এক সকালেই বিল গেটসকে হারিয়ে শীর্ষ ধনী তিনি

এক রাতেই তাঁর সম্পদের পরিমাণ বাড়ল প্রায় সাত বিলিয়ন ডলার! সাত বিলিয়ন কত টাকা? ভালো প্রশ্ন, গুগল না করে উত্তর দেওয়া কঠিন। আর সেই গুগল জানাচ্ছে, ৫৮ হাজার ২০৫ কোটি টাকা ‘মাত্র’। আর তাতেই বিল গেটসকে টপকে এই মুহূর্তে বিশ্বের সেরা ধনী হয়ে গেলেন আমাজনের প্রধান নির্বাহী জেফ বেজস।
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারের ঊর্ধ্বমুখী প্রবণতার কারণে এই অদলবদল হয়েছে। আজ নিউইয়র্ক সময় সকাল সোয়া ১০টায় (বাংলাদেশ সময় রাত সোয়া আটটায়) আমাজনের শেয়ার ৭ শতাংশ বেড়ে যায়। আর তাতে সাত বিলিয়ন ডলারের কাছাকাছি সম্পদ বেড়েছে বেজসের। আগের রাতে বেজসের মোট সম্পদের পরিমাণ ছিল ৮৯ দশমিক ৭ বিলিয়ন ডলার। গেটসের সম্পদ ছিল ৯০ দশমিক ১ বিলিয়ন। কিন্তু শুক্রবার সকালে শেয়ারমূল্য পরিবর্তন হওয়ার পর বেজসের সম্পদের পরিমাণ দাঁড়ায় ৯০ দশমিক ৬ বিলিয়ন, গেটসের ৯০ দশমিক ১ বিলিয়ন ডলার।
তাতেই দ্বিতীয়বারের মতো গেটসকে টপকে শীর্ষ ধনী হয়ে যান বেজস। গত জুলাইয়েও একবার গেটসকে টপকে গিয়েছিলেন। কিন্তু মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা আবার নিজের আসন ফিরে পান। আজকের এই মুকুট বদল কত সময়ের জন্য স্থায়ী হয়, সেটিই দেখার। কারণ, মাইক্রোসফটের শেয়ারেও তেজিভাব দেখা যাচ্ছে। তবে বেজসের জন্য সুখবর, বছরের তৃতীয় প্রান্তিকেও আমাজন বেশ ভালো লাভ করেছে এই খবর প্রকাশিত হওয়ার পর থেকে প্রতিষ্ঠানটির শেয়ারের দাম বেশ লক্ষণীয় গতিতে বাড়ছে।
৯০ বিলিয়ন ডলার সম্পদের মানে হলো, বাংলাদেশি মুদ্রায় ৭ লাখ ৪৮ হাজার ৩৫০ কোটি টাকা। সূত্র: ফোর্বস।