এক সপ্তাহে ৩০ লাখ আইপ্যাড বিক্রি
বাজারে আসার প্রথম সপ্তাহেই ৩০ লাখ ইউনিট আইপ্যাড বিক্রি হয়েছে বলে জানিয়েছে অ্যাপল। প্রতিষ্ঠানটির বরাতে ব্লুমবার্গ এক খবরে জানিয়েছে, বাজারে আসার প্রথম সপ্তাহে অ্যাপলের তৈরি কোনো পণ্য বিক্রি হওয়ার ক্ষেত্রে এটা একটা রেকর্ড। অ্যাপলের তৈরি প্রথম আইপ্যাড বাজারে এসেছিল ২০১০ সালে। এ বছর ৭ মার্চ হাই-ডেফিনেশন স্ক্রিন ও দ্রুতগতির প্রসেসরযুক্ত নতুন আইপ্যাডের ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। এ পণ্যটির জন্য নির্দিষ্ট কোনো নাম রাখেনি প্রতিষ্ঠানটি। একে ‘নিউ আইপ্যাড’ বলে অ্যাপলের ওয়েবসাইটে উল্লেখ করা হয়েছে।অ্যাপল জানিয়েছে, এখন পর্যন্ত তাদের আয়ের দ্বিতীয় উত্স হচ্ছে আইপ্যাড। অ্যাপল সবচেয়ে বেশি আয় করে আইফোন বিক্রি থেকে। ২০১১ সালের অক্টোবর থেকে ডিসেম্বর মাসের ৩১ তারিখ পর্যন্ত তিন মাস সময়ে অ্যাপল এক কোটি ৫৪ লাখ ইউনিট আইপ্যাড বিক্রি করেছিল।প্রথম সপ্তাহেই আইপ্যাড বিক্রিতে রেকর্ড গড়া প্রসঙ্গে অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুক জানিয়েছেন, তাঁর ধারণা আইপ্যাডের মত ট্যাবলেট কম্পিউটার বিক্রির হার ডেস্কটপ কম্পিউটার বিক্রিকে ছাড়িয়ে যাবে। অ্যাপলের নতুন আইপ্যাড যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, কানাডা, ফ্রান্স, জার্মানি, জাপান, পুয়ের্তো রিকো, সিঙ্গাপুর, সুইজারল্যান্ড, যুক্তরাজ্য, যুক্তরাজ্যের ভার্জিন আইল্যান্ড ও হংকংয়ে বিক্রি হয়েছে। জানা গেছে, এ অঞ্চলগুলো ছাড়াও এ বছরের ২৩ মার্চ থেকে আরও ২৪টি দেশে আইপ্যাড বিক্রি শুরু করবে অ্যাপল।আইপ্যাড বিক্রি থেকে অ্যাপলের বিশাল আয় অ্যাপলের বাজার মূলধনকে ৬০০ বিলিয়ন ডলারেরও ওপরে নিয়ে গেছে। অ্যাপলের কর্মকর্তাদের পাশাপাশি শেয়ারহোল্ডারদের জন্যও আনন্দ বয়ে এনেছে এ খবর। অ্যাপল সিইও টিম কুক ১৯ মার্চ এক অনুষ্ঠানের মাধ্যমে শেয়ারহোল্ডারদের জন্য ডিভিডেন্ট ঘোষণা করেছেন।