এক রাতে দেশে চার ঘণ্টা বন্ধ ইন্টারনেট থাকবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

থাইল্যান্ড ও মালয়েশিয়া অংশে দুটি রিপিটার (এক ধরণের সংকেত বিবর্ধক) প্রতিস্থাপনের কাজের জন্য ১৭ অক্টোবরের পর কোনো এক রাতে চার ঘণ্টার জন্য সমুদ্র তলদেশেথাকা সি-মি-উই-৪ ফাইবার অপটিক কেব্ল নেটওয়ার্ক সম্পূর্ণ বন্ধ থাকবে।ফলে ওই দিন রাত একটা থেকে পরবর্তী চার ঘণ্টা বাংলাদেশসহ সি-মি-উই-৪ কনসোর্টিয়ামের সদস্য দেশগুলোতে ইন্টারনেট সংযোগ থাকবে না। তবে বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেড (বিটিসিএল) ও অন্যান্য বেসরকারি ইন্টারনেট সংযোগদাতা প্রতিষ্ঠানের জন্য বিকল্প ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিটিসিএলের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক আবছার আলম। গতকাল সোমবার রাজধানীর ইস্কাটনে বিটিসিএলের প্রধান কার্যালয়ে বাংলাদেশ সাবমেরিন কোম্পানি লিমিটেড (বিএসসিএল) আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান।আবছার আলম বলেন, আগামী নভেম্বরের মধ্যেই ভারতের সঙ্গে বাংলাদেশের টেরিসট্রিয়াল সংযোগ (লিংক) স্থাপিত হতে যাচ্ছে। ফলে ভারতের সঙ্গে বাংলাদেশের টেলিযোগাযোগের খরচ অনেকাংশে কমে আসবে। একই সঙ্গে এই সংযোগ বাংলাদেশের টেলিযোগাযোগের ব্যাকআপ হিসেবে কাজ করবে।বিএসসিএলের ব্যবস্থাপনা পরিচালক মনোয়ার হোসেন বলেন, সাবমেরিন কেব্ল নেটওয়ার্ক মেরামতের সময় যাতে বাংলাদেশের টেলিযোগাযোগে সামান্যতম ক্ষতি না হয়, সে জন্য সরকার সব ধরনের বিকল্প ব্যবস্থা তৈরি করছে। এ সময় ইন্টারনেট বা ফোন কলের ব্যান্ডউইডথের কোনো সমস্যা হবে না বলে তিনি আশা করেন।প্রসঙ্গত, থাইল্যান্ড ও মালয়েশিয়ার কাছে গভীর সমুদ্রে সাবমেরিন কেব্ল মেরামত করা হবে। তাতে করে পশ্চিমা বিশ্বের সঙ্গে সব ধরনের টেলিযোগাযোগ এক রকম বিচ্ছিন্ন হতে পারে। তাই কয়েক দিন আগেই সি-মি-উই-৪ কনসোর্টিয়াম বাংলাদেশকে বিকল্প যোগাযোগ ব্যবস্থা তৈরি রাখতে জানিয়েছে। কারণ মেরামত চলাকালে সাবমেরিন কেবেলর পূর্ব দিকের দেশ থাইল্যান্ড, মালয়েশিয়া ও সিঙ্গাপুরের ইন্টারনেট যোগাযোগব্যবস্থা বাধাগ্রস্ত হবে। আর বাংলাদেশের আটটি এসটিএম ওয়ানের (সিনক্রোনাস ট্রান্সপোর্ট মডিউল লেভেল-১) সংযোগ যুক্ত রয়েছে সিঙ্গাপুরের সঙ্গে। পরবর্তী সময়ে সাবমেরিন কেব্ল কাটা পড়া বা অন্য কোনো সমস্যা মোকাবিলার জন্য একটি ক্রাইসিস ম্যানেজমেন্ট টিম গঠন করা হবে সংবাদ সম্মেলনে জানানো হয়।—অনিকা ফারজানা