এক সপ্তাহে ৩০ লাখ নিউ আইপ্যাড বিক্রি!
বিশ্বখ্যাত প্রযুক্তিনির্মাতা প্রতিষ্ঠান অ্যাপলের অতিসম্প্রতি বাজারে আসা নিউ আইপ্যাড এক সপ্তাহে ৩০ লাখ কপি বিক্রি করেছে! এর পাশাপাশি অ্যাপল বিশ্বের সবচেয়ে প্রশংসিত প্রতিষ্ঠান হিসেবেও স্বীকৃতি পেয়েছে। গুগল, অ্যামাজন, আইবিএমসহ বিভিন্ন প্রতিষ্ঠানকে পেছনে ফেলে এমন সুনামের পাশাপাশি বিক্রির এমন রেকর্ড চমক জাগিয়েছে সারা বিশ্বে। অ্যাপলের সাবেক প্রধান নির্বাহী ও সহ-প্রতিষ্ঠাতা স্টিভ জবসের হাত ধরে দারুণ সব পণ্য বাজারে এনে জনপ্রিয়তার শীর্ষে জায়গা করে নেয় প্রতিষ্ঠানটি। সম্প্রতি বাজারে আসা সাড়া-জাগানো নতুন এক চমক ছিল ‘নিউ আইপ্যাড’। আগের যেকোনো আইপ্যাডের চেয়ে নিউ আইপ্যাডে রয়েছে দারুণ সব সুবিধা। দ্রুতগতির প্রসেসর, হাই ডেফিনেশন পর্দা আর দারুণ সব সুবিধা এগিয়ে রাখছে নিউ আইপ্যাডকে।২০১০ সালে প্রথমবারের মতো বাজারে আসে আইপ্যাড। অ্যাপল জানিয়েছে, আইফোনের পর এটিই প্রতিষ্ঠানটির দ্বিতীয় বৃহত্তম রাজস্বের উৎস। আইপ্যাড, আইপ্যাড-২ এবং সর্বশেষ নিউ আইপ্যাড বিষয়ে অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুক আগে জানিয়েছিলেন, পিসির চেয়ে আইপ্যাড এবং ট্যাবের বিক্রি বেড়ে যাবে অনেক গুণ।গত বছরের ডিসেম্বর পর্যন্ত অ্যাপলের বড় রেকর্ড ছিল এক কোটি ৫৪ লাখ আইপ্যাড বিক্রি করা, যাতে এবার যুক্ত হলো এক সপ্তাহে ৩০ লাখ আইপ্যাড বিক্রির রেকর্ড। প্রাথমিকভাবে নিউ আইপ্যাড যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, ফ্রান্স, কানাডা, জার্মানি, জাপান, সুইজারল্যান্ডসহ বেশ কিছু দেশে পাওয়া যাচ্ছে। ২৩ মার্চ থেকে আরও ২৪টি দেশে নিউ আইপ্যাড পাওয়া যাবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। —টাইমস অব ইন্ডিয়া