বিষয়ে তাঁর কলেজের শিক্ষকের পরামর্শও তাঁকে উৎসাহিত করে।
জ্যোতি বললেন, ‘এইউডব্লিউতে লিবারেট আর্টস এডুকেশনের সুযোগ থাকায় আমি বেশ উৎসাহ বোধ করি। কারণ, এখানে স্বাধীনভাবে পড়ার সুযোগ পাব। আমার ওপর কোনো বিষয় চাপিয়ে দেওয়া হবে না। তা ছাড়া এখানে কালচারাল ক্লাব, কমিউনিটি ক্লাবের মতো বিভিন্ন ক্লাবের কর্মকাণ্ডের কথা শুনে এখানে ভর্তি হতে উৎসাহিত হয়েছিলাম।’
জ্যোতি ক্যাম্পাসে স্কাই ওয়াচার ক্লাব, আইটি ক্লাবের সক্রিয় সদস্য ছিলেন। এখন বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপকের তত্ত্বাবধানে তরুণদের ক্ষমতায়ন নিয়ে কাজ করছেন। ইতিমধ্যে এ বিষয়ে বেশ কয়েকটি আন্তর্জাতিক কর্মশালা ও সম্মেলনে অংশ নিয়েছেন। ছয় সপ্তাহ ভারতের একটি বিদ্যালয়ে গণিত ও ইংরেজি বিষয়ে সৃজনশীল পাঠদানের ওপর ইন্টার্নশিপ করেছেন। জাপানে ‘লিডারশিপ, গ্লোবাল স্টাডিজ ও শান্তি’ শীর্ষক এক মাসের একটি কর্মশালায় অংশ নেন। আর এসব কাজের মধ্য দিয়ে তাঁর চিন্তার জগতে আমূল পরিবর্তন ঘটে।
জ্যোতি ভবিষ্যতে দেশের প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও যুব উন্নয়ন কার্যক্রমে অবদান রাখতে চান।