এক যন্ত্রেই লেনদেন

প্রতিদিনের জীবনযাপনেই এখন প্রযুক্তির ব্যবহার। মুঠোফোনের মাধ্যমে টাকা লেনদেন, বিদ্যুৎ বা পানির বিল দেওয়া, বাস-ট্রেন বা বিমানের টিকিট কাটা—সব অনেক সহজ প্রযুক্তির জন্যই। তবে এত সব সুবিধার জন্য ছুটতে হচ্ছে এক দোকান থেকে আরেক দোকানে। এবার সেই ঝামেলাও চুকে যাচ্ছে। সফটওয়্যার প্রতিষ্ঠান ক্লাউডওয়েল লিমিটেড এনেছে নতুন যন্ত্র ‘পে-ওয়েল’। সব ধরনের সুবিধা মিলবে এক যন্ত্রেই। স্বল্প পুঁজির ব্যবসায়ীরাও একটা পে-ওয়েল যন্ত্র দোকানে রেখে সহজেই আয় বাড়াতে পারেন।
ক্লাউডওয়েল লিমিটেডের চেয়ারম্যান আনিসুল ইসলাম বলেন, ‘আমরা চেয়েছি এমন একটি যন্ত্র বানাতে, যাতে গ্রাহক ঝামেলা ও সময় বাঁচিয়ে নিজের কাজগুলো সহজেই সেরে ফেলতে পারেন। পে-ওয়েল এরই মধ্যে ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, লক্ষ্মীপুর, নরসিংদী ও রংপুর শহরের ৭৫০টি জায়গায় সেবা দিচ্ছে।’
যেভাবে কাজ করে
পে-ওয়েল যন্ত্রটি নিজস্ব একটি সফটওয়্যারের মাধ্যমে পরিচালিত হয়। যেখানে একটি ছোট্ট যন্ত্র (পিওএস), কম্পিউটার বা একটা ট্যাবলেটের মধ্যে ইন্টারনেট সংযোগসহ একটি সিম কার্ড বসানো থাকে। এরপর গ্রাহকের চাহিদামতো দোকানি বোতাম টিপে নির্ধারিত সেবা দেয়। এখানে দোকানির সিম কার্ডে টাকা শেষ হয়ে গেলে তিনি নির্ধারিত এজেন্টের সাহায্যে আবার টাকা ভরে নিতে পারবেন।
যেসব সুবিধা মিলবে
পে-ওয়েল বিভিন্ন ধরনের প্রতিষ্ঠানকে তাদের সঙ্গে যুক্ত করছে নিয়মিত। বর্তমানে এর মাধ্যমে গ্রামীণফোন, রবি, বাংলালিংক, টেলিটক, এয়ারটেল মোবাইল সংযোগে টাকা রিচার্জ ও বিল পরিশোধ করা যাচ্ছে। দেওয়া যাচ্ছে পল্লী বিদ্যুৎ ও কিউবি ইন্টারনেটের বিল। বাসের টিকিট কাটার সেবা চালু হচ্ছে চলতি মাসে।
এ ছাড়া খুব দ্রুত রেল, পিডিবি, ওয়াসা ও বিভিন্ন দোকানের বিল পরিশোধের সুবিধা যুক্ত হবে বলে জানা গেল।
এ যন্ত্রের ব্যাপারে যোগাযোগ: www.cloudwell.com