এক মাসে সাড়ে সাত কোটি যন্ত্রে উইন্ডোজ ১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাড়ছে উইন্ডোজ ১০ এর ব্যবহার
বাড়ছে উইন্ডোজ ১০ এর ব্যবহার

এক মাসেই মাইক্রোসফটের নতুন অপারেটিং সিস্টেম উইন্ডোজ ১০ সাত কোটি ৫০ লাখ যন্ত্রে ব্যবহার করা হচ্ছে। ২৬ আগস্ট মাইক্রোসফটের উইন্ডোজ এবং ডিভাইস গ্রুপের করপোরেট ভাইস প্রেসিডেন্ট ইউসুফ মেহেদীর দেওয়া এক টুইটার বার্তায় এ তথ্য জানা গেছে। যত দ্রুত সম্ভব ১০০ কোটি যন্ত্রে উইন্ডোজ ১০ ইনস্টলের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে প্রতিষ্ঠানটি। গত জুলাই মাসে চালু হওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই ১ কোটি ৪০ লাখ ব্যবহারকারী নিজের যন্ত্রে উইন্ডোজ ১০ ইনস্টল করেছিল! যাঁরা আগে থেকেই উইন্ডোজ ৭ এবং উইন্ডোজ ৮ ব্যবহার করতেন, তাঁরা চাইলেই বিনা মূল্যে উইন্ডোজ ১০ সংস্করণটি হালনাগাদের সুবিধা পেয়েছেন।
নতুন উইন্ডোজে নানা ধরনের নতুন সুবিধা যুক্ত করেছে মাইক্রোসফট। বিভিন্ন যন্ত্রে নতুন এই সংস্করণটির ব্যবহার বাড়ানোর পাশাপাশি মাইক্রোসফটের জনপ্রিয় সফটওয়্যার অফিস এবং ডিজিটাল সহকারী কর্টানা যেন অন্য অপারেটিং সিস্টেমেও ব্যবহার করা যায়, সে উদ্যোগও নেওয়া হয়েছে। পিসি, স্মার্টফোন, ট্যাবলেটসহ সব ধরনের যন্ত্রে একই সংস্করণের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে এমন উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানিয়েছে মাইক্রোসফট কর্তৃপক্ষ। এর আগের অপারেটিং সিস্টেমগুলোতে যা অ্যাপ ব্যবহার করা যেত, নতুন সংস্করণে তার চেয়ে ছয় গুণ বেশি অ্যাপ ব্যবহারের সুযোগও বেড়েছে।
ম্যাশেবল