এক মোবাইল ফোনে চার সংযোগ
ভারতের বাজারে আসছে এমন একটি মোবাইল ফোন, যেটিতে চারটি সংযোগ অর্থাৎ চারটি সিমকার্ড ব্যবহার করা যাবে। এছাড়াও আসছে ত্রিমাত্রিক ছবি দেখার সুবিধাসহ আরেকটি মোবাইল ফোন। কলকাতার একটি মোবাইল প্রস্তুতকারী প্রতিষ্ঠান আসন্ন পুজোর আগেই এই দুটি মোবাইল সেট বাজারে ছাড়ার উদ্যোগ নিয়েছে। এর আগে এই প্রতিষ্ঠানই তিন সংযোগ ব্যবহারের সুবিধাসহ মোবাইল ফোন প্রথম ভারতের বাজারে আনে। মোবাইলের মূল্য হবে তিন হাজার রুপির মধ্যে। এতে থাকবে ৮ সিগাবাইট পর্যন্ত মেমোরি। ব্যাটারি চলবে টানা ১৫ ঘণ্টা। প্রতিষ্ঠানটির কর্ণধার বিজয় আগরওয়াল বলেছেন, তাঁরাই ভারতের বাজারে তিন সংযোগের পর চার সংযোগের মোবাইল সেট বাজারে আনতে চলেছেন। একই সঙ্গে তাঁরা প্রথম ত্রিমাত্রিক ছবি দেখার মোবাইল সেট বাজারে ছাড়ছেন। তিনি বলেন, চার সিমের মোবাইলের প্রতিটি সিম হবে জিএসএম প্রযুক্তির। এতে দুটি প্রসেসর থাকবে। চারটির মধ্যে একসঙ্গে দুটি সংযোগ ব্যবহার করা যাবে। —অমর সাহা, কলকাতা